চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) শেষে দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতির পরিমাণ বিপুলভাবে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৮৯ কোটি টাকা। যেখানে, প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে এই ঘাটতির পরিমাণ ছিল মাত্র ৫৩ হাজার ২৫৩ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি বৃদ্ধি পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৩৪ কোটি টাকা। তবে, কিছু ব্যাংকের উদ্বৃত্ত মূলধন থাকায় সামগ্রিকভাবে দেশের ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতি ১ লাখ ১৭ হাজার ৬৪৭ কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনটি থেকে এমন তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে মূলধন ঘাটতির সম্মুখীন হয়েছে রাষ্ট্রায়ত্ত চারটি, বেসরকারি পাঁচটি, শরিয়াহভিত্তিক আটটি, বিশেষায়িত দুটি এবং বিদেশি একটি ব্যাংক। গত বছরের সেপ্টেম্বরের শেষেও ১৬টি ব্যাংক মূলধন ঘাটতিতে ছিল তবে পরবর্তী তিন মাসে নতুন করে আরও চারটি ব্যাংক মূলধন ঘাটতির সম্মুখীন হয়েছে। ব্যাসেল-৩-এর অধীনে মূলধন সংরক্ষণ বাফারের সংক্রান্ত প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে। ডিসেম্বর শেষে ১০টি ব্যাংক ৩৯ হাজার ৬৫৫ কোটি টাকা মূলধন ঘাটতিতে ছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ডিসেম্বর শেষে ব্যাংক খাতের সম্মিলিত মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত (সিআরএআর) ৩ দশমিক শূন্য ৮ শতাংশে কমে গেছে যা সেপ্টেম্বরের শেষে ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী, প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ঝুঁকিপূর্ণ সম্পদের ১০ শতাংশ বা ৫০০ কোটি টাকা (এর মধ্যে যেটি বেশি) মূলধন সংরক্ষণ করতে বাধ্য করা হয়েছে। যদি কোনো ব্যাংক এই শর্ত পূরণে ব্যর্থ হয় তবে সেটি মূলধন ঘাটতির সম্মুখীন হয় বলে গণ্য হয়। ব্যাংকগুলোর মূলধন সাধারণত উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগ এবং ব্যাংকের মুনাফা থেকে সংরক্ষিত হয়। যেসব ব্যাংক মূলধনে ঘাটতির শিকার তারা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে পারে না। পাশাপাশি বিদেশি ব্যাংকগুলোও প্রায়ই স্থানীয় ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতি যাচাই করে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে।
বিশ্বস্ত তথ্য অনুযায়ী, মূলধন ঘাটতির শীর্ষে অবস্থান করছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ডিসেম্বর শেষে, ব্যাংকটির ঘাটতির পরিমাণ ছিল ৫২ হাজার ৮৯১ কোটি টাকা। এরপরের তিনটি অবস্থান দখল করেছে শরিয়াহভিত্তিক তিনটি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি ১৮ হাজার ১৯৯ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের ঘাটতি ১৫ হাজার ৬৯০ কোটি টাকা, এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি ১৩ হাজার ৯৯১ কোটি টাকা। ইসলামী ব্যাংক ১২ হাজার ৮৮৫ কোটি টাকা ঘাটতি নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, নন-পারফর্মিং লোন (এনপিএল) বৃদ্ধির কারণে প্রভিশন ঘাটতি বেড়ে গেছে। এর ফলে অনেক ব্যাংক তাদের মুনাফা থেকে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে যা মূলধন ঘাটতিকে আরও তীব্র করেছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে লোকসান বহন করা ব্যাংকগুলো এখন প্রকাশ্যে আসে যেগুলো আগে সুবিধাপ্রাপ্ত হয়ে গোপন রাখা হয়েছিল।
তিনি সতর্ক করেন, মূলধন ঘাটতি হলে ব্যাংকের ঋণ বিতরণের সক্ষমতা কমে যায়, যার ফলে আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। প্রভিশন বজায় রাখতে ব্যর্থ হলে ব্যাংকগুলো লভ্যাংশ দিতে পারবে না এবং ক্রমশ গ্রাহেক হারাবে। এর ফলে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন হবে এবং তাদের ক্রেডিট রেটিংয়ে পতন ঘটবে। এছাড়া, বিদেশি ব্যাংকগুলোও তাদের সঙ্গে লেনদেনে সতর্কতা অবলম্বন করবে যার ফলে কিছু ক্ষেত্রে এলসি খোলার সময় মার্জিন বাড়তে পারে।
অন্যদিকে, ব্যাংক খাতে মূলধন ঘাটতির কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বেসিক ব্যাংক উল্লেখযোগ্য মূলধন ঘাটতির সম্মুখীন। এছাড়া, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং এবি ব্যাংক মূলধন ঘাটতির শিকার।
শরিয়াহভিত্তিক অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকও মূলধন ঘাটতির সম্মুখীন হয়েছে। বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংকও মূলধন ঘাটতির আওতায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরবর্তীতে প্রভিশনিং হার বাড়ানো হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক কঠোর শর্ত আরোপ করেছে। মার্চ ২০২৫-এ প্রকাশিত প্রতিবেদনে মূলধন ঘাটতির পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক শর্তসাপেক্ষে কিছু ব্যাংককে প্রভিশন স্থগিত সুবিধা দিতে পারে যা কিছুটা ঘাটতি কমাতে সাহায্য করবে।
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এক আলোচনায় বলেন, যেসব ব্যাংকের তারল্য সংকট, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতি রয়েছে তাদের মালিকদের সঙ্গে বসে আলোচনা করে একটি পথ বের করার পরামর্শ দেন। তিনি জানান, দুই থেকে তিন বছরের সময় বেঁধে দেওয়া উচিত যাতে ব্যাংকগুলো এই সংকট কাটিয়ে উঠতে পারে। যদি তারা সেই সময়ের মধ্যে সক্ষম না হয় তাহলে তাদের অপসারণ করা হবে।


