Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশ মূল্যস্ফীতি: একই পরিস্থিতিতে অন্যান্য দেশ কী করেছে, যা আমরা পারছি না
    অর্থনীতি

    অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশ মূল্যস্ফীতি: একই পরিস্থিতিতে অন্যান্য দেশ কী করেছে, যা আমরা পারছি না

    রাকিবুল ইসলামUpdated:নভেম্বর 22, 2026নভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি হিসাব অনুযায়ী অক্টোবরে দেশে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশ। আগের তুলনায় হার কিছুটা কমলেও সাধারণ মানুষের সংসার খরচে স্বস্তি ফেরেনি। গত বছরের অক্টোবরে যে পণ্য কিনতে ১০০ টাকা লাগত, এখন সেটি কিনতে খরচ হচ্ছে প্রায় ১০৮ টাকা ২৭ পয়সা। খাদ্যপণ্যের ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফিরেছে। খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে ৬.৪০ শতাংশে, যা গত ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন। কিন্তু পরিবহন, চিকিৎসা ও শিক্ষার মতো খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৯ শতাংশে, যা ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ। এদিকে মজুরি বাড়ছে মাত্র ৭.৬৩ শতাংশ হারে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে টানা ৫৭ মাস ধরে পণ্যমূল্য বৃদ্ধির হার মজুরি বৃদ্ধির চেয়ে বেশি। ফলে মানুষের আয় বাড়লেও সেই আয় দিয়ে আগের মতো সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। প্রশ্ন তাই শুধু দাম কেন বাড়ছে, তা নয়। আমাদের মতো, এমনকি আমাদের চেয়েও কঠিন পরিস্থিতিতে পড়া কিছু দেশ যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফিরতে পেরেছে, তখন আমরা কেন পারছি না, সেটিই এখন বড় প্রশ্ন।

    চাঁদাবাজির খরচও শেষ পর্যন্ত পণ্যের দামে যুক্ত হয় 

    বাংলাদেশের মূল্যস্ফীতির চাপ বাড়তে শুরু করে ২০২২ সালের ডলার সংকটের সময়। সংকটের আগে প্রতি ডলারের দাম ছিল প্রায় ৮৪ টাকা। এখন তা ১২৪ টাকার ঘরে। বিষয়টি সহজ করে বলা যায়, যে পণ্য আমদানি করতে আগে ১০০ ডলারের জন্য প্রায় ৮ হাজার ৪০০ টাকা খরচ হতো, এখন একই পণ্যের জন্য দিতে হচ্ছে প্রায় ১২ হাজার ৪০০ টাকা। এই বাড়তি খরচ শুধু আমদানিকারকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। জ্বালানি, ভোজ্যতেল, সার ও গমের মতো পণ্যের আমদানি ব্যয় বাড়লে তার প্রভাব পড়ে উৎপাদন ও পরিবহন খরচে। শেষ পর্যন্ত সেই বাড়তি খরচ গিয়ে পড়ে সাধারণ ক্রেতার ওপর। ২০২২ সালের আগস্টে দেশের মূল্যস্ফীতি ছিল ৭.৫৬ শতাংশ। পরের মাসেই তা বেড়ে দাঁড়ায় ৯.৫২ শতাংশে।

    এরপর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর পথে হাঁটে বাংলাদেশ ব্যাংক। রেপো রেট, অর্থাৎ যে সুদে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, ২০২২ সালের সেপ্টেম্বরে ছিল ৫.৫ শতাংশ। ২০২৪ সালের অক্টোবরে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। এর প্রভাবে ব্যাংকঋণের সুদ কোথাও কোথাও ১৬ শতাংশে পৌঁছেছে। কিন্তু এত কিছুর পরও ২০২৪ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়ে ১১.৬৬ শতাংশে ওঠে, যা ছিল তখনকার রেকর্ড। সে সময় রাজনৈতিক অস্থিরতায় সরবরাহব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল ১৪.১০ শতাংশে। এর মধ্যে সরকার বদলেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও পরিবর্তন হয়েছে, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি। ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সাড়ে ৬ শতাংশ। অথচ বছর শেষে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি ছিল।

