কয়েক বছর আগেও বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উত্থানমুখী অর্থনীতি বা ‘ইমার্জিং ইকোনমি’ বলা হতো। এখন সেই দেশের প্রবৃদ্ধির সংখ্যা প্রতি ছয় মাস পরপর আন্তর্জাতিক সংস্থাগুলোকে কেটে নামাতে হচ্ছে।
বাংলাদেশকে নিয়ে একাদিক্রমে পাঁচ বছরের নিম্ন প্রবৃদ্ধির যুগ এর আগে আইএমএফ বা বিশ্বব্যাংক কেউই দেখায়নি। আইএমএফের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৭-২০৩১ কালপর্বে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৮২ শতাংশ, যা এ অঞ্চলে সর্বনিম্নই শুধু নয়, এটিকে নিম্ন প্রবৃদ্ধির যুগের সূচনা বলা যেতে পারে।
কেন এই উল্টো ঢাল, কেন অর্থনীতির এই ত্বরণ থেকে মন্দন হলো,তার পেছনের কারণ খোঁজা এখন খুব জরুরি।
বাংলাদেশে কি সত্যিই উত্থানমুখী প্রবৃদ্ধিতে ছিল?
স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির ধারাবাহিক উন্নতি দেখা গেছে। আশির দশকে দেশের গড় প্রবৃদ্ধি ছিল সাড়ে ৩ শতাংশ। নব্বইয়ের দশকে তা বেড়ে ৪ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়। ২০০০-এর দশকে প্রবৃদ্ধি আরও বেড়ে হয় ৫ দশমিক ৬ শতাংশ। আর ২০১০-এর দশকে গড় প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশে পৌঁছায়। অর্থাৎ কয়েক দশক ধরে বাংলাদেশের অর্থনীতি ক্রমেই উচ্চ প্রবৃদ্ধির পথে এগিয়েছে।
এমনকি কোভিড মহামারির সময়ও বাংলাদেশের প্রবৃদ্ধির চিত্র ছিল ব্যতিক্রমী। ওই সময়ে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি সংকুচিত হলেও বাংলাদেশ প্রায় সাড়ে ৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছিল।
২০২৪ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ২ শতাংশে নেমে আসে। পরবর্তী সময়ে এই গতি আরও দুর্বল হয়েছে। উদ্বেগের বিষয় শুধু প্রবৃদ্ধির হার কমে যাওয়া নয়, দীর্ঘমেয়াদি প্রবণতাও নিম্নমুখী হয়ে পড়ছে। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে নিচে থাকার আশঙ্কা রয়েছে।
প্রবৃদ্ধি কমার পেছনে প্রধান কারণগুলো
বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি কমার পেছনে কয়েকটি কাঠামোগত দুর্বলতা রয়েছে।
প্রথমত, রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাক খাতনির্ভর। অন্যদিকে, প্রবাসী আয়ের বড় অংশ আসে তুলনামূলক কম দক্ষ শ্রমিকদের কাছ থেকে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য না আনা, উৎপাদনশীলতা ও পণ্যের মান না বাড়ানো এবং উচ্চ মূল্য সংযোজনের দিকে যেতে না পারায় অর্থনীতির প্রবৃদ্ধির ভিত্তি দুর্বল রয়ে গেছে।
দ্বিতীয়ত, বিনিয়োগ পরিবেশে অনিশ্চয়তা রয়েছে। উচ্চ সুদহার, ঋণ পেতে জটিলতা, জমির উচ্চমূল্য, গ্যাস-বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ এবং বন্দরের নানা বাধা নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। বিদেশি বিনিয়োগও প্রত্যাশিত মাত্রায় আসছে না। ফলে নতুন শিল্প ও কর্মসংস্থান তৈরির গতি কমে যাচ্ছে।
তৃতীয়ত, ব্যাংক খাতের দুর্বলতা বিনিয়োগে বাধা তৈরি করছে। খেলাপি ঋণের চাপ, ব্যাংকের মূলধন সংকট এবং সরকারের ঋণ নেওয়ার প্রবণতায় বেসরকারি খাতের জন্য ঋণ পাওয়া আরও কঠিন হচ্ছে। পাশাপাশি পুঁজিবাজার ও বন্ড বাজার যথেষ্ট শক্তিশালী না হওয়ায় দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্পও সীমিত।
চতুর্থত, দক্ষ জনশক্তির অভাব অর্থনীতির উৎপাদনশীলতা বাড়াতে পারছে না। শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে ব্যবধান থাকায় তরুণদের অনেকেই কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। সব মিলিয়ে বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের গতি বাধাগ্রস্ত হচ্ছে।
পঞ্চমত, মূল্যস্ফীতি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা চাপে রয়েছে। ফলে বাজারে পণ্য ও সেবার চাহিদা দুর্বল হচ্ছে। এর প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনে।
ষষ্ঠত, নীতিগত অনিশ্চয়তা ও দুর্বল প্রাতিষ্ঠানিক পরিবেশ। ঘন ঘন নীতির পরিবর্তন, সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি এবং সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাধা তৈরি করছে। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও দুর্বল হচ্ছে।
উত্তরণের উপায়
১৯৭১ সালে স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, প্রবৃদ্ধিও ছিল ঋণাত্মক। সেখান থেকে বাংলাদেশ উত্থানমুখী অর্থনীতি তে পৌঁছায়। তাই এই থমকে যাওয়া প্রবৃদ্ধি থেকে ও উত্তরণ সম্ভব। তার জন্য থাকতে হবে সুদূরপ্রসারী পরিকল্পনা।
প্রথমত, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ব্যবসার পরিবেশ সহজ করতে হবে। কর ও শুল্কনীতিতে ঘন ঘন পরিবর্তন বন্ধ, ব্যবসায়িক অনুমোদনে দীর্ঘসূত্রতা কমানো এবং গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিনিয়োগকারীরা যেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন, সে জন্য নীতির ধারাবাহিকতাও বজায় রাখতে হবে।
দ্বিতীয়ত, রপ্তানি আয় বাড়াতে তৈরি পোশাকের বাইরে নতুন খাত গড়ে তুলতে হবে। ওষুধ, চামড়া, কৃষিপণ্য ও হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পে বিনিয়োগ বাড়ানো এবং পণ্যের মান ও উৎপাদনশীলতা উন্নত করা প্রয়োজন। এতে একটি খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে। তার সাথে সাথে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে হবে।
সরকার এর করনীয়
আইএমএফের পূর্বাভাস হতাশাজনক হলেও এটি কোনো চিরন্তন সত্য নয়। নয় কোনো ভাগ্যলিখন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিচার-বিবেচনা করে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকারের মূল দায়িত্ব হবে এই পরিস্থিতিগুলোর পরিবর্তন আনা।
প্রবৃদ্ধি কমার পেছনে কোনো একক ঘাতক নেই, প্রবৃদ্ধি কোনো জাদুও নয়। প্রবৃদ্ধি বাড়া-কমার পেছনে কাজ করে নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্ত ও সরকারের পদক্ষেপ। এর জন্য প্রয়োজন বিনিয়োগকারীদের আস্থা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কার্যকর সংস্কার দৃশ্যমান পরিবর্তন আনতে না পারলে মধ্যম আয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসা কঠিন হবে। এখন বড় চ্যালেঞ্জ হলো, অর্থনীতিকে নতুন গতিতে ফেরাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার কতটা আন্তরিক ও সাহসী ভূমিকা নিতে পারে।

