বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান দুই চালিকাশক্তি হলো রেমিট্যান্স ও রপ্তানি। একদিকে রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার স্থিতিশীল প্রবাহ নিশ্চিত করে, গ্রামীণ অর্থনীতিকে চাঙা করে এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে রপ্তানি খাত শিল্পায়ন, কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করে। তবে সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, বৈদেশিক বাণিজ্যের চ্যালেঞ্জ এবং রেমিট্যান্স প্রবাহের পরিবর্তনশীলতা এই দুই খাতের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। বর্তমান বাস্তবতায়, রেমিট্যান্স ও রপ্তানির মধ্যে কোনটি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি—তা বিশ্লেষণ ধর্মী লিখনীর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হলো।
রেমিট্যান্সের অবদান: প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, তা রেমিট্যান্স হিসেবে পরিচিত। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির অন্যতম প্রধান উৎস। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে- ২০২২ সালে রেমিট্যান্স আয় ছিল ২১ দশমিক ২৮ বিলিয়ন ডলার, যা ২০২১ সালের তুলনায় কিছুটা কম। ২০২১ সালে ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। তবে ২০২৩ সালের জুলাই-ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ছিল ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
২০২৪ সালে রেমিট্যান্স প্রবাহ নতুন রেকর্ড গড়েছে। পুরো বছরে দেশে এসেছে প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। বিশেষ করে ২০২৪ সালের ডিসেম্বরে এসেছে ২ দশমিক ৬৩ বিলিয়ন ডলার, যা এক মাসের রেমিট্যান্সের নতুন রেকর্ড। আগের বছরের ডিসেম্বরের তুলনায় এটি ৩৩ শতাংশ বেশি।
রেমিট্যান্সের বহুমুখী প্রভাব: বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স শুধু বৈদেশিক মুদ্রার যোগান দেয় না বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখে। প্রতি বছর লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ দেশে পাঠান, যা দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান: বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি-GDP)-এর একটি উল্লেখযোগ্য অংশ রেমিট্যান্স থেকে আসে। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং অর্থনীতির বিভিন্ন খাতকে সচল রাখতে সহায়তা করে। প্রবাসী আয় সরাসরি ভোক্তা ব্যয়, বিনিয়োগ এবং সঞ্চয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে, রেমিট্যান্সের ফলে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে এবং কৃষি ও ক্ষুদ্র ব্যবসার বিকাশ ঘটে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি: রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈদেশিক মুদ্রার এই সরবরাহ আমদানি ব্যয় মেটাতে সাহায্য করে এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থানকে শক্তিশালী করে। রিজার্ভ বাড়লে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা সহজ হয়। একই সঙ্গে এটি মুদ্রার বিনিময় হারকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়, যার ফলে টাকার মূল্য স্থিতিশীল থাকে এবং আমদানি নির্ভর শিল্পগুলোও লাভবান হয়।
দারিদ্র্য হ্রাস ও জীবনমান উন্নয়ন: রেমিট্যান্স দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের বহু পরিবার রেমিট্যান্সের ওপর নির্ভরশীল, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে। প্রবাসীদের পাঠানো অর্থের ফলে এসব পরিবারের জীবনযাত্রার মান উন্নত হয়। তারা খাদ্য, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার জন্য বেশি ব্যয় করতে সক্ষম হয়। যা সামগ্রিকভাবে দেশের মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে। রেমিট্যান্সের ফলে অনেক দরিদ্র পরিবার স্বাবলম্বী হয় এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়।
আন্তর্জাতিক বৈষম্য কমানো: রেমিট্যান্স শুধু দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে না এটি আন্তর্জাতিক আয়ের বৈষম্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশসহ নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর অনেক মানুষ উন্নত দেশে কাজ করে এবং সেখানে অর্জিত আয় দেশে পাঠিয়ে অর্থনীতিকে চাঙা রাখে। এটি বৈশ্বিক আয়ের অসমতা কমিয়ে আনে এবং নিম্ন আয়ের দেশগুলোর আর্থিক অবস্থার উন্নয়নে সহায়তা করে।
রপ্তানি খাতে অবদান: বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল রপ্তানি খাত দেশের বৈদেশিক মুদ্রা অর্জন, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বিরাট অবদান রাখছে। একক খাত হিসেবে বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ আসে পোশাক শিল্প থেকে, যা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তিগুলোর একটি।