    বর্তমান সংকটের বড় অংশই সরবরাহ সংক্রান্ত।

    গ্যাসের অভাবে কারখানা পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না,

    পণ্য একাধিক মধ্যস্বত্বভোগীর হাত ঘুরে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে।

    তাহলে সুদের হার এত বাড়ানোর পরও দাম কমছে না কেন? বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনাতেও সরবরাহের বাধা ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকে মূল্যস্ফীতির বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডিও একই ধরনের সমস্যার কথা বলছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সুদের হার বেশি হওয়ায় ঋণের চাহিদা দুর্বল হয়ে পড়েছে। অর্থাৎ বাজারে অতিরিক্ত টাকা ছড়িয়ে পড়ার কারণে শুধু দাম বাড়ছে, এমন পরিস্থিতি নেই। সাবেক বিশ্বব্যাংক অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, বর্তমান সংকটের বড় অংশই সরবরাহ সংক্রান্ত। গ্যাসের অভাবে কারখানা পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না, পণ্য একাধিক মধ্যস্বত্বভোগীর হাত ঘুরে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে এবং পথে বাড়ছে খরচ। এর সঙ্গে চাঁদাবাজির মতো অতিরিক্ত খরচও শেষ পর্যন্ত পণ্যের দামে যুক্ত হচ্ছে।

    এর ওপর চলতি বছর মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালির সংকট পরিস্থিতিকে আরও কঠিন করেছে। বাংলাদেশের জ্বালানির প্রায় ৯৫ শতাংশ আমদানি করতে হয়। কাতার থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে কেনা এলএনজির দাম জানুয়ারির প্রায় ১০ ডলার থেকে বেড়ে ২০ ডলারের ওপরে উঠেছে। মার্চে আমদানি খরচ বিবেচনায় ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ১৯৮ টাকা পড়ছিল, অথচ বিক্রি হচ্ছিল ১০০ টাকায়। এই ব্যবধান সরকারকে ভর্তুকি দিয়ে মেটাতে হয়। কিন্তু দীর্ঘদিন এমন ভর্তুকি চালিয়ে যাওয়াও কঠিন। শেষ পর্যন্ত সেই চাপ সামলাতে জ্বালানির দাম বাড়ানোর প্রয়োজন হয়। জুনের আগের ছয় সপ্তাহে জ্বালানির দাম দুই দফা বেড়েছে। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। কিছু অর্থনীতিবিদ সরকারি মূল্যস্ফীতির পরিসংখ্যানের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সরকারি হিসাব ধরেও মূল্যস্ফীতির দীর্ঘস্থায়ী চাপের চিত্র বদলায় না।

    কঠোর মুদ্রানীতির ইতিবাচক ফলও রয়েছে

    অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের বিখ্যাত বক্তব্য, মূল্যস্ফীতি সব সময় এবং সব জায়গায় একটি মুদ্রাগত ঘটনা। সহজভাবে বললে, বাজারে টাকার সরবরাহ পণ্যের তুলনায় বেশি বেড়ে গেলে চাহিদা বাড়ে, আর সেই বাড়তি চাহিদা পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। এ পরিস্থিতিতে সুদের হার বাড়িয়ে ঋণ নেওয়া ও খরচ করার প্রবণতা কমানো হয়। এতে বাজারে টাকার প্রবাহ কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং মূল্যস্ফীতি কমানোর সুযোগ তৈরি হয়। কিন্তু সমস্যা দেখা দেয় তখন, যখন মূল্যস্ফীতির মূল কারণ অর্থের অতিরিক্ত সরবরাহ নয়, বরং পণ্যের ঘাটতি ও উৎপাদন খরচ। সুদের হার বাড়িয়ে গ্যাসের সরবরাহ বাড়ানো যায় না, জাহাজের ভাড়া কমানো যায় না, এমনকি বাজারের মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণও করা যায় না। জ্বরের ওষুধ যেমন শরীরের সব সংক্রমণ সারাতে পারে না, তেমনি সুদের হার বাড়ানো দিয়েও মূল্যস্ফীতির সব কারণ দূর করা সম্ভব নয়।

