এপ্রিলের প্রথম সপ্তাহে টানা চারদিন অ্যাপলের শেয়ারমূল্য ২৩ শতাংশ কমে, যার ফলে কোম্পানির বাজারমূল্য নেমে আসে ২.৫৯ ট্রিলিয়ন ডলারে। এই সময়ে মাইক্রোসফটের বাজারমূল্য ছিল ২.৬৪ ট্রিলিয়ন ডলার। তবে গত শুক্রবার পর্যন্ত, অ্যাপল ও মাইক্রোসফটের বাজারমূল্য দাঁড়িয়েছে যথাক্রমে ৩.০৭ ও ৩.২৩ ট্রিলিয়ন ডলার। ফলে মাইক্রোসফট এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি।
বিশ্ববাজারে এই ধাক্কার প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির ফলে শতাধিক দেশের ওপর চাপ পড়েছে। শুল্ক বৃদ্ধি, মূল্যবৃদ্ধির শঙ্কা এবং মন্দার আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এর মধ্যে অ্যাপল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ তাদের উৎপাদন বেশিরভাগই চীনের ওপর নির্ভরশীল।
২০২৪ সালের শুরুতে অ্যাপল, মাইক্রোসফট এবং এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৩ ট্রিলিয়ন ডলারের বেশি। তবে সাম্প্রতিক সময়ে বিক্রির চাপের কারণে অ্যাপল পিছিয়ে পড়ে। জানুয়ারিতে মাইক্রোসফট দুর্বল আয়ের পূর্বাভাস দিয়েছিল কিন্তু বিশ্লেষকরা মনে করেন, শুল্ক অনিশ্চয়তা থেকে মাইক্রোসফট কিছুটা বেশি সুরক্ষিত ছিল।
মাইক্রোসফট চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৭ হাজার কোটি ডলারের বেশি আয় করেছে। কোম্পানির প্রকাশিত আয়ের প্রতিবেদন অনুযায়ী, তাদের নিট মুনাফা ছিল প্রায় আড়াই হাজার কোটি ডলার। শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩ ডলার ৪৬ সেন্ট। এ সময় মাইক্রোসফটের আয় বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে।
এদিকে, ২০২৪ সালের শুরুতে মাইক্রোসফট কিছু সময়ের জন্য বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি ছিল, তবে অ্যাপল দ্রুত তা পুনরুদ্ধার করে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়েছেন, কোম্পানির আয়ের পেছনে মূল ভূমিকা রেখেছে ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি। মাইক্রোসফটের ক্লাউড খাতে আয় হয়েছে ২ হাজার ৬৮০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। জানুয়ারি-মার্চ প্রান্তিকের আয় বিশ্লেষকদের প্রত্যাশিত ২ হাজার ৬১৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বিশ্ববাজারে শুল্কের চাপ থাকলেও, মাইক্রোসফট উদ্ভাবন এবং শক্তিশালী ব্যবসায়িক কৌশলের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করেছে।

