ইরানের তেল রপ্তানি প্রায় থমকে গেছে। মূল্যস্ফীতি পৌঁছেছে ভয়াবহ পর্যায়ে, অর্থনীতি সংকুচিত হচ্ছে এবং বিভিন্ন শহরে সামাজিক অসন্তোষের লক্ষণও দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এসবই প্রমাণ করতে পারে যে তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ কাজ করছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে আরেকটি ঝুঁকি- এই চাপ কি ইরানকে আলোচনার টেবিলে আনবে, নাকি দেশটির নেতৃত্বকে এমন সিদ্ধান্তে ঠেলে দেবে যে সামরিক উত্তেজনা বাড়ানো ছাড়া আর কোনো পথ নেই?
২৩ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় তেহরান তার হাতে থাকা ‘সব ধরনের উপায়’ ব্যবহার করবে। ইরানি সংবাদমাধ্যমগুলোতে এরই মধ্যে নৌবাহিনীর পাহারায় তেলবাহী জাহাজ চলাচলের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
এ ধরনের পরিকল্পনা এখনো বাস্তব সামরিক সিদ্ধান্তের চেয়ে রাজনৈতিক বার্তা হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরও এগুলো দেখাচ্ছে, সংঘাতের হিসাব বদলাচ্ছে। প্রশ্ন এখন শুধু কে কাকে সামরিকভাবে ভয় দেখাতে পারে তা নয়; বরং অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ইরানকে যুক্তরাষ্ট্রের শর্ত মানানো সম্ভব কি না।
আর যদি তেহরান মনে করে সমঝোতা করেও অবরোধ থেকে মুক্তি মিলবে না, তাহলে সেই একই চাপ উল্টো যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে।
চাপ বাড়ছে, কিন্তু আত্মসমর্পণ আসছে কি?
যুক্তরাষ্ট্র গত ১৩ এপ্রিল ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করে। জুনে একটি খসড়া সমঝোতার পর তা তুলে নেওয়া হলেও আলোচনা ভেঙে গেলে ১৪ জুলাই আবার অবরোধ কার্যকর হয়।
এর প্রভাব এখন ইরানের অর্থনীতিতে স্পষ্ট।
দৃশ্যমান অপরিশোধিত তেল রপ্তানি সাম্প্রতিক মাসগুলোতে প্রায় শূন্যে নেমে এসেছে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ইরানের প্রকৃত জিডিপি ৭ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে। গড় মূল্যস্ফীতি হতে পারে ৭৮ দশমিক ৬ শতাংশ।
অর্থনৈতিক অবরোধের সাধারণ যুক্তি খুব সহজ- রাষ্ট্রের আয় কমিয়ে দেওয়া, জনগণের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং এমন একটি পরিস্থিতি তৈরি করা, যেখানে প্রতিরোধ চালিয়ে যাওয়ার চেয়ে সমঝোতা করা সরকারের জন্য কম ব্যয়বহুল হয়ে ওঠে।
ইরানের ক্ষেত্রে জ্বালানি রপ্তানি এই কৌশলের মূল লক্ষ্য। তেল থেকে পাওয়া অর্থ রাষ্ট্রীয় ব্যয়, বৈদেশিক মুদ্রা, ভর্তুকি এবং রাষ্ট্রীয় রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো সচল রাখতে গুরুত্বপূর্ণ।
ফলে তেল রপ্তানি বন্ধ করা মানে শুধু জ্বালানি খাতে আঘাত নয়। এর প্রভাব পড়ে খাদ্যের দাম, মুদ্রার মান, সরকারি ব্যয় এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রায়।
কিন্তু এখানেই অর্থনৈতিক চাপের সীমাবদ্ধতা।
একটি দেশের অর্থনীতি দুর্বল করা আর তার নেতৃত্বকে রাজনৈতিকভাবে নতি স্বীকার করানো এক বিষয় নয়।
অর্থনৈতিক দুর্দশা বাড়লে কোনো সরকার সমঝোতার দিকে যেতে পারে। আবার সেই সরকার যদি মনে করে যে কিছু ছাড় দেওয়ার পরও নিষেধাজ্ঞা ও অবরোধ বহাল থাকবে, তাহলে সমঝোতার আগ্রহ আরও কমে যেতে পারে।
ইরানের জন্য এই প্রশ্নটি এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
‘হারানোর আর কিছু নেই’ – এই ধারণাই সবচেয়ে বিপজ্জনক
তেহরানের নেতৃত্ব যদি বিশ্বাস করতে শুরু করে যে ওয়াশিংটনের লক্ষ্য কোনো নির্দিষ্ট চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদে ইরানের অর্থনৈতিক শক্তি ভেঙে দেওয়া, তাহলে বর্তমান নীতির ফল উল্টো হতে পারে।
কারণ যে সরকার সমঝোতার বিনিময়ে বাস্তব অর্থনৈতিক স্বস্তির কোনো নির্ভরযোগ্য পথ দেখতে পায় না, তার সামনে প্রতিপক্ষের ওপর পাল্টা খরচ চাপানোর যুক্তিই শক্তিশালী হয়ে উঠতে পারে।
ইরানের রাজনৈতিক বক্তব্যেও সেই মনোভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বাঘেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধকে সরাসরি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকার দাবি করেছে তেহরান।
এখানে যুক্তরাষ্ট্রের জন্য সমস্যাটি হলো, ইরানকে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করতে হবে না।
অবরোধ ভাঙতে তেহরানের প্রয়োজন হতে পারে শুধু তার বাস্তবায়নকে এতটাই ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত করে তোলা, যাতে ওয়াশিংটনকে আবার আলোচনায় ফিরতে হয়।
বাহরাইনের হামলায় সেই বার্তা?