    মুদ্রানীতির বেশির ভাগ লক্ষ্য অর্জিত হলেও

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হওয়া যায়নি;

    এর অন্যতম কারণ ছিল বাজার ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয়ের ঘাটতি।

    এ প্রসঙ্গে ডাচ অর্থনীতিবিদ ইয়ান টিনবারগেনের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে। তাঁর মতে, অর্থনীতিতে যতগুলো আলাদা লক্ষ্য থাকে, সেগুলো অর্জনের জন্য অন্তত ততগুলো কার্যকর নীতিগত হাতিয়ার প্রয়োজন। অর্থাৎ মূল্যস্ফীতি কমানো, টাকার বিনিময়মূল্য স্থিতিশীল রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, এই তিনটি কাজ শুধু সুদের হার দিয়ে করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নরও নির্বাচনের আগে প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তাঁর ভাষায়, মুদ্রানীতির বেশির ভাগ লক্ষ্য অর্জিত হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হওয়া যায়নি। এর অন্যতম কারণ ছিল বাজার ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয়ের ঘাটতি।

    তবে কঠোর মুদ্রানীতির ইতিবাচক ফলও রয়েছে। ২০২৪ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫.৬ বিলিয়ন ডলার। ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে ৩৩.২ বিলিয়ন ডলারে দাঁড়ায়। একই সময়ে টাকার বিনিময়মূল্যও তুলনামূলক স্থিতিশীল হয়েছে। চলতি বছরের আগস্টে প্রায় দুই বছর পর রেপো রেট কমিয়ে ৯.৫ শতাংশ করা হয়। তবে এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন হতে পারে বলে সতর্ক করেছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ আশিকুর রহমান। ফলে সুদের হার বাড়ানো বা কমানোর মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি।

    সংকটে পড়েও যারা ঘুরে দাঁড়াল: শ্রীলঙ্কা, পাকিস্তান ও মিসর

    শ্রীলঙ্কার অভিজ্ঞতা সবচেয়ে নাটকীয়। দেশটি দীর্ঘদিন ডলারের বিনিময়মূল্য কৃত্রিমভাবে ২০০ রুপির আশপাশে ধরে রেখেছিল। কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শেষ হয়ে গেলে ২০২২ সালের মার্চে মুদ্রার বিনিময়মূল্য বাজারের ওপর ছেড়ে দিতে বাধ্য হয়। কয়েক সপ্তাহের মধ্যে শ্রীলঙ্কার রুপির মান প্রায় ৪৬ শতাংশ কমে যায়। একই বছরের সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৬৯.৮ শতাংশে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক একবারে নীতি সুদের হার ৭ শতাংশ পয়েন্ট বাড়ায়, যা দেশটির ইতিহাসে এক দিনে সবচেয়ে বড় বৃদ্ধি।

    তবে শ্রীলঙ্কা শুধু সুদের হার বাড়িয়েই থেমে থাকেনি। জ্বালানির আমদানি খরচের সঙ্গে মিল রেখে নিয়মিত দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করেছিলো। বিদ্যুতের দামও একইভাবে সমন্বয় করা হয়। অপ্রয়োজনীয় আমদানিতে নিয়ন্ত্রণ আনা হয়, রাজস্ব আয় বাড়িয়ে সরকারি ঘাটতি কমানোর চেষ্টা করা হয়। পাশাপাশি ২০২৩ সালে নতুন আইন করে সরকারি ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে টাকা ছাপানোর পথ বন্ধ করা হয়। এসব পদক্ষেপের পর মূল্যস্ফীতি দ্রুত কমতে শুরু করে। ২০২৩ সালের আগস্টের মধ্যেই তা ৫ শতাংশের নিচে নেমে আসে। বিশ্বব্যাংকের হিসাবে ওই বছরের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ৪ শতাংশ। এই সাফল্যের মূল্যায়ন শুধু বিশ্বব্যাংকের নয়, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকও একই ধরনের তথ্য প্রকাশ করেছে।

