দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া, ব্যয়বহুল এলএনজি আমদানি এবং সরবরাহ অনিশ্চয়তার কারণে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস থেকে ক্রমেই কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে মোট বিদ্যুৎ উৎপাদনে কয়লার অংশ ছিল ৬ দশমিক ২৪ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ২৬ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে। চার বছরে এ বৃদ্ধি ৩২৮ দশমিক ২১ শতাংশ।
একই সময়ে গ্যাসভিত্তিক বিদ্যুতের অংশ ৫৫ দশমিক ০৬ শতাংশ থেকে কমে ৪৪ দশমিক ০৮ শতাংশে নেমেছে। বিপিডিবির তথ্যে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে গ্যাসের অংশ ছিল ৫২ দশমিক ০২ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে ৪৮ দশমিক ৫২ শতাংশ। কয়লার অংশ ওই দুই বছরে ছিল যথাক্রমে ১১ দশমিক ৪০ ও ১৯ দশমিক ৯৪ শতাংশ।
সাম্প্রতিক সময়ে চাহিদার শীর্ষ সময়ে কয়লা অনেক দিন গ্যাসকে ছাড়িয়ে গেছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময় মোট উৎপাদনে কয়লার অংশ ছিল ৩৬ শতাংশ, গ্যাসের ৩৪ শতাংশ। পরদিন কয়লা ৩৫ ও গ্যাস ৩৩ শতাংশ নিয়ে এগিয়ে ছিল। ৫ অক্টোবর সামান্য ব্যবধানে এগিয়ে যায় গ্যাস, ৩৫ শতাংশ, কয়লা ছিল ৩৩ শতাংশ। ওই সময় ভারী জ্বালানি তেল (এইচএফও) থেকে আসে ১৯ শতাংশ এবং ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ ১০ শতাংশ।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে দেখা যায়, বিদ্যুৎ বিভাগের সচিব মীরানা মাহরুখ বলেন, আন্তর্জাতিক জ্বালানির দামের অস্থিরতার মধ্যে কয়লা একটি স্থিতিশীল প্রাথমিক জ্বালানি হিসেবে উঠে এসেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতের বিদ্যুৎ উৎপাদনে কয়লা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যান্য জ্বালানির তুলনায় কয়লাভিত্তিক বিদ্যুৎ তুলনামূলক সস্তা, তাই কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলোর সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আগামী গ্রীষ্মের চাহিদা মেটাতে পর্যাপ্ত কয়লা আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে বলে তিনি জানান।
কয়লার অংশ বাড়ার সময়টিতে পায়রা, রামপাল, মাতারবাড়ী, এসএস পাওয়ার ও পটুয়াখালীর মতো বড় বেজলোড কয়লাভিত্তিক কেন্দ্র চালু হয়েছে। পায়রার ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিট ২০২০ ও ২০২১ সালে বাণিজ্যিক উৎপাদনে আসে। রামপালের প্রথম ইউনিট ২০২২ সালের ডিসেম্বরে এবং দ্বিতীয়টি ২০২৩ সালে চালু হয়। এসএস পাওয়ারের প্রথম ৬৬০ মেগাওয়াট ইউনিট ২০২৩ সালে বাণিজ্যিক উৎপাদনে যায়। মাতারবাড়ীর ৬০০ মেগাওয়াটের দুটি ইউনিটও পরে চালু হয়। ১ হাজার ৩২০ মেগাওয়াটের পটুয়াখালী কেন্দ্র ২০২৫ সালের জানুয়ারিতে প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে। ২০২৩ সালে ভারতের আদানি পাওয়ারের ১ হাজার ৪৯৬ মেগাওয়াটের গোড্ডা কেন্দ্র থেকেও বিদ্যুৎ আমদানি শুরু হয়।
আগস্টের তথ্য অনুযায়ী, দেশে ১৩৬টি বিদ্যুৎকেন্দ্রের মোট স্থাপিত ক্ষমতা ২৮ হাজার ৩৪৭ মেগাওয়াট। এর মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্রের ক্ষমতা ১১ হাজার ৭০৪ মেগাওয়াট, অর্থাৎ প্রায় ৪১ শতাংশ। দেশে স্থাপিত কয়লাভিত্তিক কেন্দ্রের ক্ষমতা ৬ হাজার ৫০৯ মেগাওয়াট বা প্রায় ২৩ শতাংশ। আদানিসহ ছয়টি বড় কয়লা কেন্দ্র থেকে নির্ভরযোগ্য ক্ষমতা প্রায় ৭ হাজার ৫১৮ দশমিক ৬ মেগাওয়াট। এর মধ্যে এসএস পাওয়ারের ১ হাজার ২২৪, মাতারবাড়ীর ১ হাজার ১৫০, রামপালের ১ হাজার ২৩৪, পটুয়াখালীর ১ হাজার ১৭০ দশমিক ৬, পায়রার ১ হাজার ২৪৪ এবং আদানির ১ হাজার ৪৯৬ মেগাওয়াট।
কয়লার অংশ বাড়ার পেছনে শুধু নতুন কেন্দ্র নয়, গ্যাস সরবরাহ ব্যবস্থার ঘাটতিও বড় কারণ। সরকারি সাম্প্রতিক হিসাবে দেশে গ্যাস সরবরাহ ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট, যেখানে চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। গ্যাস সরবরাহ পর্যাপ্ত না হলে গ্যাসভিত্তিক কেন্দ্র প্রযুক্তিগতভাবে প্রস্তুত থাকলেও অলস বসে থাকে বা কম ক্ষমতায় চলে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের মাসিক তথ্যেও পরিবর্তনের চিত্র দেখা যায়। আগস্টে আমদানি বাদে দেশে ৯ হাজার ১১১ মিলিয়ন কিলোওয়াট আওয়ার (kWh) বিদ্যুৎ উৎপাদিত হয়, যার মধ্যে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৩ হাজার ৮৫৪ দশমিক ২৮ মিলিয়ন এবং গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ৩ হাজার ৪৬১ দশমিক ০৮ মিলিয়ন কিলোওয়াট আওয়ার। জুলাইতেও কয়লা এগিয়ে ছিল, ৩ হাজার ৯২০ দশমিক ২১ মিলিয়ন, গ্যাস ৩ হাজার ৬৫৯ দশমিক ১৫ মিলিয়ন। জুনে গ্যাস এগিয়ে ছিল ৩ হাজার ৭৪৫ দশমিক ৮৬ মিলিয়ন, কয়লা ৩ হাজার ৫৫০ দশমিক ১৪ মিলিয়ন। মে মাসে গ্যাসের উৎপাদন ছিল ৩ হাজার ৯৩৫ দশমিক ৫৯ মিলিয়ন, কয়লার ৩ হাজার ১৬৬ দশমিক ১০ মিলিয়ন কিলোওয়াট আওয়ার।

