শের প্রধান সমুদ্রবন্দর ও ক্রমবর্ধমান শিল্পভিত্তির কারণে চট্টগ্রামে জার্মান বিনিয়োগকারীদের জন্য বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎস। তিনি বলেন, রপ্তানিমুখী শিল্পের জন্য শহরটির বেশ কিছু সুবিধা আছে, বিশেষ করে বন্দর, অর্থনৈতিক অঞ্চল (ইজেড) ও রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড)। এসব সুবিধা উৎপাদকদের সময় ও পরিবহন খরচ বাঁচাতে পারে।
ডেইলি স্টারের এক প্রতিবেদনে দেখা যায়, দুই দিনের চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সফরে তিনি চট্টগ্রাম বন্দর, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এবং কয়েকটি কারখানা পরিদর্শন করেন। এর মধ্যে আনোয়ারার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড স্ট্রসের কারখানাও ছিল। এটি তাঁর চট্টগ্রামে তৃতীয় সফর।
লোৎস চট্টগ্রামকে দেশের দ্বিতীয় অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, বন্দরের কাছে কারখানা স্থাপন রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িকভাবে যুক্তিসংগত, কারণ এতে দূরবর্তী অভ্যন্তরীণ এলাকা থেকে পণ্য আনার খরচ ও ঝামেলা এড়ানো যায়। বিদেশি সরাসরি বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক অঞ্চলগুলোকে তিনি গুরুত্বপূর্ণ সুবিধা মনে করেন, কারণ সেখানে উন্নত অবকাঠামো ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের সম্ভাবনা থাকে। কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সফলভাবে কার্যক্রম শুরু করলে অন্যরাও আসতে পারে, কারণ সম্ভাব্য বিনিয়োগকারীরা তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারেন। জার্মান প্রতিষ্ঠানগুলো এসব উন্নয়নে ক্রমেই আগ্রহ দেখাচ্ছে বলেও তিনি জানান।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) উদ্যোগে কার্গো হ্যান্ডলিং ও সক্ষমতা বাড়ায় তিনি প্রশংসা করেন। জার্মান কোম্পানিগুলোও গত দুই বছরে বন্দরের কার্যক্রমে উন্নতির কথা জানিয়েছে। জাহাজ ভিড়লে এখন অপেক্ষার সময় প্রায় নেই। তবে শুল্কায়ন প্রক্রিয়া আরও দক্ষ করার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। সিপিএ চেয়ারম্যানের সঙ্গে বন্দর অবকাঠামো, লজিস্টিকস ও সামুদ্রিক সেবায় জার্মান অংশগ্রহণ বাড়ানো নিয়ে আলোচনা করেন। বন্দর সুবিধা ও লজিস্টিকসে দক্ষ জার্মান প্রতিষ্ঠান রয়েছে। দূতাবাস বন্দরের সম্প্রসারণ পরিকল্পনার তথ্য তাদের সঙ্গে ভাগ করবে এবং বাংলাদেশে সুযোগ খুঁজে দেখতে উৎসাহিত করবে।
তৈরি পোশাক খাতকে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে লোৎস বলেন, জার্মানিতে বাংলাদেশের রপ্তানির ৯০ শতাংশের বেশি আসে টেক্সটাইল থেকে। এ খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে হবে, পাশাপাশি অন্যান্য শিল্পও গড়ে তুলতে হবে। তার মতে, চামড়া, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, হালকা উৎপাদন ও সংযোজন শিল্পে ভালো সম্ভাবনা আছে। তিনি বলেন, সবচেয়ে সহজে নাগালের মধ্যে থাকা সুযোগ হলো চামড়া খাত, যা পরিবেশগত পরিস্থিতির কারণে এখনো প্রতিবন্ধকতার মুখে, তবে এসব সমাধান করা সম্ভব। প্রতিভাবান তরুণ ও দক্ষ প্রকৌশলীর কারণে তথ্যপ্রযুক্তি খাতেও বিনিয়োগ আসতে পারে। তিনি দক্ষিণ কোরিয়ার ১৯৬০-এর দশক ও ভিয়েতনামের ১৯৯০-এর দশকের সঙ্গে বাংলাদেশের তুলনা করেন, যাদের অর্থনৈতিক অবস্থা তখন বাংলাদেশের মতোই ছিল, কিন্তু পরে তারা অর্থনীতিকে বহুমুখী করেছে। বাংলাদেশও একই পথে হাঁটতে পারে, তবে এর জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ জরুরি।
বিদেশি বিনিয়োগকারীরা কোনো বাজারে ঢোকার আগে সুশাসন, আইনের শাসন, স্পষ্ট বিধিবিধান ও দুর্নীতিবিরোধী লড়াইয়ের মতো বিষয় বিবেচনা করেন বলে জানান রাষ্ট্রদূত। বিনিয়োগকারীরা জানতে চান কোন নিয়ম মানতে হবে এবং অনুমোদন কোথায় পাবেন। ওয়ান-স্টপ সার্ভিস থাকলে ব্যবসায়িক ছাড়পত্র পাওয়া সহজ হবে। তিনি কর্তৃপক্ষকে অবকাঠামোর পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ ও কর্মীদের দক্ষতায় আরও বিনিয়োগের আহ্বান জানান। তাঁর মতে, ব্যবসায়িক পরিবেশ উন্নত করা, সুশাসন প্রতিষ্ঠা, নিয়ন্ত্রক প্রক্রিয়া সহজ করা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ানো দরকার।
সামগ্রিক অর্থনৈতিক চিত্র নিয়ে লোৎস বলেন, বিগত কয়েক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং এখন তা কাজে লাগানোর সুযোগ আছে। এলডিসি উত্তরণের তাত্ত্বিক বিষয় যা-ই হোক, সামষ্টিক অর্থনীতির দৃষ্টিতে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। ইউরোপে তাঁর বেড়ে ওঠার সময় বাংলাদেশকে চরম দারিদ্র্য ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত দেশের উদাহরণ হিসেবে দেখা হতো; এখন কেউ তা বলে না, এটি বড় সাফল্য।

