ফেসবুকে শাড়ি, ঘরে তৈরি খাবার, হাতের কাজ কিংবা প্রসাধনী বিক্রি করছেন অনেক নারী। কেউ অনলাইন পেজের মাধ্যমে ব্যবসা করছেন আবার কেউ ঘরোয়া উদ্যোগকে ব্যবসায় রূপ দিচ্ছেন। অর্থনীতির জন্য এটি এক অপার সম্ভাবনা। কারণ ক্ষুদ্র উদ্যোগ হতে তৈরি হচ্ছে উৎপাদন বাড়ানোর সুযোগ, নতুন কর্মসংস্থান এবং স্থানীয় পর্যায়ে বিনিয়োগ। তার সাথে বাড়ছে নারীদের সঞ্চয় ও ব্যাংক হিসাব। কিন্তু বাড়ছে না ঋণ ও বিনিয়োগের হার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকের মোট আমানত হিসাবের ৩৮ দশমিক ৫ শতাংশ নারীদের নামে। কিন্তু ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিতরণ করা ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পেয়েছে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠান। অন্যদিকে সম্প্রতি প্রকাশিত জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি জরিপে দেখা যায়, প্রায় ৭০ শতাংশ নারী বিনিয়োগ বহুমুখীকরণ সম্পর্কে জানেন না।
অর্থাৎ অর্থনীতিতে অবদান রাখার মতো উদ্যোগ ও সঞ্চয় নারীদের রয়েছে, কিন্তু সেগুলোকে উৎপাদনশীল বিনিয়োগে রূপ দেওয়ার সুযোগ সীমিত। ঋণ ও বিনিয়োগের সুযোগ পেলে নারী উদ্যোক্তারা কতটা উৎপাদন, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি যোগ করতে পারেন? সেই সম্ভাবনার কী আমরা অব্যবহৃত রেখে দিচ্ছি?
অর্থনীতিতে অবদান
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ২৮ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নারীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে আনুমানিক ৮৪ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ একজন নারী উদ্যোক্তার ব্যবসা সচল থাকলে তার সঙ্গে যুক্ত হয় আরও হাজারো পরিবারের আয়-রোজগার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএন উইমেনের হিসাব অনুযায়ী, ২০২১ সালে দেশের অবৈতনিক গৃহস্থালি ও পরিচর্যার কাজের অর্থমূল্য ছিল ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা ওই বছরের জিডিপির ১৮ দশমিক ৯ শতাংশের সমান। এর ৮৫ শতাংশ অবদান ছিল নারীদের। কৃষিতেও নারীদের অবদান কম নয়। বিবিএসের ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে কৃষিকাজে যুক্ত নারীর সংখ্যা ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার, যা পুরুষ কৃষিশ্রমিকের সংখ্যার চেয়েও বেশি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন কর্মসূচির তথ্য তুলে ধরা হয়েছে। ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ নারী। কর্মসূচির আওতায় উদ্যোক্তাদের উৎপাদন ৬৬ শতাংশ, আয় ৪৯ শতাংশ এবং মুনাফা ৪১ শতাংশ বেড়েছে।
অবদান থাকলেও বড় হচ্ছে না ব্যবসার পুঁজি
নারী উদ্যোক্তাদের অর্থায়নের চিত্রে সবচেয়ে বড় বৈপরীত্য দেখা যায় ঋণ পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা এবং ঋণের পরিমাণের মধ্যে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতে মোট ঋণ বিতরণ হয়েছে ৭০ হাজার ১৭১ কোটি টাকা। এর মধ্যে নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠান পেয়েছে ৫ হাজার ২৮৪ কোটি টাকা, যা মোট ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।
