দিনাজপুরের হিলি বাজারে সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের দাম কেজিতে ৮০ থেকে ১০০ টাকা কমে গেছে। এই দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষদের মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ পরিস্থিতি এমন থাকলে আগামী দিনে শুকনা মরিচের দামে আর বাড়তি চাপ পড়বে না।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে শুকনা মরিচের সরবরাহ এখন ভালো অবস্থায় রয়েছে। যেখানে এক সপ্তাহ আগেও প্রতি কেজি শুকনা মরিচ প্রকারভেদে ২৪০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছিল, এখন তা কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, দাম কমার ফলে বিক্রিও বেড়ে গেছে। তবে বাজারে কারেন্ট মরিচ এখনও ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শুকনা মরিচ কিনতে আসা হিলির বাসিন্দা আনছার আলী জানান, গত কয়েক সপ্তাহ ধরে বাজারে মরিচের দাম বাড়তি থাকায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। মরিচ কম পরিমাণে কিনে চাহিদা মেটাতে হচ্ছিল। এখন দাম কমে যাওয়ায় ১৬০ টাকায় এক কেজি শুকনা মরিচ কিনতে পারছেন এতে পরিবারের প্রয়োজনমতো মরিচ সংগ্রহ করা সম্ভব হচ্ছে বলে তিনি জানান।
হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা আবুল হাসনাত জানান, এতদিন বাজারে মূলত বগুড়ার শুকনা মরিচই ছিল যার সরবরাহ কম থাকায় দাম চড়া ছিল। তবে এখন পঞ্চগড়ের ‘বিন্দু’ জাতের শুকনা মরিচ বাজারে আসতে শুরু করেছে। পাশাপাশি কাঁচা মরিচের দাম কম থাকায় অনেক কৃষক তা শুকিয়ে বাজারে তুলছেন। এর ফলে বাজারে সরবরাহ বাড়ছে এবং দাম কমছে। বর্তমানে তারা ১৬০ টাকা কেজি দরে শুকনা মরিচ বিক্রি করছেন যেখানে এক সপ্তাহ আগেও তা ছিল ২৪০ থেকে ২৬০ টাকা। তিনি বলেন, সরবরাহ পরিস্থিতি এমন থাকলে ভবিষ্যতে মরিচের দাম বাড়ার সম্ভাবনা নেই।
এই দাম হ্রাস সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির হলেও কৃষকদের আয় কিছুটা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কৃষি বাজারে স্থিতিশীলতা বজায় থাকলে এটি সাময়িক ধাক্কা হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।

