দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার ২২ ক্যারেটের সোনার প্রতি ভরিতে ১ হাজার ৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৭৯ টাকা। মূল্য সংযোজন করসহ এই দাম কার্যকর হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে।
তবে নতুন করে দাম বাড়লেও এখনো দুই লাখ টাকার নিচে রয়েছে ২২ ক্যারেটের সোনা। চলতি বছরের ২৯ জানুয়ারি নির্ধারিত সর্বোচ্চ দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা থেকে বর্তমান দাম ৮৮ হাজার ১২২ টাকা কম।
বৃহস্পতিবার সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকার তথ্য জানানো হয়। এতে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ৩৬২ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
এর আগে বুধবার ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ৮৫৭ টাকা কমিয়েছিল সংগঠনটি। ওই দিন দাম কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোর ফলে সোনার বাজারে নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৪৬ বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এর মধ্যে ৬৮ বার দাম বাড়ানো হয়েছে, ৭৭ বার কমানো হয়েছে এবং একবার মূল্য সংযোজন করসংক্রান্ত কারণে সমন্বয় করা হয়েছে।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার মূল্য অপরিবর্তিত রেখেছে সংগঠনটি। বর্তমান মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ১ হাজার ৯২৪ টাকা।