২০২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানি হয়েছিল ৪ হাজার ৫৫১ কোটি ডলারের। এটি তার আগের অর্থবছরের তুলনায় ১ দশমিক ২৫ শতাংশ কম। এনবিআরের প্রাথমিক তথ্যানুযায়ী- সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে ৪ হাজার ৪৯৩ কোটি বা ৪৪ দশমিক ৯৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি তার আগের অর্থবছরের তুলনায় ১ দশমিক ২৫ শতাংশ কম। তবে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্য সাড়ে ৫৭ বিলিয়ন ডলার। জুলাই-জানুয়ারি মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ৮৯৭ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি।
বাংলাদেশের রপ্তানি খাত ইতিবাচক ধারায় এগিয়ে চলেছে। টানা চার মাস ধরে দেশের পণ্য রপ্তানি ৪০০ কোটি মার্কিন ডলারের বেশি হয়েছে। তবে জানুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধির গতি ডিসেম্বরের তুলনায় কিছুটা শ্লথ হয়েছে। সর্বশেষ জানুয়ারিতে বাংলাদেশ ৪৪৪ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭০ শতাংশ বেশি। যদিও ডিসেম্বরে রপ্তানি আয় ছিল ৪৬৩ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধির হার ছিল ১৭ শতাংশের বেশি। তার আগে অক্টোবর ও নভেম্বরে রপ্তানি আয় ছিল যথাক্রমে ৪১৩ ও ৪১১ কোটি ডলার।
রপ্তানি আয় শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমই নয়, এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং শিল্পখাতকে শক্তিশালী করতে সহায়তা করে। দেশের উৎপাদিত বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হলে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, যা দেশের আমদানি ব্যয় মেটাতে সাহায্য করে।
বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স ও রপ্তানির তুলনামূলক বিশ্লেষণ: বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে রেমিট্যান্স এবং রপ্তানি উভয় খাতই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই দুই খাতের অবদান এবং কার্যকারিতা ভিন্ন। রেমিট্যান্স প্রবাসী বাংলাদেশিদের অর্জিত আয়, যা সরাসরি তাদের পরিবার ও আত্মীয়স্বজনের কাছে পৌঁছে।ফলে ব্যক্তিগত খরচ বৃদ্ধি পায়, গ্রামীণ অর্থনীতি চাঙা হয় এবং দারিদ্র্য হ্রাস পায়। অন্যদিকে, রপ্তানি খাত দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা অর্থনীতির দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অপরিহার্য।
রেমিট্যান্স অর্থনীতির নিরব চালিকাশক্তি: রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। এটি সরাসরি ব্যক্তি ও পরিবারের হাতে পৌঁছায়, ফলে অভ্যন্তরীণ অর্থনীতিতে দ্রুত প্রবাহ তৈরি হয়। গ্রামীণ অঞ্চলে রেমিট্যান্সের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়।কারণ এটি শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং ক্ষুদ্র ব্যবসার প্রসারে সহায়তা করে। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সময় যখন রপ্তানি আয় কমে যায়, তখন রেমিট্যান্স দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করে, যা আমদানি ব্যয় মেটাতে সাহায্য করে এবং মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করে।
রপ্তানি আয় শিল্পায়ন ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির চালিকা শক্তি: রপ্তানি আয় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক বাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস, যা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তবে রপ্তানি খাত বৈশ্বিক বাজারের পরিবর্তনের ওপর নির্ভরশীল হওয়ায় এটি কিছুটা ঝুঁকিপূর্ণ। বিশ্বব্যাপী চাহিদা কমে গেলে বা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বেড়ে গেলে রপ্তানি আয় হ্রাস পেতে পারে। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নেতিবাচক প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে রেমিট্যান্স দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।
আলোচনা সাপেক্ষে বলা যায় যে রেমিট্যান্স ও রপ্তানি—বাংলাদেশের অর্থনীতির দুই গুরুত্বপূর্ণ চালিকাশক্তি, যা একে অপরের পরিপূরক। রেমিট্যান্স দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙা করে, গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করে এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি সরাসরি ব্যক্তিগত খাতে প্রবাহিত হয়, যা অভ্যন্তরীণ ভোগব্যয় ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক। অন্যদিকে রপ্তানি আয় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। তবে বৈশ্বিক বাজারের ওঠানামার কারণে রপ্তানি আয় অনেক সময় অনিশ্চয়তার মুখে পড়ে, তখন রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করে।
বর্তমান বাস্তবতায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে রেমিট্যান্স অপেক্ষাকৃত স্থিতিশীল ভূমিকা রাখছে। তবে টেকসই উন্নয়নের জন্য রপ্তানি খাতের প্রসার এবং বৈচিত্র্যকরণ অপরিহার্য। দেশকে দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে রেমিট্যান্স ও রপ্তানি উভয় খাতকে সমান গুরুত্ব দিয়ে পরিচালিত করতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বহুমুখী রপ্তানি খাত গড়ে তোলা—এই দুইয়ের সমন্বয়ই বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও সমৃদ্ধ করতে পারে।

