বর্তমান বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতার মুখোমুখি, তখন উন্নয়নশীল দেশগুলোর জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। একদিকে শিল্পায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রয়োজন আবার অন্যদিকে পরিবেশগত ভারসাম্য রক্ষা করাও জরুরি। এই দ্বন্দ্বের সমাধানই হলো সবুজ অর্থনীতি। যা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পরিবেশের কোন ক্ষতি না করে উন্নয়ন করা সম্ভবপর হয়।
২০১১ সালের ইউএনইপি সবুজ অর্থনীতি প্রতিবেদনে বলা হয়েছে যে, একটি অর্থনীতি সত্যিকার অর্থেই সবুজ হতে হলে শুধু দক্ষ হলেই চলবে না বরং তা ন্যায়সঙ্গতও হতে হবে। অর্থাৎ উন্নয়ন এমন হতে হবে যা শুধু পরিবেশবান্ধব নয় বরং সমাজের সব শ্রেণির মানুষের জন্যও ন্যায্য সুযোগ সৃষ্টি করে।
বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য সবুজ অর্থনীতির কোনো বিকল্প নয় বরং বর্তমান সময়ের জন্য অপরিহার্য। পরিবেশবান্ধব বিনিয়োগের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, শিল্প-কারখানায় সবুজ প্রযুক্তির প্রয়োগ এবং টেকসই কৃষির প্রসার ঘটানো গেলে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে, তেমনি অন্যদিকে পরিবেশগত বিপর্যয়ও রোধ করা যাবে।
বিশ্বব্যাপী উন্নত দেশগুলো যখন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সবুজ প্রযুক্তির দিকে ঝুঁকছে, তখন বাংলাদেশও ধীরে ধীরে সেই পথ অনুসরণ করছে। তবে এই অগ্রযাত্রাকে বেগবান করতে সরকারি নীতি সহায়তা, বেসরকারি বিনিয়োগের প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। এখন সময় এসেছে পরিবেশের প্রতি দায়িত্বশীল থেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার। সবুজ অর্থনীতি বাস্তবায়নে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত পৃথিবী নিশ্চিত করা যায়।
সবুজ অর্থনীতি কী এবং কেন গুরুত্বপূর্ণ: সবুজ অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন নিশ্চিত করা হয়। সহজভাবে বলতে গেলে এটি এমন এক ব্যবস্থা যেখানে শিল্প, কৃষি, অবকাঠামো এবং প্রযুক্তির প্রতিটি ধাপে প্রকৃতির ভারসাম্য বজায় রাখা হয়। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) সবুজ অর্থনীতিকে সংজ্ঞায়িত করেছে এমন একটি ব্যবস্থারূপে যা কার্বন নির্গমন কমায়, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং সমাজের সকল স্তরের মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করে। এটি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নত করার জন্যও গুরুত্বপূর্ণ।
বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার আমাদের টেকসই ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বিশ্বে ৫২ গিগাটন কার্বন-ডাই-অক্সাইড ইকুইভ্যালেন্ট গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ। অপরিকল্পিত নগরায়ন, শিল্প-কারখানার দূষণ এবং বন উজাড়ের কারণে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। এই অবস্থায় সবুজ অর্থনীতির গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠছে।
সবুজ অর্থনীতি শুধু পরিবেশ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও কার্যকর। নবায়ন যোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব শিল্প ও কৃষির প্রসার এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, তেমনি অন্যদিকে দীর্ঘমেয়াদে অর্থনীতিকে আরও স্থিতিশীল ও টেকসই করে। তাছাড়া সবুজ অর্থনীতির মাধ্যমে পানি, মাটি ও বায়ু দূষণ কমানো সম্ভব। যা মানুষের স্বাস্থ্য ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সহায়ক।
সবুজ অর্থনীতির লক্ষ্য হলো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, কার্বন নির্গমন হ্রাস, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং টেকসই কৃষির প্রসার ঘটানো। এটি শুধু পরিবেশবান্ধব নয় বরং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করে। অনেক দেশ ইতোমধ্যেই নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি ও পরিবেশবান্ধব অবকাঠামোতে বিনিয়োগ বাড়িয়ে সবুজ অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন অন্ততঃ ৫৫% কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও ২০৫০ সালের মধ্যে ইউরোপে নিট কার্বন নির্গমন শূন্যে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অপচয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর বিশ্বজুড়ে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ। অপরিকল্পিত নগরায়ন, বন উজাড় ও জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য এই চ্যালেঞ্জ আরও বড়। ঘন ঘন বন্যা, অতিখরা-অতিবৃষ্টি, নদীভাঙন ও তাপমাত্রা বৃদ্ধির ফলে কৃষি, জনজীবন এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই পরিস্থিতিতে সবুজ অর্থনীতি শুধু পরিবেশ রক্ষার উপায় নয় বরং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সহায়ক। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, পরিবেশবান্ধব শিল্প স্থাপন, সবুজ কৃষি ও টেকসই অবকাঠামো গড়ে তোলা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। এটি জনস্বাস্থ্যের উন্নতি ঘটাবে, কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাবে।
বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য সবুজ অর্থনীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আমাদের শিল্প-কারখানায় দূষণ কমানো, কৃষিতে পরিবেশবান্ধব পদ্ধতি চালু করা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং অবকাঠামো উন্নয়নে সবুজ প্রযুক্তি কাজে লাগানোর মাধ্যমে একটি টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও সাধারণ জনগণেরও এই বিষয়ে সচেতন হওয়া দরকার।