    শ্রীলঙ্কা শুধু সুদের হার বাড়িয়েই থেমে থাকেনি;

    জ্বালানির আমদানি খরচের সঙ্গে মিল রেখে

    নিয়মিত দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করেছিলো।

    পাকিস্তানের পরিস্থিতিও একসময় ভয়াবহ হয়ে উঠেছিল। ২০২৩ সালের মে মাসে দেশটির মূল্যস্ফীতি ৩৮ শতাংশে পৌঁছায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই কমে গিয়েছিল যে তা দিয়ে এক মাসেরও কম সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব ছিল। পরিস্থিতি সামাল দিতে সুদের হার বাড়িয়ে ২২ শতাংশ করা হয়। একই সঙ্গে ঋণপত্র বা এলসির মাধ্যমে আমদানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়, ভর্তুকি কমানো হয় এবং জ্বালানির দাম বাড়ানো হয়। আইএমএফের কর্মসূচির আওতায় পাকিস্তানের মুদ্রার বিনিময়মূল্যও বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়। এসব পদক্ষেপের পর ২০২৪ সালের শেষ দিকে মূল্যস্ফীতি এক অঙ্কে নেমে আসে। ২০২৫ সালের এপ্রিলে তা প্রায় শূন্যে পৌঁছায়, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। তবে এই সাফল্যের জন্য বড় মূল্যও দিতে হয়েছে। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৩ অর্থবছরে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছিল। দারিদ্র্যের হারও ৫ শতাংশ পয়েন্টের বেশি বেড়ে প্রায় ৩৯ শতাংশে পৌঁছায়। এরপর চলতি বছর জ্বালানির নতুন ধাক্কায় মূল্যস্ফীতি আবার বাড়তে শুরু করে। অক্টোবরে তা ৯.৬ শতাংশে পৌঁছায় এবং সুদের হারও নতুন করে বাড়াতে হয়।

    মিসরেও পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি ৩৮ শতাংশে পৌঁছায়। ডলারের সংকটের কারণে সরকারি বিনিময়মূল্যের পাশাপাশি গড়ে ওঠে আলাদা একটি বাজার। ২০২৪ সালের মার্চে দেশটি একসঙ্গে তিনটি বড় সিদ্ধান্ত নেয়। সুদের হার ৬ শতাংশ পয়েন্ট বাড়ানো হয়, মিসরীয় পাউন্ডের বিনিময়মূল্য বাজারের ওপর ছেড়ে দেওয়া হয় এবং আইএমএফের কাছ থেকে বড় আর্থিক সহায়তা প্যাকেজ পাওয়া যায়। এর ফলে পাউন্ডের মান প্রায় ৪০ শতাংশ কমে গেলেও সরকারি ও সমান্তরাল বাজারের মধ্যে বিনিময়মূল্যের বড় ব্যবধান দূর হয়। ২০২৬ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি নেমে আসে ১১.৯ শতাংশে। এর আগেই ২০২৫ সালে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে শুরু করেছিল। তবে এই পথও সহজ ছিল না। জ্বালানি ও রুটির ওপর ভর্তুকি কমানোর কারণে ২০২৪ সালের আগস্টে মূল্যস্ফীতি আবার বেড়েছিল। চলতি বছর যুদ্ধের প্রভাবে জ্বালানির খরচ বাড়ায় এপ্রিল মাসে তা আবার ১৪.৯ শতাংশে পৌঁছায়।

