বিশ্বব্যাপী ব্যবসার ধরন পরিবর্তন হচ্ছে যেখানে সৃজনশীল উদ্যোগ (Creative Entrepreneurship) অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রযুক্তির বিকাশ, উদ্ভাবনী চিন্তাধারা এবং নতুন বাজার তৈরির প্রবণতা ব্যবসার রূপান্তর ঘটাচ্ছে। বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনশীল চিত্রে সৃজনশীল উদ্যোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। শিল্প, প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং উদ্ভাবনী ধারণাগুলোর সংমিশ্রণে সৃজনশীল উদ্যোগে প্রবৃদ্ধির সম্ভাবনা নতুন বাজার তৈরির মাধ্যমে অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করছে। বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সৃজনশীল উদ্যোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ কীভাবে সৃজনশীল উদ্যোগের মাধ্যমে নতুন বাজার সৃষ্টি করতে পারে, তা বিশ্লেষণ করাই এই গবেষণাধর্মী প্রতিবেদনের মূল উদ্দেশ্য।
সৃজনশীল উদ্যোগের সংজ্ঞা: সৃজনশীল উদ্যোগ বলতে বোঝায় এমন উদ্যোগ যা নতুনত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন, নকশা বা সৃজনশীল দক্ষতার মাধ্যমে নতুন পণ্য, পরিষেবা বা অভিজ্ঞতা ব্যবহার করে বাজারে পরিবর্তন আনে। এটি কেবলমাত্র লাভজনক ব্যবসা নয় বরং অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও ফেলে।
সৃজনশীল উদ্যোগে প্রবৃদ্ধির সম্ভাবনা মূল বৈশিষ্ট্য:
এর মূল বৈশিষ্ট্য হলো নতুনত্ব ও উদ্ভাবন। প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন পণ্য বা পরিষেবা তৈরি করা। প্রযুক্তির ব্যবহার করে গুণগতমান উন্নয়ন ও সময় সাশ্রয় করা। যেমন: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ব্লকচেইন, ই-কমার্স ইত্যাদির সমন্বয়। বৈশ্বিক বাজারে প্রবেশের ধার উন্মুক্ত করা। ডিজিটাল মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ স্থাপন। অপর একটি উদ্যোগ হল নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। নতুন কর্মক্ষেত্র তৈরি করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
বিশ্বব্যাপী সৃজনশীল উদ্যোগের প্রবণতা:
বর্তমানে সৃজনশীল উদ্যোগের মাধ্যমে যেসব নতুন বাজার তৈরি হচ্ছে, তার কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তুলে ধরা হলো। বাংলাদেশের জন্য এই ক্ষেত্রগুলো বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। নতুন বাজার তৈরিতে সৃজনশীল উদ্যোগের ভূমিকা নিম্নরূপ। নতুন পণ্য ও পরিষেবা উদ্ভাবন সৃজনশীল উদ্যোগের প্রধান ভূমিকা হিসাবে বিবেচিত।
ফিনটেক: মোবাইল পেমেন্ট ও ডিজিটাল ব্যাংকিং বিস্তার লাভ করেছে। যেমন- বিকাশ, নগদ।
এডুটেক (EduTech): অনলাইন শিক্ষা ব্যবস্থা এবং স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। যেমন- রবি টেন মিনিট স্কুল এবং উদ্ভাস অনলাইন ক্লাস ও কোচিং।
স্বাস্থ্য প্রযুক্তি (HealthTech): অনলাইন রিমোট চিকিৎসা সেবা এবং AI- ভিত্তিক রোগ নির্ণয়। যেমন- ডাক্তারভাই।
বিদ্যমান পণ্য ও পরিষেবার পুনর্নবীকরণ–
সাস্টেইনেবল ফ্যাশন: পরিবেশবান্ধব পোশাক উৎপাদন।
ফার্ম-টু-টেবিল উদ্যোগ: কৃষিপণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়া।
ই-কমার্স ও অনলাইন মার্কেটপ্লেস: Daraz, Chaldal-এর মতো প্ল্যাটফর্মের উত্থান।
ফ্রিল্যান্সিং ও রিমোট ওয়ার্ক: Upwork, Fiverr-এর মাধ্যমে বৈদেশিক আয় বৃদ্ধি।
২০২৫ সালে বাংলাদেশের সম্ভাবনা ও প্রস্তুতি: বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে “ডিজিটাল ইকোনমি” প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। কিছু সম্ভাবনাময় ক্ষেত্র হলো- তরুণ জনগোষ্ঠী ও কর্মক্ষম জনসংখ্যা সৃজনশীল উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের ৬৫% মানুষ ৩৫ বছরের কম বয়সী, যা উদ্যোক্তা বৃদ্ধির জন্য ইতিবাচক। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে।
