আগামী ২০২৭ সালের জ্বালানি চাহিদা মেটাতে ডিজেল, উচ্চ সালফারযুক্ত ফার্নেস অয়েল ও অকটেন আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রায় ৮ হাজার ১০ কোটি টাকা ব্যয়ের চারটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, চারটি পৃথক চুক্তির আওতায় বিভিন্ন ধরনের জ্বালানি আমদানি করা হবে। এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে দুটি প্রস্তাবের আওতায় ডিজেল এবং একটি প্রস্তাবের মাধ্যমে ফার্নেস অয়েল কেনার সুপারিশ করা হয়েছে।
প্রথম প্রস্তাবে ট্রাফিগুরার কাছ থেকে ২০২৭ সালের প্রথম ছয় মাসের জন্য ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ টাকা। দ্বিতীয় প্রস্তাবে একই প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজেল কিনতে ব্যয় হবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা।
এ ছাড়া ট্রাফিগুরার কাছ থেকেই ১৮০ সিএসটি মানের উচ্চ সালফারযুক্ত ফার্নেস অয়েল আমদানির প্রস্তাব করা হয়েছে। এ জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকা।
অন্যদিকে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে ৯৫ মানের অকটেন আমদানির সুপারিশ করা হয়েছে। এ প্রস্তাবে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকা।
চারটি প্রস্তাবে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকা। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সব কটি প্রস্তাবই অনুমোদনের সুপারিশ পেয়েছে।