    ভারত ও ফিলিপাইনের শিক্ষা: আগেভাগে প্রস্তুতি ও নিয়মের গুরুত্ব

    ভারত বাংলাদেশের মতো ডলার সংকটে পড়েনি। তবে ২০২২ ও ২০২৩ সালে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম এবং প্রতিকূল আবহাওয়া দেশটির মূল্যস্ফীতিতে চাপ তৈরি করেছিল। ভারতীয় রিজার্ভ ব্যাংক ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে রেপো রেট আড়াই শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৬.৫ শতাংশে নেয়। তবে দেশটির নীতিনির্ধারকেরা বুঝেছিলেন, শুধু সুদের হার বাড়িয়ে খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা যাবে না। তাই মুদ্রানীতির পাশাপাশি নেওয়া হয় বেশ কিছু সরাসরি বাজারমুখী পদক্ষেপ। সরকারি গুদামে থাকা গম ও চাল বাজারে ছাড়া হয়, ডালের মজুত থেকে সরবরাহ বাড়ানো হয়, ভোজ্যতেল ও ডালের আমদানি শুল্ক কমানো হয় এবং ব্যবসায়ীদের পণ্য মজুতের সীমা নির্ধারণ করা হয়। গম ও বাসমতি চাল ছাড়া অন্যান্য চালের রপ্তানিও বন্ধ করা হয়।

    এসব পদক্ষেপের পর ২০২২ থেকে ২০২৩ অর্থবছরে ভারতের মূল্যস্ফীতি ছিল ৬.৭ শতাংশ, যা পরের অর্থবছরে কমে ৫.৪ শতাংশে দাঁড়ায়। চলতি বছরের এপ্রিলে তা সাড়ে ৩ শতাংশের কাছাকাছি ছিল। তবে ভারতের সব সিদ্ধান্ত সমালোচনার বাইরে ছিল না। নীতি গবেষকেরা মনে করেন, রপ্তানি নিষেধাজ্ঞার কিছু সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়েছিল এবং সেগুলোর মধ্যে পরিকল্পনার ঘাটতি ছিল। আমার পর্যবেক্ষণ হলো, বিশ্বের বড় রপ্তানিকারক দেশগুলো হঠাৎ পণ্য রপ্তানি কমিয়ে দিলে আমদানিনির্ভর দেশগুলোর ওপর নতুন চাপ তৈরি হয়। ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নরও স্বীকার করেছিলেন, খাদ্যপণ্যের সরবরাহে নতুন করে ধাক্কা আসার ঝুঁকি থেকেই যায়।

    আমদানি শুল্ক কমলে ভোক্তারা স্বস্তি পান,

    কিন্তু স্থানীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

    তাই ভোক্তা ও উৎপাদক উভয়ের স্বার্থ বিবেচনায় রেখে  নিয়ম তৈরি করা জরুরি।

    ফিলিপাইন বিশ্বের অন্যতম বড় চাল আমদানিকারক। দেশটির মূল্যস্ফীতিতে চালের দামের প্রভাবও অনেক বেশি। ২০২৪ সালের জুনে চাল আমদানির শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়। নীতিনির্ধারকদের ধারণা ছিল, এতে প্রতি কেজি চালের দাম ৫ থেকে ৭ পেসো কমবে। ২০২৫ সালের জুলাইয়ে দেখা যায়, এক বছর আগের তুলনায় চালের দাম প্রায় ১৬ শতাংশ কমেছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে চালের দাম আরও কমে যাওয়ায় স্থানীয় কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছিলেন না। এ কারণে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে চার মাসের জন্য চাল আমদানি বন্ধ রাখতে হয়। পরে ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন একটি ব্যবস্থা চালু হয়। আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়লে আমদানি শুল্ক কমানো হবে, আর দাম কমলে শুল্ক বাড়ানো হবে। এই ব্যবস্থায় শুল্কের হার ১৫ থেকে ৩৫ শতাংশের মধ্যে ওঠানামা করবে। এখান থেকে একটি বিষয় পরিষ্কার। আমদানি শুল্ক কমলে ভোক্তারা স্বস্তি পান, কিন্তু স্থানীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই ভোক্তা ও উৎপাদক উভয়ের স্বার্থ বিবেচনায় রেখে আগে থেকেই নিয়ম তৈরি করা জরুরি।

    মূল্যস্ফীতি কমানোর সাফল্যের পেছনে কতটা মূল্য দিতে হয়েছে?

