বাংলাদেশ বর্তমানে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের পথে এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এমন এক সংকটময় প্রেক্ষাপটে শুধু আর্থিক সহায়তাই নয় কাঠামোগত সংস্কার এবং দীর্ঘমেয়াদী সহনশীলতা গঠনের ক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ভূমিকাই এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ইতালির মিলানে অনুষ্ঠিত এডিবির ৫৮তম বার্ষিক সভায় ভাষণ প্রদানকালে তিনি এ কথা বলেন। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনি ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক সংযোগের ওপর জোর দেন। আজ মঙ্গলবার অর্থ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার সঙ্গে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ড. সালেহউদ্দিন বলেন, “নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই রূপান্তরের জন্য এডিবির অংশীদারিত্ব এখন অত্যাবশ্যক।”
তিনি চারটি প্রধান খাতে এডিবির সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। প্রথমত, ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে অবকাঠামো, ই-গভর্ন্যান্স ও ডিজিটাল শিক্ষার প্রসারে সহায়তা বাড়ানোর ওপর জোর দেন। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা এবং উপকূলীয় সুরক্ষা কার্যক্রমে বেশি ছাড়যুক্ত অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তৃতীয়ত, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য, শক্তি এবং সেবা খাতে আন্তঃসীমান্ত বিনিয়োগ বাড়াতে আঞ্চলিক সংযোগ জোরদারের পরামর্শ দেন। চতুর্থত, টেকসই অর্থায়নের জন্য ঋণ সক্ষমতা বজায় রেখে উন্নয়ন প্রয়োজন মেটাতে উদ্ভাবনী অর্থনৈতিক সহায়তা এবং ছাড়যুক্ত তহবিল বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ড. সালেহউদ্দিন বলেন, “আজকের বৈশ্বিক সংকটকে আগামী দিনের সম্ভাবনায় রূপান্তর করতে হলে আমাদের প্রয়োজন সাহসী চিন্তাভাবনা, গভীর অংশীদারিত্ব ও সম্মিলিত সংকল্প। এ বছরের এডিবি সম্মেলনের প্রতিপাদ্য ‘অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, আগামীর প্রস্তুতি’ সময়োপযোগী এবং অনুপ্রেরণাদায়ক।”
এডিবির সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধি দল যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে। এতে জানানো হয়, গত পাঁচ দশকে যুক্তরাজ্য বাংলাদেশকে প্রায় ৩.১৯ বিলিয়ন মার্কিন ডলার উন্নয়ন সহায়তা দিয়েছে, যার বেশিরভাগই অনুদান হিসেবে ব্যয় হয়েছে দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে।
সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও যুক্তরাজ্য বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার- বিশেষ করে জলবায়ু সহনশীলতা, মানবিক সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
২০২২ সালে ঘোষিত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন কৌশলের আলোকে এফসিডিও নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য, জলবায়ু অর্থায়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়ন, ডিজিটাল প্রশাসন এবং শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ প্রতিনিধি দল এসময় সবুজ বিনিয়োগ, কারিগরি প্রশিক্ষণ, নদী পুনরুদ্ধার, বেসরকারি খাত উন্নয়ন, কারিগরি সহায়তা, পয়:নিষ্কাশন ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা এবং যৌথ গবেষণায় যুক্তরাজ্যের সহায়তা আহ্বান জানায়।