ছোট অঙ্কের ঋণে ব্যবসা চালানো সম্ভব হলেও উৎপাদন বাড়ানো, যন্ত্রপাতি কেনা, নতুন কর্মী নিয়োগ কিংবা নতুন বাজারে প্রবেশের জন্য বড় অঙ্কের পুঁজি প্রয়োজন। সেই জায়গায় অনেক নারী উদ্যোক্তার সুযোগ সীমিত থেকে যাচ্ছে।
সঞ্চয় বাড়ছে, কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান কম
নারীদের আর্থিক সক্ষমতার সব থেকে বড় ঘাটতি বিনিয়োগ-জ্ঞান। ১৮ নভেম্বর প্রকাশিত ‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’-এর গবেষণায় দেখা যায়, বিনিয়োগ বহুমুখীকরণ সম্পর্কে ধারণা নেই প্রায় ৭০ শতাংশ নারীর। বিনিয়োগ বহুমুখীকরণ সম্পর্কে ধারণা না থাকার অর্থ হলো, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে ঝুঁকি কমবে, কোথায় মুনাফার সম্ভাবনা বেশি কিংবা মূল্যস্ফীতির কারণে টাকার ক্রয়ক্ষমতা কীভাবে কমছে-এসব বিষয়ে অনেকের পর্যাপ্ত ধারণা নেই। ফলে সঞ্চয়ের অর্থ কীভাবে কাজে লাগালে ভবিষ্যতে আয় বাড়বে, কীভাবে তাদের ব্যবসা বড় করতে পারবেন সে সম্পর্কে তাদের ধারনা নেই।
নিজের ফোন নেই, ডিজিটাল আর্থিক সেবাও সীমিত
আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রযুক্তি বড় সুযোগ তৈরি করেছে। জাতীয় জরিপ অনুযায়ী, ৫৫ দশমিক ৭ শতাংশ নারীর নিজের মোবাইল ফোন নেই।
নিজের ফোন না থাকলে মোবাইল ব্যাংকিং, ডিজিটাল লেনদেন, অনলাইন ব্যবসা কিংবা আর্থিক তথ্য পাওয়ার ক্ষেত্রে নারীদের অন্যের ওপর নির্ভর করতে হয়। এতে শুধু লেনদেনের স্বাধীনতাই সীমিত হয় না, ব্যবসার দৈনন্দিন কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়ে।
ডিজিটাল আর্থিক সেবার ব্যবহারেও সীমাবদ্ধতা রয়েছে। আরও দেখা যায়, ৮৩ দশমিক ১ শতাংশ নারী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করেন মূলত টাকা পাঠানো ও গ্রহণের কাজে। বিল পরিশোধসহ অন্যান্য কাজে ব্যবহার ৪ শতাংশের নিচে। ব্যাংক হিসাবধারী নারীদের মাত্র ৮ শতাংশ ডেবিট কার্ড ব্যবহার করেন।
অজ্ঞতাতে ক্ষতির পরিমাণ
ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকি বাড়ে
ব্যবসার আয়, ব্যয়, নগদ অর্থের প্রবাহ ও ভবিষ্যৎ পুঁজির প্রয়োজন বুঝতে না পারলে উদ্যোক্তাদের পক্ষে সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। কখন খরচ কমাতে হবে, কখন নতুন বিনিয়োগ করতে হবে কিংবা কতটুকু ঋণ নেওয়া নিরাপদ এসব বিষয়ে ভুল সিদ্ধান্তের কারণে লোকসান বাড়তে পারে। একপর্যায়ে ব্যবসা বন্ধ হওয়ার ঝুঁকিও তৈরি হয়।
ঋণের খরচ বাড়ে, মুনাফা কমে যায়
ব্যবসার জন্য ঋণ নিলে ব্যবসার আয়ের বড় অংশ কিস্তি পরিশোধে চলে যেতে পারে। আবার ব্যাংকঋণের সুযোগ ও শর্ত সম্পর্কে ধারণা না থাকলে উদ্যোক্তারা বেশি খরচের অনানুষ্ঠানিক ঋণের ওপর নির্ভর করতে পারেন। এতে ব্যবসার মুনাফা কমে যায় এবং নতুন বিনিয়োগের সামর্থ্যও সীমিত হয়। ২০২৪ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যাংকঋণ না পেয়ে কিছু নারী উদ্যোক্তার বেশি সুদে তৃতীয় পক্ষের কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়টি উঠে এসেছে।