    একটি বিষয় মনে রাখা দরকার, মূল্যস্ফীতি কমানোর প্রতিটি সাফল্যের পেছনেই কিছু অর্থনৈতিক ও সামাজিক মূল্য দিতে হয়েছে। শ্রীলঙ্কার অর্থনীতি ২০২২ সালে ৭.৩ শতাংশ সংকুচিত হয়েছিল। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে দারিদ্র্যের হার ১০ শতাংশ পয়েন্ট বেড়েছিল। চাকরি হারানো এবং উচ্চ মূল্যস্ফীতি এর বড় কারণ ছিল। পাকিস্তানে আমদানি নিয়ন্ত্রণের কারণে শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, বেড়েছে দারিদ্র্য। মিসরে মুদ্রার মান প্রায় ৪০ শতাংশ কমেছে। ভর্তুকি কমানোর কারণে জ্বালানি ও খাদ্যপণ্যের দামেও নতুন চাপ তৈরি হয়েছে। ফিলিপাইনে চালের শুল্ক কমানোর ফলে ভোক্তারা সুবিধা পেলেও স্থানীয় কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন।

    আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এসেছে ২০২৬ সালের জ্বালানি সংকট থেকে। এই সংকট পাকিস্তান ও মিসরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বেশ কিছু অর্জনকে আবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অর্থাৎ কষ্ট করে মূল্যস্ফীতি কমালেই স্থায়ী স্বস্তি নিশ্চিত হয় না। বিশেষ করে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা বেশি থাকলে আন্তর্জাতিক বাজারের নতুন ধাক্কায় আগের অর্জন অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে।

    মানুষ যখন মনে করেন সামনে দাম আরও বাড়বে,

    তখন সেই প্রত্যাশাও বাজারের আচরণে প্রভাব ফেলে।

    এখানে আমার একটি পর্যবেক্ষণ আছে, যা সরাসরি কোনো গবেষণার ফলাফল নয়। শ্রীলঙ্কা, পাকিস্তান ও মিসরের মতো দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একপর্যায়ে বড় ধাক্কা সামলেছে। বাংলাদেশে সেই ধরনের এককালীন ধস না এলেও দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষকে বাড়তি দামের চাপ বহন করতে হচ্ছে। ডলারের দাম ৮৪ টাকা থেকে ১২০ টাকার ওপরে উঠতে আড়াই বছরের মতো সময় লেগেছে। আর মূল্যস্ফীতি চার বছর ধরে ৮ শতাংশের নিচে নামেনি। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনাতেও বলা হয়েছে, মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে মানুষের প্রত্যাশা নিয়ন্ত্রণে আনা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ মানুষ যখন মনে করেন সামনে দাম আরও বাড়বে, তখন সেই প্রত্যাশাও বাজারের আচরণে প্রভাব ফেলে।

    তবে তুলনা করতে গিয়ে বাংলাদেশের শুরুর অবস্থাটিও বিবেচনায় রাখা জরুরি। শ্রীলঙ্কার মতো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুরোপুরি শেষ হয়ে যায়নি, দেশকে ঋণখেলাপিও হতে হয়নি। ফলে ধীরে ধীরে সংকট মোকাবিলার সুযোগ ছিল। প্রশ্ন হলো, সেই ধীরগতির পদক্ষেপের সঙ্গে কি প্রয়োজনীয় সমন্বিত পরিকল্পনা ছিল?

