ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে ড্রোন হামলার শিকার রাশিয়ার পণ্যবাহী জাহাজ স্পার্টা-২-এ লাগা আগুন নেভানো ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজটি যাতে সাগরে ডুবে না যায়, সে জন্য কাজ করছেন উদ্ধারকর্মীরা। খবর বিবিসির
বাল্টিক সাগর তীরবর্তী রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদের উদ্দেশে যাওয়ার পথে শনিবার সকালে হামলার শিকার হয় জাহাজটি। পরে ভাসতে ভাসতে এটি ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর ধারণা, হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি কিয়েভ।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী রোববার (২২ নভেম্বর) জানিয়েছে, জাহাজটি ডুবে যাওয়া ঠেকাতে নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে। রোববারও জাহাজটিতে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এ উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযানে এস্তোনিয়া ও রাশিয়ার সরঞ্জাম এবং উদ্ধারকারী দলও যুক্ত হয়েছে। তবে আশপাশের সামুদ্রিক চলাচলের জন্য কোনো বিপদ তৈরি হয়েছে কি না, সে বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য নেই।
কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সি বেসপ্রোজভানিখ প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানিয়েছেন, হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে এ ঘটনায় অঞ্চলটির পণ্য সরবরাহ ব্যবস্থায় ‘কোনো হুমকি’ তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।
ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো বলেন, ‘যুদ্ধ আমাদের ঠিক দোরগোড়ায় ছড়িয়ে পড়ছে। তবে আগ্রাসনকারীর বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’
যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সরকারের তথ্য অনুযায়ী, স্পার্টা-২ জাহাজটির ওপর ২০২২ সালে যুক্তরাষ্ট্র এবং চলতি বছরের শুরুর দিকে ইউক্রেন নিষেধাজ্ঞা আরোপ করে। জাহাজটি পরিচালনা করে একটি রুশ কোম্পানি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১১ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামোর অধীনে এটি প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সাল থেকে দেশটির সামরিক নির্মাণ কমপ্লেক্সের আওতায় কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
ফিনল্যান্ডের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে (০৬:৫০ জিএমটি) তারা জাহাজটিতে হামলার বিষয়ে সতর্কবার্তা পায়। পরে ফিনল্যান্ড উপসাগরের সুরসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়। ঘটনার পর ওই এলাকায় বিমান ও নৌযান চলাচলে সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছে বলে জানিয়েছে ফিনল্যান্ডের সীমান্ত কর্মকর্তারা।
এদিকে ঘটনার পরপরই ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার একটি হেলিকপ্টার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। হেলিকপ্টারটির উপস্থিতি সম্ভবত উদ্ধার বা নজরদারি অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।
কালিনিনগ্রাদের গভর্নর টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, রাশিয়ার একটি উদ্ধারকারী জাহাজ ক্ষতিগ্রস্ত স্পার্টা-২-এর কাছে পৌঁছালে নাবিকেরা তাঁদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই বলে জানান। তিনি আরও লেখেন, ‘নাবিকরা বর্তমানে প্রয়োজনীয় মেরামত কাজ করছেন এবং পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা করছেন।’
তবে পরে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, জাহাজটির ১৬ জন নাবিককেই সরিয়ে অন্য একটি রুশ জাহাজে তুলে দেওয়া হয়েছে। ওই জাহাজটি ইতোমধ্যে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছে। রাশিয়ার উদ্ধারকারী জাহাজটি তখনো ক্ষতিগ্রস্ত জাহাজটির কাছেই অবস্থান করছিল।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী আরও জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি শনাক্ত হয়নি। সাধারণ সামুদ্রিক চলাচল কিংবা মানুষের জন্যও কোনো ঝুঁকি নেই বলে তাদের মূল্যায়ন।
কালিনিনগ্রাদ পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রাশিয়ার একটি কৌশলগত ছিটমহল। ভৌগোলিকভাবে মূল রাশিয়া থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলটির সঙ্গে বাল্টিক সাগর ও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন জানিয়েছেন, দেশটির সীমান্তরক্ষী বাহিনী হামলার তদন্ত করছে। এ কাজে অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক জোট ন্যাটোকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে বাল্টিক সাগর অঞ্চল নতুন করে উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের মূল রণাঙ্গনের বাইরে রাশিয়ার অভ্যন্তরেও দূরপাল্লার হামলা জোরদার করেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকেও ফিনল্যান্ড উপসাগরে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

