Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খামার, নাকি পাচারের বৈধ পথ? ২০২৬ সালের খসড়া আইন ঘিরে জীববৈচিত্র্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
    মতামত

    খামার, নাকি পাচারের বৈধ পথ? ২০২৬ সালের খসড়া আইন ঘিরে জীববৈচিত্র্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

    মিজান মাজনুননভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    খামার, নাকি পাচারের বৈধ পথ? ২০২৬ সালের খসড়া আইন ঘিরে জীববৈচিত্র্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। ছবি: এআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে এখনো সুন্দরবন কিংবা পার্বত্য চট্টগ্রামে হরিণ শিকার পুরোপুরি বন্ধ করা যায়নি। বন বিভাগ, পুলিশ ও কোস্টগার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে, তবু হরিণ শিকার ও বন্যপ্রাণী পাচারের খবর আসছে। দেশের হাওর-বাঁওড়, নদী ও জলাশয়ে কচ্ছপ ধরা এবং বিক্রির ঘটনাও থামেনি। শীত মৌসুম এলেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় দেশি ও পরিযায়ী পাখি শিকারের উৎসব। আইন আছে, অভিযান আছে, শাস্তির বিধানও আছে, অথচ বাস্তবে বন্যপ্রাণী শিকার ও পাচার নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই।

    এই বাস্তবতায় যখন ‘স্তন্যপায়ী, সরীসৃপ ও পাখি জাতীয় প্রাণীর খামার স্থাপন, নিবন্ধন, প্রজনন ও উৎপাদন আইন, ২০২৬’-এর খসড়া সামনে আসে, তখন একজন পরিবেশকর্মী হিসেবে স্বাভাবিকভাবেই কিছু মৌলিক প্রশ্ন দেখা দেয়। প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, রোগ নিয়ন্ত্রণ, খামার ব্যবস্থাপনা ও বাণিজ্যিক উৎপাদনের জন্য আইন প্রয়োজন হতে পারে। কিন্তু সেই আইনের পরিধি যদি বন্যপ্রাণী, বিপন্ন প্রজাতি ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের ওপর নতুন ঝুঁকি তৈরি করে, তাহলে বিষয়টি নিছক প্রাণিসম্পদ ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি হয়ে ওঠে পরিবেশ, বন এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার প্রশ্ন।

    আইনের সংজ্ঞার বিস্তৃতি, উদ্বেগের প্রথম জায়গা

    একটি আইনের প্রকৃত প্রভাব বুঝতে হলে প্রথমেই তার সংজ্ঞা ও আওতা দেখতে হয়। প্রস্তাবিত খসড়ায় ‘স্তন্যপায়ী’, ‘সরীসৃপ’ ও ‘পাখি’—এই তিনটি বিশাল প্রাণিজগৎকে কেন্দ্র করে খামার স্থাপন, পালন, প্রজনন, উৎপাদন এবং আমদানি-রপ্তানির সুযোগের কথা বলা হয়েছে।

    খসড়ার ২ নম্বর ধারায় টিয়া, ময়ূর, ম্যাকাও, কাকাতুয়া, কুমির, ঘড়িয়াল, কচ্ছপ, গিরগিটি, গুইসাপ, সাপ, হরিণ, গয়ালসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রাণীকে এর আওতায় আনার কথা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এসব প্রাণীর সব প্রজাতি কি বাণিজ্যিক খামারে পালনের উপযোগী? সব প্রজাতির ক্ষেত্রে কি একই ধরনের ব্যবস্থাপনা গ্রহণযোগ্য? আর যেসব প্রাণী প্রাকৃতিক পরিবেশে বিপন্ন বা সংরক্ষিত, তাদের বাণিজ্যিক উৎপাদনের আওতায় আনার যৌক্তিকতা কী?

    বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার
    বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার। ছবি: সংগৃহীত

    আরও উদ্বেগের বিষয় হলো, খসড়ার ২(ঢ) ধারায় হরিণের চামড়া ও মাংস, কুমিরের চামড়া ও মাংস, সাপের বিষ ও চামড়া, কচ্ছপ ও গুইসাপের বিভিন্ন উপজাতকে ‘প্রাণিজাত পণ্য’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

    এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। একটি বন্যপ্রাণীর চামড়া, মাংস কিংবা অঙ্গপ্রত্যঙ্গকে যখন বাণিজ্যিক পণ্যের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়, তখন সেই পণ্যের বৈধ উৎস নিশ্চিত করার দায়িত্বও অত্যন্ত কঠোর হতে হয়। অন্যথায় প্রাকৃতিক বন থেকে শিকার করা কিংবা পাচার করে আনা প্রাণীর দেহাংশকে খামারে উৎপাদিত পণ্য হিসেবে দেখানোর ঝুঁকি তৈরি হতে পারে।

    একটি নিবন্ধিত খামারের কাগজপত্র দেখিয়ে কোনো প্রাণী বা প্রাণিজাত পণ্যের বৈধতা দাবি করা হলে সেটি যাচাই করার মতো প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের কতটা আছে? একটি হরিণের চামড়া, কচ্ছপ কিংবা সাপের চালান উদ্ধার হলে তা বন্য পরিবেশ থেকে এসেছে, নাকি বৈধ খামারে উৎপাদিত, সেটি নির্ভুলভাবে শনাক্ত করার ব্যবস্থা কী?

    আইন প্রণয়ন করা তুলনামূলক সহজ। কিন্তু দেশের প্রত্যন্ত বনাঞ্চল, সীমান্ত, নদী, বন্দর ও বাজারে প্রতিটি খামার এবং প্রাণিজাত পণ্যের উৎস নিয়মিত যাচাই করা অনেক কঠিন। এই বাস্তবতা উপেক্ষা করে আইনের পরিধি বাড়ানো হলে তার অপব্যবহারের সুযোগও বাড়তে পারে।

    বন্যপ্রাণী সংরক্ষণে দুর্বল প্রয়োগের মধ্যে নতুন বাণিজ্যিক সুযোগ কতটা নিরাপদ?

    খসড়ার কয়েকটি ধারা বিশেষভাবে পর্যালোচনার দাবি রাখে।

    প্রথমত, ধারা ২২ অনুযায়ী অপরাধগুলো আমলযোগ্য ও জামিনযোগ্য রাখা হয়েছে। অন্যদিকে ধারা ২৫-এ সাধারণ লঙ্ঘনের জন্য অনূর্ধ্ব এক বছর এবং রোগ ছড়ানোর ক্ষেত্রে অনূর্ধ্ব তিন বছর কারাদণ্ড অথবা তিন থেকে পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বলে খসড়ায় উল্লেখ রয়েছে।

    প্রশ্ন হলো, বিপন্ন বন্যপ্রাণী শিকার, পাচার কিংবা বড় অঙ্কের অবৈধ বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে এই শাস্তির কাঠামো কতটা কার্যকর হবে? বাঘ ও হাতি হত্যার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রেও কঠোর আইনি বিধান থাকা সত্ত্বেও অপরাধ পুরোপুরি বন্ধ করা যায়নি। ফলে শুধু শাস্তির বিধান থাকলেই হবে না, অপরাধের ধরন অনুযায়ী কার্যকর প্রয়োগ, তদন্ত ও জবাবদিহির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

    দ্বিতীয়ত, ধারা ১২(২)-এ ক্ষতিকর সংকরায়ণ বা অননুমোদিত প্রজাতির বংশবৃদ্ধি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু কোন সংকরায়ণ ক্ষতিকর, কোন বৈজ্ঞানিক মানদণ্ডে তা নির্ধারিত হবে এবং কে এর তদারকি করবে, সেটি স্পষ্ট হওয়া প্রয়োজন।

