২০২৫ সালের এপ্রিল মাসে বিদেশে পাড়ি জমানো বাংলাদেশি কর্মীর সংখ্যা কমে এসেছে উদ্বেগজনকভাবে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ওই মাসে মাত্র ৪৯ হাজার ৯৮৩ জন কর্মী বিদেশে গেছেন যা গত ৪৩ মাসে সর্বনিম্ন। এ বিপর্যয়ের পেছনে মূল কারণ হিসেবে সৌদি আরবে কর্মী নিয়োগের হার ৬৪ শতাংশের বেশি হ্রাস পাওয়া উল্লেখ করেছে সংস্থাটি।

জানুয়ারি মাসের শেষ দিকে সৌদি আরবে একক ভিসাধারীদের জন্য রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অ্যাটেস্টেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই নিয়োগে এই বড় ধরনের ধস দেখা দিয়েছে। অনেক কর্মীর পাসপোর্টে বৈধ চাকরির নিশ্চয়তা বা আকামা না থাকায় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ইস্যুতে কঠোরতা আরোপ করা হয়েছে। এর ফলে বিদেশে কর্মসংস্থানের হার মার্চের তুলনায় ৫২ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ কমে গেছে।
এমন পরিস্থিতিতে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রমবাজারগুলোও বন্ধ থাকায় বাংলাদেশের সামগ্রিক বৈদেশিক কর্মসংস্থান খাতে গভীর সংকট দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রমবাজার সৌদি আরবের ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকায় একক এই বাজারে ধস নামতেই দেশের কর্মী রপ্তানি খাতে বড় ধাক্কা এসেছে।
উদাহরণস্বরূপ, এপ্রিল মাসে সৌদি আরব মাত্র ২৮ হাজার ৬৭১ জন কর্মী নিয়েছে, যেখানে মার্চে এ সংখ্যা ছিল ৮০ হাজার ৬৬৩ জন। একই সময়ে দ্বিতীয় বৃহত্তম গন্তব্য ছিল কাতার, যেখানে গিয়েছেন ৬ হাজার ২৯৫ জন কর্মী। সিঙ্গাপুর, কুয়েত, জর্ডান এবং কিরগিজস্তানেও কিছু কর্মী গিয়েছেন।
সৌদি আরবে নিয়োগে জটিলতা নিরসনে রিক্রুটিং এজেন্সিগুলো সহজ শর্তে ডিমান্ড লেটার ইস্যুর দাবি তুলেছে। মার্চ মাসে এজেন্সিগুলোর আন্দোলনের মুখে কিছু ভিসা ছাড় করা হলেও এপ্রিল মাসে আবারও ওই প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। ফলে বহু কর্মী এখনো বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড পাননি।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একটি অংশ আজ প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছে। তারা দাবি জানিয়েছে, সৌদি আরবগামী কর্মীদের ক্লিয়ারেন্স কার্ড ইস্যুতে জটিলতা দূর করতে হবে এবং মালয়েশিয়ায় নিয়োগ নিয়ন্ত্রণে থাকা সিন্ডিকেট অবিলম্বে অপসারণ করতে হবে।
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, “ফেব্রুয়ারিতে জনশক্তি রপ্তানিতে ধস নামার পর আমরা আন্দোলনে যাই এবং বিএমইটি মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করি। এরপর স্থগিত থাকা ডিমান্ড লেটার ছাড় হয় এবং কার্ড ইস্যু শুরু হয়। কিন্তু এপ্রিল মাসে আবার সেই প্রক্রিয়া থেমে গেছে।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বন্ধ শ্রমবাজারগুলো পুনরায় চালু করতে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে এবং ইউরোপের মতো নতুন গন্তব্য খুঁজে দক্ষ কর্মী পাঠাতে হবে।
সৌদি আরবে কর্মী নিয়োগের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের ভিসা ইস্যু করা হয় সিঙ্গেল ভিসা এবং গ্রুপ ভিসা। একাধিক কর্মী একই প্রতিষ্ঠানে পাঠানো হলে গ্রুপ ভিসার জন্য আগে থেকেই অ্যাটেস্টেশন বাধ্যতামূলক ছিল। তবে সিঙ্গেল ভিসায় কিছুটা ছাড় থাকলেও এখন সেটিও বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হলো চাকরির নিশ্চয়তা এবং বৈধ আকামা ছাড়া কর্মীদের বিদেশে পাঠানো হলে তারা প্রতারণার শিকার হতে পারেন। তাই ভিসার অফার যাচাই ও প্রতারণা রোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএমইটি জানিয়েছে, এই সিদ্ধান্ত বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩ এবং বৈদেশিক কর্মসংস্থান বিধিমালা, ২০১৭-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিরাপদ অভিবাসন নিশ্চিত করাই এর লক্ষ্য। একসময় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস খুব দ্রুত ডিমান্ড লেটার অনুমোদন দিত কারণ সৌদি আরব ছিল সবচেয়ে বড় শ্রমবাজার। কিন্তু প্রতারণা ও কর্মপরিবেশের সমস্যা বাড়ায় দূতাবাস কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। এখন দূতাবাস একটি অনলাইনভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে ডিমান্ড লেটার অ্যাটেস্টেশন কার্যক্রম চালু করেছে যা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনায় আশার আলো দেখা যাচ্ছে। সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছেন ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি। রাষ্ট্রদূত জানান, ইউএই সরকার এবং লুৎফে সিদ্দিকীর সক্রিয় যোগাযোগের ফলে দু’দেশের মধ্যে একাধিক মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে এবং ভিসা সহজীকরণসহ নানা বিষয়ে অগ্রগতি হয়েছে।
বর্তমানে ইউএই দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে এবং ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসঙ্গে ভিসা ইস্যু করছে। এছাড়া ইউএই সরকারের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য স্কিল্ড এমপ্লয়মেন্ট ভিসা অনলাইনে ইস্যু করতে শুরু করেছে। এর আওতায় সম্প্রতি বিপণন ব্যবস্থাপক, হোটেল কর্মী এবং নিরাপত্তা প্রহরীদের জন্য কয়েকশ ভিসা ইস্যু হয়েছে এবং আরও ১ হাজার ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সংশ্লিষ্টদের আশা, আগামী মাসগুলোতে সংযুক্ত আরব আমিরাত ভিসা ইস্যুর ক্ষেত্রে আরও শিথিলতা আনবে যা বাংলাদেশের জন্য নতুন করে সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