সাম্প্রতিক সময়ে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার দাবিগুলোকে এই প্রেক্ষাপটেই দেখা যেতে পারে।
২১ নভেম্বর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, বাহরাইনের দুটি ঘাঁটিতে থাকা মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইনের কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি হামলা প্রতিহত করা হয়েছে এবং একটি বেসামরিক শিল্প স্থাপনায় আগুন লাগে। তবে রাডারগুলো ধ্বংস হয়েছে- এমন স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ধরনের হামলার একটি সম্ভাব্য কৌশলগত উদ্দেশ্য হতে পারে ভবিষ্যতের বড় সংঘাতে যুক্তরাষ্ট্রের নজরদারি ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে চাপে রাখা।
তবে ঘটনাগুলো থেকে নিশ্চিতভাবে বলা যায় না যে ইরান ইতিমধ্যেই পূর্ণমাত্রার যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বরং এগুলো দেখাচ্ছে, অবরোধ আর শুধু অর্থনৈতিক বিষয় নেই। এটি ক্রমে সামরিক প্রতিরোধ ও পাল্টা প্রতিরোধের অংশ হয়ে উঠছে।
এখানেই শুরু হয় বিপজ্জনক চক্র।
ওয়াশিংটন নৌ অবরোধ আরও কঠোর করে ভাবতে পারে, এতে তেহরানের ওপর সমঝোতার চাপ বাড়বে। ইরান একই পদক্ষেপকে নিজের অর্থনৈতিক অস্তিত্বের ওপর আক্রমণ হিসেবে দেখে পাল্টা হামলাকে ‘প্রতিরোধ’ হিসেবে বিবেচনা করতে পারে।
এক পক্ষের কাছে যে পদক্ষেপ চাপ প্রয়োগ, অন্য পক্ষের কাছে সেটিই হয়ে উঠতে পারে যুদ্ধের কারণ।
যুদ্ধ শুরু হলে মূল্য দেবে পুরো বিশ্ব
ইরান-যুক্তরাষ্ট্রের এই সংঘাত পারস্য উপসাগরের মধ্যেই সীমাবদ্ধ থাকার নিশ্চয়তা নেই।
এর কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালি- বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি।
এই পথ দীর্ঘ সময় অস্থিতিশীল হয়ে পড়লে শুধু তেলের সরবরাহই নয়, জাহাজের বীমা, পরিবহন ব্যয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের খরচও বাড়তে পারে।
বিশেষ করে উপসাগরীয় জ্বালানির ওপর নির্ভরশীল এশিয়ার অর্থনীতিগুলো দ্রুত এর প্রভাব অনুভব করবে। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় থেকে শিল্প উৎপাদন- সবখানেই তার প্রভাব পড়বে।
অর্থাৎ ইরানকে অর্থনৈতিকভাবে ছাড় দিতে বাধ্য করার জন্য শুরু হওয়া একটি নীতি শেষ পর্যন্ত এমন সব দেশের ওপরও চাপ তৈরি করতে পারে, যাদের এই সংঘাতের সিদ্ধান্তে কোনো ভূমিকা নেই।
অবরোধের পাশাপাশি দরকার বের হওয়ার পথও
যুক্তরাষ্ট্রের সামনে এখনো কূটনৈতিক সুযোগ রয়েছে।
অবরোধ শিথিল করার বিষয়টি যদি নির্দিষ্ট ও যাচাইযোগ্য ইরানি পদক্ষেপের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়, তাহলে তেহরানের সামনে অন্তত একটি স্পষ্ট পথ থাকবে- কোন পদক্ষেপ নিলে কী ধরনের অর্থনৈতিক স্বস্তি পাওয়া যাবে।
অন্যথায় ইরানের নেতৃত্বের মধ্যে এমন ধারণা শক্ত হতে পারে যে একবার ছাড় দেওয়া শুরু করলে ওয়াশিংটন নতুন নতুন দাবি তুলবে, কিন্তু অর্থনৈতিক চাপ পুরোপুরি সরাবে না।
একই সঙ্গে দুই পক্ষের মধ্যে কার্যকর সামরিক যোগাযোগও জরুরি। কারণ হরমুজে একটি জাহাজ আটক, ভুল শনাক্ত করা কোনো ড্রোন অথবা আঞ্চলিক কোনো মার্কিন ঘাঁটিতে হামলাই বড় সংঘাতের সূচনা করতে পারে।
ইরানের সামরিক হামলা এবং নৌচলাচলের ওপর হুমকিও পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলছে। তবে একই সঙ্গে ওয়াশিংটনের জন্যও ধরে নেওয়া ঠিক হবে না যে অর্থনৈতিক যন্ত্রণা যত বাড়বে, রাজনৈতিক আত্মসমর্পণের সম্ভাবনাও তত বাড়বে।
অর্থনৈতিক চাপ তখনই কার্যকর হয়, যখন প্রতিপক্ষ বিশ্বাস করে- সমঝোতা করলে প্রতিরোধ চালিয়ে যাওয়ার চেয়ে ভালো ফল পাওয়া যাবে।
আর যদি তেহরান মনে করে সমঝোতা করেও অবরোধ ও নিষেধাজ্ঞা থেকে প্রকৃত মুক্তি মিলবে না, তখন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ এড়াতে চাইছে, সেই যুদ্ধের দিকেই এই কৌশল দুই দেশকে ঠেলে দিতে পারে।