    বাংলাদেশের জন্য যে পদক্ষেপ কার্যকর হতে পারে

    অন্য দেশগুলোর অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য কয়েকটি শিক্ষা পাওয়া যায়। প্রথমত, জ্বালানির দাম নিয়মিত ও পূর্বনির্ধারিত পদ্ধতিতে সমন্বয় করা দরকার। শ্রীলঙ্কা আমদানি খরচের সঙ্গে মিল রেখে ধাপে ধাপে জ্বালানির দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করেছিল। এতে শুরুতে বাজারে চাপ তৈরি হলেও ২০২৩ সালের শেষ দিক থেকে সেই প্রভাব কমতে শুরু করে। বাংলাদেশে দীর্ঘদিন জ্বালানির দাম অপরিবর্তিত রেখে ভর্তুকির মাধ্যমে বাড়তি খরচ সামলানো হয়। পরে অল্প সময়ের ব্যবধানে কয়েক দফায় দাম বাড়ানো হয়। এ ধরনের হঠাৎ পরিবর্তন বাজারে অনিশ্চয়তা তৈরি করে এবং ভবিষ্যতে দাম বাড়বে, এমন প্রত্যাশাকেও উসকে দেয়। অর্থনীতিবিদ ফিন কিডল্যান্ড ও এডওয়ার্ড প্রেসকটের গবেষণায় দেখানো হয়েছে, খেয়ালখুশিমতো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে আগে থেকে নির্ধারিত নিয়ম মেনে নীতি বাস্তবায়ন করলে তার বিশ্বাসযোগ্যতা বাড়ে। তবে জ্বালানির দাম সমন্বয়ের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য নগদ সহায়তাও নিশ্চিত করতে হবে।

    দ্বিতীয়ত, খাদ্যপণ্যের মজুত ও আমদানির ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। চালের প্রকৃত চাহিদা ও উৎপাদনের নির্ভরযোগ্য তথ্য হাতে না থাকলে কখন আমদানি করতে হবে, তা ঠিক করা কঠিন। সিপিডিও বলেছে, খাদ্যপণ্যের চাহিদা ও উৎপাদনের সঠিক তথ্যের অভাবে সময়মতো আমদানির সিদ্ধান্ত নেওয়া যায় না। ফলে বাজারে ঘাটতি তৈরি হওয়ার পর আমদানির উদ্যোগ নিতে হয়। তৃতীয়ত, ফিলিপাইনের মতো নিয়মভিত্তিক আমদানি শুল্ক ব্যবস্থা চালু করা যেতে পারে। বাংলাদেশেও বিভিন্ন সময়ে আমদানি শুল্ক কমানো এবং এলসি মার্জিন তুলে নেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এসব সুবিধার সুফল শেষ পর্যন্ত খুচরা বাজারে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে বাজার তদারকি ও প্রতিযোগিতা কমিশনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

    তবে অন্য দেশগুলোর সব পদক্ষেপ বাংলাদেশের জন্য সরাসরি গ্রহণযোগ্য নয়। শ্রীলঙ্কার মতো এক দিনে সুদের হার ৭ শতাংশ পয়েন্ট বাড়ানো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ দেশে ব্যাংকঋণের সুদ এমনিতেই বেশি এবং ঋণের প্রবাহ দুর্বল। পাকিস্তানের মতো আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করলে তৈরি পোশাকশিল্পের কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হতে পারে, যা দেশের রপ্তানি খাতের জন্য বড় সমস্যা তৈরি করবে। ভারতের মতো চাল রপ্তানি বন্ধ করার সুযোগও আমাদের নেই, কারণ বাংলাদেশ নিজেই বড় চাল আমদানিকারক। আবার মিসরের মতো বড় বিদেশি সহায়তার ওপর নির্ভর করে হঠাৎ বিনিময়মূল্য পুরোপুরি বাজারের হাতে ছেড়ে দিলে মুদ্রার মানে বড় ধরনের পতনের ঝুঁকি তৈরি হতে পারে। মিসরের অভিজ্ঞতাও দেখিয়েছে, হঠাৎ ভর্তুকি কমালে মূল্যস্ফীতি আবার বেড়ে যেতে পারে।

