বাংলাদেশের চামড়া ও টেক্সটাইল শিল্পে ব্যবহৃত হচ্ছে একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ—পিফাস (PFAS)। এই রাসায়নিকটি মাটি ও পানি দূষিত করছে, যা শিল্প এলাকার বাসিন্দাদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ক্যান্সার, লিভারের সমস্যা এবং থাইরয়েডের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
রাজধানীর গুলশানে ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত একটি সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। “বাংলাদেশে পিফাস দূষণ ও জনস্বাস্থ্য” শীর্ষক সেমিনারে বক্তারা জানান, টেক্সটাইল কারখানার আশপাশের ৮৭ শতাংশ পৃষ্ঠজলে এবং ৭৫ শতাংশ কলের পানিতে পিফাসের উপস্থিতি পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, সাভারের কর্ণতলী নদীতে পিফাসের মাত্রা ডাচ পরামর্শ সীমার চেয়ে ৫৪ হাজার গুণ বেশি। এই দূষণ এলাকার মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। এর ফলে ক্যান্সার, লিভারের ক্ষতি, থাইরয়েড সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে।
পিফাস মূলত নন-স্টিক কুকওয়্যার, খাবারের মোড়ক, অগ্নিনির্বাপক ফোম এবং কাপড়ে ব্যবহার হয়। এসব রাসায়নিকের বর্জ্য নির্গমন থেকে পানিতে এবং মাটিতে দীর্ঘস্থায়ী দূষণ সৃষ্টি হয়। তবে বাংলাদেশে এখনো পিফাস নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণের কোনো জাতীয় নীতি নেই।
এ বিষয়ে সেমিনারে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, “পিফাস দূষণে আমরা বর্তমানে বিপর্যস্ত। একসময় আর্সেনিকের সমস্যার বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু এখনও আর্সেনিকযুক্ত পানি পান করছি। সরকার পানি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।”
ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার হিউবার্ট বোম বলেন, “দ্রুত শিল্পায়ন পিফাস দূষণের জন্য দায়ী। এটি শুধু বাংলাদেশের নয়, একটি বৈশ্বিক সমস্যা। সরকারের পাশাপাশি ব্যক্তি খাতকেও দায়িত্ব নিতে হবে।” তিনি কেমিক্যাল আমদানির নিবন্ধন এবং মনিটরিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
গণসংহতি আন্দোলনের মুখ্য সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “জনস্বাস্থ্য একটি সামাজিক দায়িত্ব। স্বাস্থ্য যদি কেবল চিকিৎসায় পরিণত হয়, তাহলে তা ব্যবসায় পরিণত হয়। আমাদের নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে, বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। সঞ্চালনায় ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। অনুষ্ঠানে বাংলাদেশে পিফাস দূষণের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট শাহিদ হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সহ-আহ্বায়ক এমএস সিদ্দিকী, ওয়াটারকিপার অ্যালায়েন্সের অ্যাডভোকেসি পরিচালক জ্যাকি এসপোসিটো, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সাইপ্রেস সিসটেম আইএনসির প্রযুক্তি প্রধান ড. জাকি ইউসুফ, ইএসডিও’র প্রোগ্রাম উপদেষ্টা অটল কুমার মজুমদার এবং থ্রি ফিফটি ডট অর্গ-এর দক্ষিণ এশিয়া মোবিলাইজেশন সমন্বয়ক আমানুল্লাহ পরাগ।