ডিজিটাল সংযোগ ও প্রযুক্তি প্রবৃদ্ধি নিম্নরূপ-
ইন্টারনেট ব্যবহারকারী: ২০২৫ সালের মধ্যে ১০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী: ২০২৩ সালে ৬ কোটি যা ২০২৫ সালের মধ্যে আরও বৃদ্ধি পাবে। এর ফলে ক্রমাগত বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে স্টার্টআপ খাতে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। ২০২২ সালে ই-কমার্সের খাতের প্রবৃদ্ধি ৭০%।
রপ্তানি ও ফ্রিল্যান্সিং দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশ ফ্রিল্যান্সিং খাতে বিশ্বের ৩য় স্থান অধিকার করছে। ২০২৫ সালের মধ্যে আইটি এক্সপোর্ট খাতে অর্থনীতি ১৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
সৃজনশীল উদ্যোগের চ্যালেঞ্জ ও সমাধান-
চ্যালেঞ্জসমূহ: অর্থায়নের সীমাবদ্ধতা একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে এখনো অনেক উদ্যোক্তা বিনিয়োগ ও সহজ ঋণের অভাবে বড় উদ্যোগ নিতে পারছেন না। উপযুক্ত প্রশিক্ষণের অভাবে টেকনোলজির সীমিত ব্যবহারের দক্ষতা রয়েছে। সৃজনশীল উদ্যোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ হলেও অনেক উদ্যোক্তার পর্যাপ্ত প্রশিক্ষণ নেই। অনেক সময় নতুন উদ্যোক্তাদের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হতে হয়। নতুন উদ্যোক্তাদের জন্য বাজারে প্রবেশ করা কঠিন, কারণ বড় কোম্পানিগুলো প্রতিযোগিতার সুবিধা বেশি পায়। তাছাড়া নীতিগত প্রতিবন্ধকতা রয়েছে। স্টার্টআপ ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহজতর নীতিমালা এখনো গড়ে ওঠেনি।
২০২৫ সালের জন্য সুপারিশ সমূহ-
বিনিয়োগ সহজতর করা: স্টার্টআপ সহজতরকরণ ও উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ ও ঋণ প্রক্রিয়া চালু করা। স্টার্টআপদের জন্য ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ ট্যাক্স ছাড়।
প্রযুক্তি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন: তরুণদের জন্য বিশেষ উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা। বিশ্বমানের ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করন। তাছাড়া AI, Data Science, Blockchain-এর উপর বিশেষ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা। ই-কমার্স ও ফ্রিল্যান্সিং খাতে নীতিগত সহায়তা, স্টার্টআপ লাইসেন্সিং ও কর ব্যবস্থার সরলীকরণ। ই-কমার্স ব্যবসার জন্য নির্দিষ্ট আইন প্রণয়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।
সরকারি ও বেসরকারি সহযোগিতা বৃদ্ধি: সরকারি উদ্যোগে ইনকিউবেশন সেন্টার চালু করা। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথ সহযোগিতা বৃদ্ধি করন। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা।
বাংলাদেশের সৃজনশীল উদ্যোগ যদি সঠিক পরিকল্পনা ও নীতিগত সহায়তা পায়, তাহলে এটি নতুন বাজার সৃষ্টি করে দেশের অর্থনীতিকে বহুগুণে এগিয়ে নিয়ে যেতে পারে। ২০২৫ সালের মধ্যে ডিজিটাল প্রযুক্তি, ই-কমার্স, ফ্রিল্যান্সিং এবং টেকনোলজি বেইজড সেক্টর বাংলাদেশকে ৫০ বিলিয়ন ডলারের ডিজিটাল ইকোনমিতে রূপান্তরিত করতে পারে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সরকার, বিনিয়োগকারী ও তরুণ উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সঠিক পরিকল্পনা গ্রহণ করলে বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ সৃজনশীল অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়।

