সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামে এই ধরনের প্রতারণা খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সাধারণত একটি আকর্ষণীয় মেয়ে বা ব্যক্তির ছবি ব্যবহার করে শুরু হয় এই ধরণের প্রতারণা। প্রথমে খুব সহজে কথা শুরু হয়, তারপর কখনো ভয়েস কল, কখনো ভিডিও চ্যাটে গড়ে তোলা হয় সম্পর্ক। এরপর তাড়াতাড়ি একে অপরকে বিশ্বাস করানোর জন্য একাধিক প্রলোভন দেওয়া হয়। এক পর্যায়ে আপনাকে একটি লিংক পাঠানো হয়, যা কোনো নির্দিষ্ট ওয়েবসাইট বা সংস্থার দিকে নিয়ে যায়। সেখানে আপনাকে টাকা জমা দিতে বলা হয়, এবং কথায় কথায় এটি গুণ হয়ে ফেরত পাবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়।
এ ধরনের প্রতারণা অত্যন্ত মারাত্মক হতে পারে, কারণ এতে শুধু আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে না, পাশাপাশি আপনার ব্যক্তিগত তথ্যও চুরি হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, এই ধরনের পরিস্থিতি এড়াতে সবচেয়ে ভালো উপায় হলো সতর্ক থাকা।
এখানে কিছু সতর্কতা মূলক পরামর্শ দেওয়া হলো:
দ্রুত টাকা দ্বিগুণ করার প্রস্তাবে সাড়া দেবেন না – এসব প্রস্তাব সাধারণত প্রতারণারই অংশ। মনে রাখবেন, ‘সহজে টাকা পাওয়া’ কখনোই বাস্তবিক নয়।
অজানা লিংকে ক্লিক করবেন না – সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যম থেকে পাঠানো অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। এটি আপনার ডিভাইসের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে।
ওয়েবসাইট যাচাই করুন – যে ওয়েবসাইটে আপনি যেতে বলা হচ্ছেন, তা বিশ্বাসযোগ্য কিনা যাচাই করে দেখুন। ডোমেইন নাম এবং সাইটের নিরাপত্তা প্রোটোকল চেক করুন।
কোনো বিনিয়োগ মেসেজের প্রতি সাড়া দেবেন না – টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিনিয়োগ সম্পর্কিত মেসেজ পেলে তার প্রতি সাড়া দেবেন না।
অচেনা গ্রুপে যোগ দেওয়া থেকে বিরত থাকুন – হঠাৎ করে যদি কোনো অচেনা গ্রুপে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তাহলে সাথে সাথে সেই গ্রুপ থেকে বের হয়ে যান।
পিগ বুচারিং প্রতারণা সম্পর্কে সতর্ক থাকুন – ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে এ ধরনের প্রতারণা করা হচ্ছে। অনেক সময় অল্প সময়ে পরিচিত হওয়া, প্রেমের সম্পর্ক গড়ে তোলা, এবং তারপর অর্থ চাইতে এই ধরনের প্রতারণা ঘটে।
সাবধানতার সাথে এগোনোই একমাত্র উপায়। প্রতারকরা নানা কৌশলে আপনাকে ফাঁদে ফেলতে পারে, তাই সচেতন থাকুন এবং কখনোই আপনার আর্থিক বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