    খামার থেকে কোনো বিদেশি বা সংকর প্রজাতির প্রাণী পালিয়ে গেলে কিংবা প্রকৃতিতে ছেড়ে দেওয়া হলে দেশীয় প্রজাতির সঙ্গে তার প্রজনন, খাদ্যশৃঙ্খলে পরিবর্তন এবং রোগ বিস্তারের ঝুঁকি তৈরি হতে পারে। বাংলাদেশের জলজ পরিবেশে আগ্রাসী প্রজাতি সাকার ফিশের বিস্তার আমাদের জন্য একটি সতর্কবার্তা। প্রকৃতিতে কোনো অনাকাঙ্ক্ষিত প্রজাতি প্রতিষ্ঠিত হয়ে গেলে সেটি নিয়ন্ত্রণ করা কতটা কঠিন, তার বাস্তব উদাহরণ আমাদের সামনে রয়েছে।

    তৃতীয়ত, ধারা ১৫ ও ১৭-তে জুনোটিক রোগ নিয়ন্ত্রণ, কোয়ারেন্টাইন এবং বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। এগুলো অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু খামারে পালিত প্রাণী ও প্রাকৃতিক বন্যপ্রাণীর সংস্পর্শে রোগ ছড়িয়ে পড়লে দায়ভার কার ওপর বর্তাবে? কোনো রোগের সংক্রমণ বন্যপ্রাণী থেকে খামারে কিংবা খামার থেকে প্রাকৃতিক পরিবেশে ছড়িয়ে পড়লে তা শনাক্ত ও নিয়ন্ত্রণের দায়িত্ব কোন সংস্থা পালন করবে?

    কোভিড-১৯ মহামারি বিশ্বকে দেখিয়েছে, প্রাণী ও মানুষের স্বাস্থ্য, পরিবেশ এবং জীববৈচিত্র্য পরস্পরের সঙ্গে কতটা গভীরভাবে সম্পর্কিত। তাই শুধু খামারের স্বাস্থ্যবিধি নিশ্চিত করলেই চলবে না, প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সুরক্ষাকেও একই গুরুত্ব দিতে হবে।

    চতুর্থত, ধারা ৪, ৭(২), ৮(২) ও ১৮(২)-এ বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত বিভিন্ন মানদণ্ড ও শর্ত নির্ধারণের ক্ষমতার বিষয়টি রয়েছে। জৈব নিরাপত্তা, নিবন্ধন এবং আমদানি-রপ্তানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট বিধিমালা ছাড়া সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকলে প্রয়োগের ক্ষেত্রে অস্পষ্টতা ও সমন্বয়হীনতা তৈরি হতে পারে।

    দুই মন্ত্রণালয়ের এখতিয়ার ও বিদ্যমান আইনের সঙ্গে সংঘাতের আশঙ্কা

    এই খসড়া আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হলো প্রাতিষ্ঠানিক এখতিয়ার।

    প্রাণিসম্পদ, গবাদিপশু, পোল্ট্রি, ডেইরি, ভেটেরিনারি শিক্ষা ও প্রাণীর স্বাস্থ্য ব্যবস্থাপনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে প্রাকৃতিক বন, বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণীর আবাসস্থল এবং জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের ওপর ন্যস্ত।

    এই দুই ক্ষেত্রের কাজের মধ্যে সমন্বয় থাকা জরুরি। কিন্তু দায়িত্ব ও ক্ষমতার সীমারেখা অস্পষ্ট হলে তা নতুন জটিলতা তৈরি করতে পারে।

    প্রস্তাবিত খসড়ার ধারা ৩-এ বলা হয়েছে, অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, বাণিজ্যিক খামার স্থাপন, নিবন্ধন, পালন, প্রজনন, উৎপাদন ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে এই আইনের বিধান প্রাধান্য পাবে।

    অন্যদিকে ধারা ১৮(৩)-এ সংশ্লিষ্ট প্রাণী ও প্রাণিজাত পণ্যের আমদানি-রপ্তানির ক্ষেত্রে CITES-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ রয়েছে।

    এখানে প্রশ্ন উঠছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং আন্তর্জাতিক CITES বিধিবিধানের সঙ্গে এই নতুন আইনের সম্পর্ক কীভাবে নির্ধারিত হবে?

