ইরানের পার্লামেন্ট দেশটির অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করেছে। অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে আনা অনাস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠ সাংসদরা তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। হেম্মতির মন্ত্রীত্বকালে ইরানি মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যায়। যা অর্থনৈতিক অস্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল (রোববার) পার্লামেন্টে হেম্মতিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব পাস হয়। এতে ১৮২ জন সংসদ সদস্য তাঁর অপসারণের পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ৮৯ জন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার মাত্র আট মাস আগে তাঁকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল।
বিভিন্ন অর্থনৈতিক পর্যবেক্ষণ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ইরানি মুদ্রার মান মার্কিন ডলারের বিপরীতে প্রায় অর্ধেক কমেছে। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে ৯ লাখ ২৭ হাজার ইরানি রিয়াল লেনদেন হচ্ছে। যেখানে গত বছরের আগস্টে তা ছিল ৫ লাখ ৯৫ হাজার ৫০০ রিয়াল।
সাংসদদের অভিযোগ, হেম্মতি দেশের অর্থনীতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন। ওষুধ, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। আবাসন খাতেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা নিয়ন্ত্রণেও তাঁর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের সরকার কী পদক্ষেপ নেয়, তা এখন পর্যবেক্ষণের বিষয়। হেম্মতির বিদায়ের পর নতুন অর্থমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে মুদ্রার মান স্থিতিশীল রাখা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে।

