Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আখের সংকটে ধুঁকছে রাজশাহী চিনিকল, পুঞ্জীভূত লোকসান ১,০৬৪ কোটি টাকা
    অর্থনীতি

    আখের সংকটে ধুঁকছে রাজশাহী চিনিকল, পুঞ্জীভূত লোকসান ১,০৬৪ কোটি টাকা

    নিউজ ডেস্কনভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একসময় রাজশাহীর আখচাষি ও শ্রমজীবী মানুষের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন ছিল রাজশাহী সুগার মিলস। এই চিনিকল ঘিরে গড়ে উঠেছিল কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃত পরিসর। কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র বদলে গেছে। আখের অভাব, পুরোনো যন্ত্রপাতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং জনবলসংকটে ধুঁকছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। গত দুই মাড়াই মৌসুমেই চিনিকলটির লোকসান হয়েছে প্রায় ১৩৯ কোটি টাকা। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত মাড়াই মৌসুম পর্যন্ত এর পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকা।

    চিনিকলটির সংকটের অন্যতম কারণ পর্যাপ্ত আখের অভাব। কাঁচামালসংকটের কারণে নির্ধারিত সময়ের আগেই উৎপাদন বন্ধ করতে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে প্রতি মণ আখের দাম ১১ টাকা বাড়িয়ে ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১৩ নভেম্বর থেকে আখ মাড়াই শুরু হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ৬০ দিন উৎপাদন চালানোর লক্ষ্যমাত্রা রয়েছে। তবে প্রয়োজনীয় পরিমাণ আখ সংগ্রহ করা না গেলে নির্ধারিত সময়ের আগেই মাড়াই কার্যক্রম বন্ধ করতে হতে পারে।

    চিনিকলের উৎপাদন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৬৭ কার্যদিবসে ৬ হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আখের সংকটে মাত্র ৪৪ দিন উৎপাদন চালানোর পর কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই মৌসুমে চিনি উৎপাদিত হয়েছে মাত্র ৩ হাজার ১৭১ টন। এর আগের ২০২৪-২৫ মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল ৩ হাজার ৫৬৭ টন। অন্যদিকে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আগের তিনটি মৌসুমে সব মিলিয়ে চিনি উৎপাদিত হয়েছিল মাত্র ৪ হাজার ৫৩৭ টন। অর্থাৎ ধারাবাহিকভাবে কমছে চিনিকলটির উৎপাদন।

    উৎপাদন কমলেও লোকসানের পরিমাণ বাড়ছে। ২০২৫-২৬ মৌসুমে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। এর আগের ২০২৪-২৫ মৌসুমে লোকসান ছিল প্রায় ৬৯ কোটি টাকা। এ ছাড়া ২০১৭-১৮ থেকে ২০২২-২৩ অর্থবছরের ছয় বছরে লোকসান হয়েছিল ৪৫৪ কোটি ১৬ লাখ ৭৮ হাজার টাকা। সব মিলিয়ে পুঞ্জীভূত লোকসান হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

    চিনিকলটির উৎপাদন ব্যয়ের চিত্রও উদ্বেগজনক। প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ৩০০ টাকা। অথচ সেই চিনি বিক্রি করতে হচ্ছে মাত্র ১২৫ টাকায়। ফলে উৎপাদিত প্রতিটি কেজি চিনিতেই বড় অঙ্কের ব্যয়ের ঘাটতি থেকে যাচ্ছে।

    তবে চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মো. সাদ্দাম হোসেন এই হিসাবকে পুরোপুরি নিট লোকসান হিসেবে দেখতে নারাজ। তাঁর মতে, এটিকে দায় হিসেবে বিবেচনা করা অধিক যুক্তিসংগত। কারণ প্রতিষ্ঠানটির স্থাবর-অস্থাবর সম্পদ এবং মানবসম্পদের মূল্য বিবেচনায় নেওয়া হলে প্রকৃত লোকসানের পরিমাণ তুলনামূলক কম হবে।

    সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিনিকলটির সংকটের পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো আখ চাষে কৃষকদের আগ্রহ কমে যাওয়া। একটি জমিতে আখ চাষ করতে ১২ থেকে ১৪ মাস সময় প্রয়োজন হয়। অথচ একই সময়ে অন্য ফসল চাষ করে দুই থেকে তিন দফা আয় করা সম্ভব। ফলে অনেক কৃষক আখের পরিবর্তে সবজি ও অন্যান্য লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন। কেউ কেউ আখের জমিতে পুকুর খনন করে মাছ চাষ করছেন।

    এর পাশাপাশি চিনিকলে আখ সরবরাহের পর মূল্য পেতে দেরি ও ভোগান্তির কারণেও কৃষকদের একটি অংশ আগ্রহ হারিয়েছেন। তাঁদের কেউ কেউ চিনিকলে আখ সরবরাহ না করে স্থানীয় মাড়াইযন্ত্রে আখ দিয়ে গুড় তৈরি করছেন। এতে চিনিকলের কাঁচামাল সংগ্রহ আরও কঠিন হয়ে পড়েছে।

    রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে রাজশাহী কৃষি অঞ্চলে ৪০ হাজার ৮৬৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে সেই জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪০ হেক্টরে। অর্থাৎ এক দশকে আখ চাষের জমি অর্ধেকেরও বেশি কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে চিনিকলটির কাঁচামাল সরবরাহে।

    চিনিকলটির অধীন ৯টি উপ-অঞ্চলের মধ্যে নগরায়ণের কারণে কাশিয়াডাঙ্গা, নওদাপাড়া ও মিলস গেট এলাকায় আখ চাষ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে পুঠিয়া, নন্দনগাছী, সরদহ, চারঘাট ও আড়ানী এলাকার আখের ওপরই মূলত নির্ভর করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

    আখের সংকটের পাশাপাশি পুরোনো যন্ত্রপাতিও উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। বছরে মাত্র দুই মাসের মতো চিনি উৎপাদন হলেও সারা বছর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হয়। দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ বন্ধ থাকায় জনবল কাঠামোতেও সংকট তৈরি হয়েছে। ফলে উৎপাদন কমলেও পরিচালন ব্যয়ের বোঝা উল্লেখযোগ্যভাবে কমানো যাচ্ছে না।

    ২০২০ সালে দেশের ছয়টি চিনিকলের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়ার সময় রাজশাহী চিনিকলও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সে সময় আখচাষিদের জন্য বরাদ্দ করা সার, বীজ ও কীটনাশক অন্য চিনিকলে পাঠানো হয়। এতে কৃষকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয় এবং অনেকেই আখ চাষ থেকে সরে আসেন। সেই আস্থার সংকট কাটিয়ে কৃষকদের আবার আখ চাষে ফিরিয়ে আনতে গত ২০ অক্টোবর রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে ১২ কোটি টাকা প্রণোদনা বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আকতার জাহান জানিয়েছেন, প্রতিষ্ঠানটিকে লোকসান থেকে বের করে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। এর অংশ হিসেবে চলতি মৌসুমে প্রায় ৭০ হাজার টন আখ মাড়াই করে ৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৩ হাজার ৯০০ জন চুক্তিবদ্ধ চাষি চিনিকলে আখ সরবরাহ করবেন।

    তিনি জানান, আখ সংগ্রহ বাড়াতে ক্রয়কেন্দ্রগুলো সচল করা হয়েছে। এবার প্রতি মণ আখ ২৬০ টাকা দরে কেনা হচ্ছে। নিবন্ধিত চাষিদের পাশাপাশি অন্য কৃষকেরাও চিনিকলে আখ সরবরাহ করতে পারবেন। এ ছাড়া মাড়াই মৌসুমে চিনিকলের অধিক্ষেত্রের মধ্যে ক্ষুদ্র আখ মাড়াইকল স্থাপন এবং গুড় তৈরির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চলতি মৌসুমে প্রতি কেজি চিনি উৎপাদনে ব্যয় প্রায় ৩০০ টাকা ধরা হয়েছে।

    পুঞ্জীভূত লোকসানের কারণ ব্যাখ্যা করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, লোকসানের হিসাবের বড় একটি অংশ আশির দশকে সরকারের কাছ থেকে নেওয়া ঋণ। সে সময় প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধ করতে না পারায় এবং সরকারও তা মওকুফ না করায় দীর্ঘদিন ধরে এই দায় বহন করতে হচ্ছে। তবে আখ মাড়াই মৌসুমে সরকার যে ঋণ দেয়, মৌসুম শেষে তা কর্তন করে সমন্বয় করা হয়।

    ১৯৬২ সালে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে চিনিকলটির নির্মাণকাজ শুরু হয়। ১৯৬৫-৬৬ মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরে ১৯৭২ সালে এটি রাষ্ট্রায়ত্ত করা হয়। ২২৯ দশমিক ৫৭৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠানটি একসময় রাজশাহী অঞ্চলের কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    তবে দীর্ঘদিনের সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং বিকল্প শিল্প স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের ওপর। শুধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ নয়, কৃষকদের আস্থা ফিরিয়ে আনা এবং চিনিকলটির আর্থিক ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তন আনাও এখন বড় চ্যালেঞ্জ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চব্বিশ হাজার কোটি টাকার ১০ প্রকল্প একনেকের সভায় অনুমোদন

    নভেম্বর 25, 2026
    অর্থনীতি

    গুদামে খাদ্যশস্য মজুত, তবুও সরকারি খাদ্য বিতরণ পাচ্ছে না সংকটাপন্ন পরিবার

    নভেম্বর 25, 2026
    অপরাধ

    ৪৬ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ, রহিম এনার্জিকে জরিমানা গুনতে হবে ৭০ কোটি

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.