    বন্যপ্রাণীর সংরক্ষণ ও বাণিজ্য নিয়ন্ত্রণের দায়িত্ব একাধিক সংস্থার মধ্যে ভাগ হয়ে গেলে কার্যকর সমন্বয় অপরিহার্য। একটি সংস্থা যদি খামারের নিবন্ধন ও বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন দেয়, আর অন্য সংস্থা যদি সংশ্লিষ্ট প্রাণীর সংরক্ষণ ও প্রাকৃতিক উৎসের বৈধতা তদারকি করে, তাহলে তাদের মধ্যে দায়িত্বের সংঘাত তৈরি হলে তার সুযোগ নিতে পারে অবৈধ ব্যবসায়ীরা।

    বিশেষ করে CITES-এর আওতাভুক্ত প্রাণী ও প্রাণিজাত পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে উৎস, প্রজাতি, অনুমোদন এবং বৈধতার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কোনো ধরনের প্রশাসনিক অস্পষ্টতা দেশের আন্তর্জাতিক দায়বদ্ধতা ও বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমকে জটিল করে তুলতে পারে।

    বন্যপ্রাণী পাচারচক্রের জন্য নতুন সুযোগ তৈরি হবে না তো?

    বাংলাদেশের বন্যপ্রাণী পাচারের বাস্তবতা বিবেচনায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। কচ্ছপ, কাছিম, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং বিভিন্ন প্রাণীর চামড়া, মাংস, বিষ ও অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য দীর্ঘদিনের উদ্বেগের বিষয়।

    With skin in the export game, can Bhaluka’s crocodile farm live up to its potential?
    রপ্তানি বাণিজ্যে যুক্ত ভালুকার কুমির খামার কি তার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে? ছবি: সংগৃহীত

    এমন পরিস্থিতিতে একটি আইনে যখন দেশি-বিদেশি বিস্তৃত প্রজাতিকে খামার ও বাণিজ্যিক উৎপাদনের আওতায় আনার সুযোগ রাখা হয়, তখন বৈধ খামারের পরিচয় ব্যবহার করে অবৈধ প্রাণী বা প্রাণিজাত পণ্যের উৎস আড়াল করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

    এটি বলার অর্থ এই নয় যে প্রতিটি খামার অবৈধ কাজে ব্যবহৃত হবে। বরং প্রশ্ন হচ্ছে, সম্ভাব্য অপব্যবহার ঠেকানোর মতো কার্যকর ব্যবস্থা কি খসড়ায় যথেষ্ট স্পষ্ট?

    প্রতিটি প্রাণীর জন্ম, প্রজনন, স্থানান্তর, মৃত্যু ও বিক্রির ডিজিটাল রেকর্ড, শনাক্তকরণ ব্যবস্থা, নিয়মিত নিরীক্ষা এবং স্বাধীন তদারকি ছাড়া এই খাত নিয়ন্ত্রণ করা কঠিন হবে। শুধু নিবন্ধন সনদ দিয়ে বন্যপ্রাণীর বাণিজ্যিক ব্যবস্থাপনা নিরাপদ করা সম্ভব নয়।

    সুন্দরবনের একটি প্রাণীর নিরাপত্তা মানে একটি অঞ্চলের মানুষের নিরাপত্তা

    বন্যপ্রাণী সংরক্ষণকে অনেক সময় কেবল পশুপাখি রক্ষার বিষয় হিসেবে দেখা হয়। বাস্তবে এটি তার চেয়ে অনেক বড়।

