বাংলাদেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)–কে আজ মঙ্গলবার (৬ মে) ১.৮৮ বিলিয়ন ডলার পরিশোধ করছে যা গত তিন বছরে সর্বোচ্চ বিল পরিশোধ। মার্চ ও এপ্রিল মাসে আমদানি বাবদ জমা হওয়া এই বিল গত ২০২২ সালের জুলাই মাসের পর থেকে সর্বোচ্চ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে সময় মে-জুন মাসের আমদানির বিপরীতে পরিশোধ করা হয়েছিল ১.৯৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করে বলেন, “এই বিল আজ পরিশোধ করা হবে।”
আকু হলো তেহরানভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ নয়টি দেশের মধ্যে লেনদেন নিষ্পত্তির দায়িত্ব পালন করে। বাংলাদেশ প্রতি দুই মাস অন্তর সদস্যভুক্ত এই দেশগুলোর সঙ্গে আমদানি বাণিজ্যের হিসাব চুকায়। সর্বশেষ ৯ মার্চ জানুয়ারি-ফেব্রুয়ারির আমদানির বিপরীতে ১.৭৫ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। যার ফলে আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম৬ অনুসারে রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। তবে এর পরের মাসগুলোতে রিজার্ভ আবারও কিছুটা বাড়ে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব বলছে, ৪ মে পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল ২১.৯৭ বিলিয়ন ডলার। অর্থাৎ আজকের বিল পরিশোধের পরও রিজার্ভ ২০ বিলিয়নের ওপরে থাকার কথা। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০২২ সালের আগে প্রতি মাসে গড়ে ২ বিলিয়ন ডলার পর্যন্ত আকু বিল পরিশোধ করা হতো। কিন্তু ডলার সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করলে আমদানি কমে যায় এবং সঙ্গে সঙ্গে আকু পেমেন্টও হ্রাস পায়।
তবে এখন পরিস্থিতির পরিবর্তন ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওই কর্মকর্তা বলেন, “ফরেক্স রিজার্ভে স্থিতিশীলতা এসেছে এবং বিনিময় হারও তুলনামূলকভাবে স্থির রয়েছে যার কারণে আমদানিতে গতি ফিরছে। ফলে আকু দেশগুলো থেকে আমদানি বাড়ছে সেইসঙ্গে বেড়েছে আকু পেমেন্ট।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২ সালের জুলাইয়ের পর আকু বিলের পরিমাণে ওঠানামা থাকলেও ২০২৩ সালজুড়ে প্রতি দুই মাস অন্তর গড় পেমেন্ট ছিল ১.৩ বিলিয়ন ডলারের নিচে। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে এই ধারা পাল্টাতে শুরু করে এবং সর্বশেষ মার্চ-এপ্রিলে তা বেড়ে ১.৮৮ বিলিয়নে পৌঁছায়, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
এ প্রসঙ্গে ব্যাংকাররা বলছেন, আকু’র বিল বৃদ্ধির পেছনে রয়েছে আমদানির চাহিদা ও রপ্তানি-রেমিট্যান্স আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “দেশের অভ্যন্তরীণ চাহিদা থাকায় আমদানি অব্যাহত রয়েছে। আকু দেশগুলো থেকেই আমাদের একটি বড় অংশের আমদানি হয় বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও রপ্তানিযোগ্য কাঁচামাল।”
তিনি আরও জানান, “অনেক পুরনো আমদানি বিল এখন ক্লিয়ার করা হচ্ছে। রপ্তানি ও রেমিট্যান্সে প্রবৃদ্ধি থাকায় এই বড় পরিশোধ সম্ভব হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স প্রবাহের উৎস সম্পর্কে আমরা এখন আরও বেশি সচেতন যা ধরে রাখতে পারলে সামনের দিনগুলো আরও স্থিতিশীল হবে।”
কেন্দ্রীয় ব্যাংকের আরেক নীতিনির্ধারক জানান, ২০২৩ সালের জুলাই শেষে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০.৩৯ বিলিয়ন ডলার। প্রায় ২০ মাস পর সেটি ২২ বিলিয়ন ডলার ছাড়ায়। আজকের বিল পরিশোধের ফলে কিছুটা রিজার্ভ কমবে ঠিকই তবে তা ২০ বিলিয়ন ডলারের ওপরে থাকছে যা সামগ্রিকভাবে ইতিবাচক বলে তিনি মনে করেন।
বাংলাদেশ ব্যাংকের আরও তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে আমদানি এলসি খোলার পরিমাণ আগের বছরের তুলনায় ৪.৭৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে ভোক্তা পণ্য, শিল্পের কাঁচামালসহ নানা পণ্যের আমদানি বেড়েছে। তবে মূলধনী যন্ত্রপাতির আমদানি ২৬ শতাংশ কমেছে এবং মধ্যবর্তী পণ্য ও পেট্রোলিয়াম আমদানিতেও হ্রাস এসেছে।
সামগ্রিকভাবে ব্যাংকার ও নীতিনির্ধারকরা মনে করছেন, আকু পেমেন্টের এই ঊর্ধ্বগতি বৈদেশিক বাণিজ্যে চাঙ্গাভাব এবং রপ্তানি-রেমিট্যান্স ঘরানায় স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। তবে ভবিষ্যতেও এই ধারা ধরে রাখতে বাজার ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বন জরুরি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