প্রযুক্তি ও উৎপাদনশীলতায় বিনিয়োগ কমে যায়
ব্যবসার উৎপাদন বাড়াতে উন্নত যন্ত্রপাতি, ডিজিটাল হিসাবরক্ষণ, পণ্য সংরক্ষণ, বিপণন ও সরবরাহব্যবস্থায় বিনিয়োগ প্রয়োজন। কোন প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন খরচ কমবে কিংবা পণ্যের মান বাড়বে, তা বুঝতে না পারলে উদ্যোক্তারা পুরোনো পদ্ধতিতেই আটকে থাকেন। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় উৎপাদন খরচ বেশি হতে পারে।
বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন
বর্তমানে শুধু ভালো পণ্য তৈরি করলেই বাজারে টিকে থাকা যায় না। পণ্যের নকশা, মান, প্রচার, অনলাইন বিপণন ও ক্রেতার চাহিদার পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হয়। এসব ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা না থাকলে নারী উদ্যোক্তারা প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় পিছিয়ে পড়তে পারেন।
ব্যক্তিগত সঞ্চয় ও পরিবারের আর্থিক নিরাপত্তা ঝুঁকিতে পড়ে
অনেক নারী উদ্যোক্তা পরিবারের সঞ্চয় কিংবা ব্যক্তিগত সম্পদ ব্যবহার করে ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যক্তিগত অর্থ ও ব্যবসার পুঁজি আলাদা না রাখা, জরুরি তহবিল না রাখা কিংবা বিনিয়োগের ঝুঁকি না বোঝার কারণে ব্যবসায় লোকসান হলে পরিবারের আর্থিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
নতুন কর্মসংস্থান ও উৎপাদনের সম্ভাবনা কমে যায়
একটি নারী পরিচালিত ব্যবসা বড় হলে শুধু উদ্যোক্তার আয় বাড়ে না; সেখানে নতুন কর্মী নিয়োগ, কাঁচামাল কেনা, পরিবহন, বিপণন ও সরবরাহের মতো নানা অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়। কিন্তু বিনিয়োগের পরিকল্পনা, অর্থায়ন ও ব্যবসা পরিচালনার দক্ষতার অভাবে এসব উদ্যোগ ছোট পরিসরে আটকে থাকলে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও সীমিত হয়। ফলে অর্থনীতি সম্ভাব্য উৎপাদন, আয় ও কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়।
প্রস্তাবিত সমাধান
প্রথমত, ব্যবসাভিত্তিক আর্থিক প্রশিক্ষণ ও নারী উদ্যোক্তাদের আয়-ব্যয়, লাভ-লোকসান, নগদ অর্থ ব্যবস্থাপনা, ঋণের সুদ-কিস্তি ও পুনর্বিনিয়োগ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিতে হবে।
দ্বিতীয়ত, ব্যাংক থেকে ঋণ দেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোকে ব্যবসার হিসাব তৈরি, ঋণের শর্ত বোঝা এবং বিনিয়োগ পরিকল্পনায় উদ্যোক্তাদের সহায়তা করতে হবে।
তৃতীয়ত, ডিজিটাল জ্ঞান যেমন অনলাইন ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেন, নিরাপদ পেমেন্ট, অনলাইন হিসাবরক্ষণ ও ডিজিটাল ঋণ ব্যবহারে দক্ষ করে তুলতে হবে।
চতুর্থত, প্রশিক্ষণের পর উদ্যোক্তাদের উপযোগী ঋণ, ব্যবসায়িক পরামর্শ, অভিজ্ঞ উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ এবং বাজারসংযোগের সুযোগ দিতে হবে।
পঞ্চমত, প্রশিক্ষণের পর উদ্যোক্তাদের আয়, মুনাফা, ঋণ ব্যবস্থাপনা ও কর্মসংস্থানে কতটা উন্নতি হয়েছে, তা নিয়মিত যাচাই করতে হবে।