    সুন্দরবনের হরিণ, বাঘ, কুমির, পাখি কিংবা জলজ প্রাণী প্রত্যেকেই একটি জটিল বাস্তুতন্ত্রের অংশ। একটি প্রজাতির সংখ্যা কমে যাওয়া কিংবা কোনো প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়া শুধু একটি প্রাণীর ক্ষতি নয়; এর প্রভাব পড়ে খাদ্যশৃঙ্খল, বনজ পরিবেশ, জলজ জীববৈচিত্র্য এবং সামগ্রিক প্রাকৃতিক ভারসাম্যের ওপর।

    সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নানা প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে এই বন ঢাল হিসেবে কাজ করে। এর ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবিকা, মৎস্যসম্পদ, বনজ সম্পদ এবং আঞ্চলিক অর্থনীতি।

    তাই বন্যপ্রাণী ও বনকে ঝুঁকিতে ফেলে কোনো বাণিজ্যিক খাতের সম্প্রসারণকে উন্নয়ন বলা যায় না। প্রকৃত উন্নয়ন হতে হবে এমন, যেখানে মানুষের জীবিকা এবং প্রকৃতির অস্তিত্ব পরস্পরের প্রতিপক্ষ হবে না।

    খসড়া আইনের ইতিবাচক দিকগুলোও বিবেচনায় নিতে হবে

    ন্যায্য আলোচনার স্বার্থে এটিও বলা প্রয়োজন, প্রস্তাবিত আইনের সব বিষয় নেতিবাচক নয়। ধারা ৬ ও ১১-তে বাণিজ্যিক খামার এবং প্রক্রিয়াজাতকরণ কারখানার নিবন্ধন, ধারা ১৪-তে তথ্যভান্ডার তৈরি, ধারা ১৫ থেকে ১৭-তে রোগের তথ্য দ্রুত জানানো, কোয়ারেন্টাইন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিয়ন্ত্রণ এবং ধারা ৮ ও ১০-এ নিবন্ধন ও আপিলের সময়সীমার মতো বিষয়গুলো প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে পারে।

    বাণিজ্যিক খামার, বৈজ্ঞানিক গবেষণা, রোগ নিয়ন্ত্রণ ও বিকল্প জীবিকার প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এসব উদ্যোগের সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণের সংঘাত যেন তৈরি না হয়, সেটিই নিশ্চিত করতে হবে।

    একটি খাতের উন্নয়নের জন্য অন্য একটি খাতের অস্তিত্ব ঝুঁকিতে ফেলা কোনোভাবেই দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না।

    আইন চূড়ান্ত করার আগে প্রয়োজন কয়েকটি মৌলিক সংশোধন

    এই খসড়া আইন নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশকর্মী, বন অধিদপ্তর এবং নাগরিক সমাজের মধ্যে উন্মুক্ত আলোচনা হওয়া প্রয়োজন। বিশেষ করে কয়েকটি বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জরুরি।

    Deers having food
    হরিণরা খাবার খাচ্ছে। ছবি: সংগৃহীত
    • ‘স্তন্যপায়ী, সরীসৃপ ও পাখি’—এমন ব্যাপক সংজ্ঞার পরিবর্তে কেবল নির্দিষ্ট, বৈজ্ঞানিকভাবে যাচাইকৃত ও অনুমোদিত প্রজাতিকে খামার ব্যবস্থাপনার আওতায় আনতে হবে।
    • বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর আওতাভুক্ত সংরক্ষিত ও বিপন্ন বন্যপ্রাণী এবং তাদের চামড়া, মাংস, বিষ, অঙ্গপ্রত্যঙ্গ ও উপজাতকে প্রস্তাবিত আইনের বাণিজ্যিক আওতা থেকে স্পষ্টভাবে বাদ দিতে হবে।
    • ধারা ৩ পুনর্বিবেচনা করে বিদ্যমান বন, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনগুলোর সুরক্ষা ও প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে।
    • ধারা ১৮(৩)-এর CITES-সংক্রান্ত এখতিয়ার ও দায়িত্ব স্পষ্ট করতে হবে, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে দায়িত্বের সংঘাত তৈরি না হয়।
    • খামারের প্রাণীর জন্ম, প্রজনন, স্থানান্তর, মৃত্যু ও বিক্রির জন্য বাধ্যতামূলক ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি নিয়মিত পরিদর্শন, স্বাধীন নিরীক্ষা ও কঠোর শাস্তির বিধান নিশ্চিত করতে হবে।
    • কোনো খামার থেকে প্রাণী পালিয়ে গেলে কিংবা প্রকৃতিতে অবৈধভাবে ছেড়ে দেওয়া হলে তার পরিবেশগত ক্ষতি ও দায় নির্ধারণের সুস্পষ্ট বিধান রাখতে হবে।
    • আইন চূড়ান্ত করার আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বন অধিদপ্তর, বন্যপ্রাণী বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে উন্মুক্ত পর্যালোচনা করতে হবে।

