গবেষণা ও উচ্চশিক্ষা খাতে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত। দেশটির শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহন সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হার্ভার্ড এখন থেকে আর কোনো সরকারি অনুদান পাবে না।
চিঠিতে ম্যাকমাহন বলেন, “হার্ভার্ড উচ্চশিক্ষার সঙ্গে তামাশা করেছে। তাই তারা আর সরকারি অনুদানের আবেদন করতে পারবে না কারণ কিছুই দেওয়া হবে না।” তিনি আরও উল্লেখ করেন, “হার্ভার্ড এখন থেকে কেবলমাত্র একটি বেসরকারিভাবে পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। তাদের বিশাল তহবিল এবং ধনী প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকেই এখন অর্থ সংগ্রহ করতে হবে।”
গত মাসেই বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের সরকারি অর্থায়ন স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। সেই সিদ্ধান্তের পর এবার গবেষণা তহবিলও পুরোপুরি বন্ধ ঘোষণা করা হলো। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসে বেড়ে চলা ইহুদিবিদ্বেষ রোধে ব্যর্থ হয়েছে।
হার্ভার্ডের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলে ম্যাকমাহন বলেন, “এই প্রতিষ্ঠান শিক্ষার মানের অবক্ষয় ঘটিয়েছে এবং এমন বিদেশি শিক্ষার্থীদের ভর্তি দিয়েছে যারা সহিংস আচরণ করে এবং আমেরিকার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।” তিনি প্রশ্ন তোলেন, “এইসব শিক্ষার্থীরা কোথা থেকে আসে, কারা তারা, কীভাবে তারা হার্ভার্ডে বা আমাদের দেশে প্রবেশ করে এবং কেন এতটা ঘৃণা?”
ম্যাকমাহন মনে করেন, এসব প্রশ্নের উত্তর আমেরিকান জনগণের প্রাপ্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হার্ভার্ড কেন এর কোনো সোজাসাপ্টা উত্তর দেয় না।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছে হার্ভার্ড। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় বলেছে, শিক্ষা সচিবের চিঠি উচ্চশিক্ষার ওপর “ভীতিকর প্রভাব” ফেলবে এবং আদালতে দায়েরকৃত মামলার জবাবে “বৈধ অনুদান অবৈধভাবে আটকে রাখার হুমকি” বহন করছে।
হার্ভার্ডের বিবৃতিতে আরও বলা হয়, “আমরা আইন মেনে চলব, মত প্রকাশের বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জানাব এবং ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখব। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে দমন করতে সরকারের বেআইনি হস্তক্ষেপের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলব।”
প্রসঙ্গত, গত বছর গাজায় যুদ্ধের বিরোধিতায় যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এরই প্রেক্ষিতে ইহুদিবিদ্বেষ নিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিষয়টি গুরুত্ব দিয়ে দুইটি টাস্কফোর্স গঠন করে। গত মাসে ওই দুটি টাস্কফোর্স পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাম্পাসে ইহুদি ও মুসলিম উভয় সম্প্রদায়ের শিক্ষার্থী ও কর্মীরা বৈষম্যের শিকার হচ্ছেন।
এই প্রতিবেদন প্রকাশের পর হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, “আমাদের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থী তাদের পরিচয় বা বিশ্বাসের কারণে নিজেকে উপেক্ষিত মনে করছে।”
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রক্ষণশীল সমর্থকরা দীর্ঘদিন ধরেই হার্ভার্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চরম বামপন্থী মতাদর্শ ছড়ানো এবং ডানপন্থী শিক্ষার্থীদের দমন করার অভিযোগ করে আসছেন। নতুন এই অনুদান বন্ধের সিদ্ধান্তে সেই অবস্থান আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

