পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের নামে রাখা টাকা জমা হয় একটি একক হিসাব বা সমন্বিত গ্রাহক হিসাব (সেন্ট্রাল কাস্টমার অ্যাকাউন্ট বা সিসিএ)–এ। এই অ্যাকাউন্টে জমাকৃত অর্থ ব্যাংকে থাকায় প্রতিবছর এর বিপরীতে একটি উল্লেখযোগ্য পরিমাণ সুদ আসে। এত দিন ধরে এই সুদের মালিকানা নিয়ে পরিষ্কার কোনও বিধান না থাকায় তা এক ধরনের বিতর্কিত সম্পদে পরিণত হয়েছিল। যদিও মূল অর্থের ওপর বিনিয়োগকারীদের অধিকার ছিল কিন্তু সুদের ওপর তাঁদের সরাসরি মালিকানা ছিল না।
অন্যদিকে ব্রোকার হাউসগুলোও পুরোপুরি এ অর্থকে নিজেদের আয় হিসেবে দাবি করতে পারত না তবুও বছর বছর এই অর্থ তাদের ঘরেই জমা হয়েছে আয় হিসেবেও তা দেখানো হয়েছে এবং কর পরিশোধও করা হয়েছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মনে করছে, এত দিন ধরে চলে আসা এই বিতর্কিত ব্যবস্থার অবসান প্রয়োজন। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সিসিএ অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত মুনাফা নিয়ে নতুন করে আইনগত সংস্কার আনা হবে। বিএসইসি এরই মধ্যে একটি খসড়া আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে যার মূলভাব হচ্ছে ‘সিসিএর মুনাফা কারও ব্যক্তিগত সম্পদ নয়।’ অর্থাৎ এই মুনাফার মালিকানা থাকবে না বিনিয়োগকারীদের কাছে আবার ব্রোকারদের কাছেও নয়।
তবে এই অর্থ জমা করে শুধু ফেলে রাখা হবে না। খসড়া আইনে উল্লেখ করা হয়েছে, এই সুদের ২৫ শতাংশ জমা হবে স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে এবং বাকি ৭৫ শতাংশ ব্যয় করা হবে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচিতে। এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো কেউ যেন ভবিষ্যতে এই অর্থকে নিজেদের ব্যক্তিগত আয় বলে দাবি করতে না পারেন। অর্থাৎ এই তহবিলের মালিকানা থাকবে পুঁজিবাজার সংশ্লিষ্ট বৃহত্তর স্বার্থের অধীনে এবং এর ব্যবহার হবে বিনিয়োগকারীদের কল্যাণেই।
তবে বিএসইসির এই নতুন প্রস্তাবিত নিয়ম নিয়ে বাজারে নানা প্রশ্ন এবং বিতর্কও দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, যেহেতু মূল অর্থ বিনিয়োগকারীদের নামে তাই তার সুদের মালিকানাও তাঁদের পাওয়া উচিত। আবার ব্রোকাররা এটিকে তাঁদের আয় হিসেবেই দেখে আসছিলেন, সেই জায়গা থেকেও আপত্তির সৃষ্টি হয়েছে। তবুও কমিশনের অবস্থান দৃঢ় এই অর্থ কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান নয় বরং পুঁজিবাজারের সার্বিক স্বার্থে ব্যবহৃত হবে যাতে বিনিয়োগ পরিবেশ আরও বেশি স্বচ্ছ ও সচেতন হয়।