    প্রকৃতি ধ্বংস করে জীবিকা নয়, জীবিকা ও প্রকৃতির সহাবস্থান চাই

    আমাদের মনে রাখতে হবে, বন্যপ্রাণী কোনো ব্যক্তির সম্পত্তি নয়, কোনো বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীর মুনাফার উপকরণও নয়। এগুলো দেশের প্রাকৃতিক সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত উত্তরাধিকার।

    একটি আইন প্রণয়নের পেছনে অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান কিংবা রপ্তানি আয়ের যুক্তি থাকতে পারে। কিন্তু সেই যুক্তি দিয়ে বিপন্ন প্রজাতি, প্রাকৃতিক বন কিংবা জীববৈচিত্র্যকে ঝুঁকির মুখে ফেলা যায় না।

    কোনো বিশেষ শ্রেণি বা পেশার মানুষের অর্থনৈতিক স্বার্থ যেন রাষ্ট্রের পরিবেশগত নিরাপত্তার চেয়ে বড় হয়ে না ওঠে। খামার ও বাণিজ্যিক উৎপাদনের সুযোগ তৈরি করতে হলে তার আগে নিশ্চিত করতে হবে, সেই সুযোগ বন্যপ্রাণী শিকার ও পাচারের নতুন পথ খুলে দেবে না।

    আমরা এমন উন্নয়ন চাই, যেখানে মানুষের জীবিকা সুরক্ষিত হবে, প্রাণিসম্পদ খাত এগিয়ে যাবে, একই সঙ্গে সুন্দরবন, পার্বত্য বন, হাওর-বাঁওড় এবং দেশের প্রাকৃতিক জীববৈচিত্র্যও নিরাপদ থাকবে।

    কারণ প্রকৃতি বিপন্ন হলে শেষ পর্যন্ত মানুষও নিরাপদ থাকে না। বনের প্রাণী হারিয়ে গেলে শুধু একটি প্রজাতির মৃত্যু ঘটে না, ক্ষতিগ্রস্ত হয় পুরো বাস্তুতন্ত্র, বিপন্ন হয় মানুষের জীবন ও জীবিকা।

    আইন মানুষের কল্যাণে, প্রকৃতির সুরক্ষার বিপরীতে নয়। বন্যপ্রাণী সংরক্ষণের ভিত্তি দুর্বল করে কোনো বাণিজ্যিক খাতের ভবিষ্যৎ নির্মাণ করা যাবে না। তাই খসড়াটি চূড়ান্ত করার আগে আরও গভীর পর্যালোচনা, বিশেষজ্ঞ মতামত এবং জনসম্পৃক্ত আলোচনা জরুরি।

    • মিজান মাজনুন, সাংবাদিক ও পরিবেশ কর্মী
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    সুস্থ থাকতে শুধু হাঁটলেই হবে, নাকি বদলাতে হবে হাঁটার ধরনও?

    নভেম্বর 26, 2026
    শিক্ষা

    সেশনজট যাবে জাদুঘরে, শিক্ষার্থীদের স্বস্তির স্বপ্ন দেখালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    এশিয়ার নড়বড়ে অর্থনীতিকে আরও নাড়িয়ে দিল ট্রাম্পের নতুন শুল্ক

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.