    তাহলে বাংলাদেশের মূল ঘাটতি কোথায়? আমার মতে, সবচেয়ে বড় সমস্যা হলো নীতির সমন্বয় ও জবাবদিহির অভাব। সুদের হার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, আমদানি শুল্কের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের, খাদ্যপণ্যের মজুত দেখে খাদ্য মন্ত্রণালয়, জ্বালানির দাম নির্ধারণ করে সংশ্লিষ্ট বিভাগ এবং বাজার তদারকির দায়িত্ব রয়েছে অন্য সংস্থার হাতে। সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সামগ্রিক দায়িত্ব কারও একার নয়। ফলে এক সংস্থার সিদ্ধান্তের সঙ্গে অন্য সংস্থার পদক্ষেপের সমন্বয় সব সময় হয় না। জাহিদ হোসেনও দেখিয়েছেন, দেশে সামাজিক সুরক্ষার জন্য শতাধিক প্রকল্প থাকলেও সেগুলোর কার্যকারিতা এখনো সন্তোষজনক নয়।

    এখানে শ্রীলঙ্কার একটি অভিজ্ঞতা কাজে লাগতে পারে। দেশটিতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক লিখিত চুক্তির মাধ্যমে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি নিয়মিত প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা রয়েছে এবং সরকারি ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে টাকা ছাপানোর পথ আইন করে বন্ধ করা হয়েছে। অর্থাৎ নীতি নির্ধারণের পাশাপাশি কে কতটা দায়িত্ব পালন করছে, সেটিও স্পষ্ট করা হয়েছে।

    আমার বিবেচনায়, বাংলাদেশের সমস্যা মূল্যস্ফীতির কোনো একক চূড়ায় পৌঁছানো নয়, বরং দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে আটকে থাকা। আমরা হয়তো শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো ৭০ বা ৩৮ শতাংশ মূল্যস্ফীতির মুখে পড়িনি। কিন্তু চার বছর ধরে মজুরি বৃদ্ধির চেয়ে পণ্যের দাম দ্রুত বাড়ার অর্থ হলো, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সঞ্চয়ের মূল্য ধীরে ধীরে কমে যাচ্ছে। টিনবারগেনের তত্ত্ব অনুযায়ী, একাধিক অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একটি মাত্র হাতিয়ার যথেষ্ট নয়। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থ, বাণিজ্য, কৃষি ও জ্বালানি মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে নিয়ে একটি স্থায়ী মূল্য স্থিতিশীলতা পরিষদ গঠন করা যেতে পারে। এই পরিষদ প্রতি মাসে বাজার পরিস্থিতি পর্যালোচনা করবে, কোথায় পণ্যের দাম আটকে আছে এবং কোন সংস্থা কী পদক্ষেপ নিয়েছে, তা প্রকাশ করবে। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু সুদের হার বাড়ানো বা কমানোর নয়। প্রশ্ন হলো, দাম নিয়ন্ত্রণে ব্রেক চাপার পাশাপাশি সরবরাহ ব্যবস্থার জ্বালানি জোগাবে কে?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বসাবে বেসরকারি প্রতিষ্ঠান, বিনামূল্যে পাবে ১০ শতাংশ বিদ্যুৎ

    নভেম্বর 22, 2026
    বিশ্লেষণ

    চিকিৎসা যখন পণ্যে পরিণত: রোগীর অসহায়ত্ব ঘিরে ১,৮৬১ কোটি টাকার কমিশন বাণিজ্য!

    নভেম্বর 22, 2026
    ব্যাংক

    খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বহুমুখী উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.