চলতি অর্থবছরের এপ্রিল মাসে বাংলাদেশ রপ্তানি খাতে বড় ধরনের ধাক্কা খেয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য বলছে, এই মাসে রপ্তানি আয় হয়েছে মাত্র ৩০১ কোটি ৬৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার যা মার্চ মাসের তুলনায় ১২৩ কোটি ১৮ লাখ ডলার কম। শুধু চলতি অর্থবছরেরই নয় জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসের মধ্যে এপ্রিলেই সবচেয়ে কম রপ্তানি আয় রেকর্ড হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ধসের মূল দুটি কারণ হলো দীর্ঘ ঈদ ছুটি এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কনীতি। ঈদের কারণে অন্তত ১০ থেকে ১২ দিন রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য শুল্ক আরোপের আশঙ্কায় বিশ্বখ্যাত মার্কিন রিটেইলার যেমন ওয়ালমার্ট, আমাজন ও অন্যান্য ক্রেতারা এপ্রিলের আগেই প্রয়োজনীয় পণ্য কিনে ফেলেছে। ফলে এপ্রিল মাসে নতুন অর্ডার আসেনি বললেই চলে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “একদিকে ঈদের ছুটির কারণে দীর্ঘ সময় উৎপাদন ও রপ্তানি বন্ধ ছিল অন্যদিকে বিদেশি বাজারে অর্ডার সংকোচন দেখা গেছে। এই দুইয়ের প্রভাবে রপ্তানি আয়ে যে চাপ পড়েছে তা অনাকাঙ্ক্ষিত হলেও পুরোপুরি অপ্রত্যাশিত নয়।”
এপ্রিলের আয় কমে যাওয়ার পেছনে আরও গভীর কারণ চিহ্নিত করেছেন অর্থনীতিবিদেরা। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জানান, রপ্তানি আদেশ থাকা সত্ত্বেও গ্যাস-সংকটের কারণে অনেক ক্ষেত্রেই সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর হওয়ার আশঙ্কায় মার্কিন ক্রেতারা আগেই পণ্য সংগ্রহ করে রেখেছিল। ফলে এপ্রিলের জন্য নতুন করে কোনো উল্লেখযোগ্য অর্ডার আসেনি।
যদিও পুরো অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ রপ্তানি করে মোট আয় করেছে ৪ হাজার ২০ কোটি ৮১ লাখ ডলার যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ বেশি এপ্রিল মাস এককভাবে ছিল সবচেয়ে দুর্বল। তবে আশার দিকও রয়েছে। গত বছরের এপ্রিলের তুলনায় এবার সামান্য হলেও রপ্তানি আয় বেড়েছে। ২০২৪ সালের এপ্রিল মাসে রপ্তানি আয় ছিল ২৯৯ কোটি ১০ লাখ ডলার এবার তা বেড়ে হয়েছে ৩০১ কোটি ৬৮ লাখ অর্থাৎ শূন্য দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
বাংলাদেশ মূলত ২৭ ধরনের পণ্য রপ্তানি করে থাকে। এর মধ্যে তৈরি পোশাক খাত বরাবরের মতো রপ্তানির মূল ভরসা হলেও গত মাসে এই খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ছিল না। এপ্রিল মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ২৩৯ কোটি ৩৭ লাখ ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র দশমিক ৪৪ শতাংশ বেশি। দ্বিতীয় সর্বোচ্চ আয় এসেছে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ৮ কোটি ৫ লাখ ডলার। হোম টেক্সটাইল, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং ইঞ্জিনিয়ারিং পণ্য খাতে আয় কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, “সরকার প্রচলিত ও অপ্রচলিত বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, সামনের মাসগুলোতে এই ধস কাটিয়ে আবার রপ্তানি খাত ঘুরে দাঁড়াবে।”
তবে অর্থনীতিবিদদের মতে, রপ্তানি খাত বর্তমানে এক অস্থির সময় পার করছে। জ্বালানির সংকট, বৈশ্বিক শুল্কনীতি এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা সংকোচন এই ত্রিমুখী চাপে পড়ে রপ্তানি আয় ঝুঁকির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ও কার্যকর সরকারি হস্তক্ষেপ না এলে আগামী মাসগুলোতেও একই ধারা অব্যাহত থাকতে পারে।