বাংলাদেশের বর্তমান চিত্র: বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। যেখানে বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য পরিবেশবান্ধব বিনিয়োগ করা এখন আর ভবিষ্যতের চিন্তা নয় বরং একটি জরুরি বাস্তবতা। এটি শুধুমাত্র পরিবেশ সংরক্ষণে সহায়তা করবে না বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ইতোমধ্যে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উদাহরণ স্বরূপ- সোলার হোম সিস্টেমের মাধ্যমে গ্রামীণ বিদ্যুৎকরণে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তবে শক্তি খাতের বড় অংশ এখনও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৪০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে সৌর ফটোভোল্টাইক (Solar PV) এবং বায়ু শক্তির ক্ষেত্রে। বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
২০২৩ সালে ধারণা করা হয়েছিল যে, ২০৩০ সালের মধ্যে সৌর ও বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন ৩০% ছাড়িয়ে যাবে। বাংলাদেশ সরকারও এই লক্ষ্যকে সামনে রেখে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ ৩০% করার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া ২০৪১ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০% পরিচ্ছন্ন জ্বালানি থেকে সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ধীরে ধীরে টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায়।
সবুজ অর্থনীতির মাধ্যমে শুধু পরিবেশ রক্ষা করা যায় না বরং এটি দেশের সার্বিক অর্থনীতির উন্নয়নে অবদান রাখে। নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব অবকাঠামো, সবুজ কৃষি ও শিল্পকারখানায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয় ও দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সমস্যা মোকাবেলায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য পরিবেশবান্ধব বিনিয়োগ ও টেকসই উন্নয়নের লক্ষ্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবুজ অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ: বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশে সবুজ অর্থনীতির বাস্তবায়ন বেশ কঠিন। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে যা কৃষি ও অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব ফেলছে। একই সঙ্গে শিল্প ও পরিবহন খাতের অব্যবস্থাপনার কারণে বায়ু, পানি ও মাটির দূষণ বাড়ছে। শহরাঞ্চলে অপরিকল্পিত শিল্পায়ন ও প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।
প্রাকৃতিক বিপর্যয়ও আমাদের অর্থনীতির জন্য বড় হুমকি। কৃষি খাতে খরা, লবণাক্ততা বৃদ্ধি ও অতিবৃষ্টির কারণে ফসল উৎপাদনে সমস্যা দেখা দিচ্ছে যা খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এছাড়া সবুজ অর্থনীতির পথে এগোতে গেলে প্রচুর বিনিয়োগের প্রয়োজন হয়। নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তি ও দূষণ নিয়ন্ত্রণের জন্য বড় মূলধনের দরকার হয়। যা অনেক উন্নয়নশীল দেশের পক্ষেই সহজ নয়। বাংলাদেশেও সবুজ বিনিয়োগের সুযোগ সীমিত এবং প্রযুক্তিগত দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছে।
সবুজ অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলার উপায়: সবুজ অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশকে একটি সুপরিকল্পিত ও কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।
প্রথমতঃ নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে। সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণ এবং টেকসই জ্বালানি ব্যবস্থার উন্নয়ন করতে হবে। যাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে আসে।
দ্বিতীয়তঃ শক্তি দক্ষতা বৃদ্ধি করতে হবে। শিল্প ও গৃহস্থালি পর্যায়ে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি ভবনগুলোতে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের প্রতি জোর দিতে হবে।
তৃতীয়তঃ দূষণ প্রতিরোধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে এবং প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমাতে হবে। শহরাঞ্চলে বায়ু দূষণ কমানোর জন্য গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়াতে হবে।
চতুর্থতঃ সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। পানির অপচয় রোধ করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা উচিত ও পুনঃব্যবহারযোগ্য এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ (Recycling) ব্যবস্থা চালু করতে হবে। কৃষি খাতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব কৃষির দিকে মনোযোগ দিতে হবে।
পঞ্চমত: পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি চালু করতে হবে। শিল্প খাতে কার্বন নির্গমন কমাতে হবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উদ্যোগ নিতে হবে। সবুজ ভবন নির্মাণ ও টেকসই নগর উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে।
ষষ্ঠত: সবুজ শিল্পায়নকে উৎসাহিত করতে হবে। সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার ও বেসরকারি খাতকে যৌথভাবে বিনিয়োগ বাড়াতে হবে। পরিবেশবান্ধব শিল্পে বিনিয়োগ আকর্ষণ করতে বিশেষ প্রণোদনা দিতে হবে।
পরিশেষে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। উন্নত দেশগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা নিতে হবে। জলবায়ু তহবিল গঠনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানোর ব্যবস্থা নিতে হবে।
সবুজ অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করা কেবল একটি উন্নয়ন পরিকল্পনা নয় বরং এটি আমাদের ভবিষ্যৎ টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। বাংলাদেশ ধীরে ধীরে সবুজ অর্থনীতির পথে এগোচ্ছে এবং ইতিমধ্যে বেশ কিছু ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। তবে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এখনো অনেক কিছু করা প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হলে পরিবেশবান্ধব বিনিয়োগ ও সবুজ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এটি শুধু দেশের উন্নয়নের জন্য নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ার প্রতিশ্রুতি।

