দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা দিয়েছে যে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩,৫৭০ টাকা কমিয়ে ১ লাখ ৬৮,৯৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ৩ মে রবিবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বর্ণের নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৬৮,৯৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১,৩০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮,২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৪,২৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যোগ করা হবে। তবে, গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
এই বছরে এ পর্যন্ত ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম বেড়েছে ১৯ বার এবং কমেছে ৮ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৭ বার কমানো হয়েছে।

