দেশের সামষ্টিক অর্থনীতিতে এখনো সবচেয়ে বড় উদ্বেগের জায়গায় রয়েছে মূল্যস্ফীতি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির হার সহনীয় বা স্বস্তির পর্যায়ে না আসা পর্যন্ত কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখা হবে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাজারে টাকার প্রবাহ কমিয়ে এবং ঋণের সুদহার চড়া রেখেই মূল্যস্ফীতির লাগাম টানতে চায়।
প্রতিবেদনে আশাবাদ জানানো হয়েছে, কঠোর মুদ্রানীতির সঙ্গে কৃষি ও শিল্প খাতের উৎপাদনশীলতা বাড়লে মূল্যস্ফীতির চাপ কমবে। তবে বাস্তবচিত্রে ব্যাংক খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। লুটপাটের কারণে অকার্যকর বা খেলাপি ঋণ বেড়েই চলেছে কমেছে আমানত। ফলে ব্যাংকগুলো ঋণ দেওয়ার সক্ষমতা হারাচ্ছে আয়ও কমে যাচ্ছে। এতে করে প্রভিশন ঘাটতি ও মূলধন পর্যাপ্ততার ঘাটতি বাড়ছে যা পুরো ব্যাংক খাতকে অস্থিতিশীল করে তুলছে।
ত্রৈমাসিক এ প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা কিছুটা কাটিয়ে উঠছে দেশের অর্থনীতি। কৃষি ও শিল্প খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে যা সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারে ভূমিকা রাখছে। পাশাপাশি ব্যাংক খাতে গ্রাহকদের আস্থাও কিছুটা ফিরতে শুরু করেছে। এর প্রভাবেই কিছু ব্যাংকে আমানতের প্রবাহ আবার বাড়ছে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, সরকার যেসব প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করছে, তা সামষ্টিক অর্থনীতিতে টেকসই স্থিতিশীলতা আনবে এবং আর্থিক খাতের শাসনব্যবস্থা জোরদার করবে। একইসঙ্গে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ও উল্লেখযোগ্য রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য আরও উন্নত হবে।
তবে চিত্র সবখানেই ইতিবাচক নয়। প্রতিবেদনে উঠে এসেছে, লুটপাটের কারণে ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে ফলে খেলাপি ঋণ গত ডিসেম্বর শেষে ২০ দশমিক ২ শতাংশে পৌঁছেছে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মাত্র তিন মাস আগেও এটি ছিল ১৭ শতাংশ, এক বছর আগে ছিল ৯ শতাংশ। এমন ঊর্ধ্বগতির পেছনে রয়েছে ঋণ পুনর্গঠন না করা, কিস্তি সময়মতো পরিশোধ না করা এবং ঋণের মেয়াদ কমিয়ে আনার মতো সিদ্ধান্ত। গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে মেয়াদি ঋণ খেলাপি করার সময়সীমা ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করা হয়, যার প্রভাবেই এই ঋণ বাড়তি হারে বেড়েছে।
এই খেলাপি ঋণের চাপ সরাসরি পড়ছে ব্যাংকগুলোর ব্যালেন্স শিটে। এতে তাদের নতুন ঋণ বিতরণের সক্ষমতা কমেছে এবং আর্থিক কাঠামোর দুর্বলতাও বেড়েছে। বাংলাদেশ ব্যাংক এসব দুর্বলতা কাটাতে প্রশাসনিক কাঠামো ও নীতিমালায় বেশ কিছু সংস্কার এনেছে। এর সুফল ভবিষ্যতে পাওয়া যাবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধি পর্যালোচনায় দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশে, যেখানে প্রথম প্রান্তিকে তা ছিল মাত্র ১ দশমিক ৯৬ শতাংশ। কৃষি ও শিল্প খাতের অবদান এই উন্নতিতে মুখ্য ভূমিকা রেখেছে। আগামী প্রান্তিকে এই ধারা আরও জোরদার হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
তবে মূল্যস্ফীতির চাপে এখনো সাধারণ মানুষ ভুগছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি উদ্বেগজনক অবস্থানে রয়েছে যার অন্যতম কারণ খাদ্যপণ্যের দাম বৃদ্ধি। তবে ইতোমধ্যে এই হার কমতির দিকে রয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এই হার পুরোপুরি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত মুদ্রানীতির কড়াকড়ি বহাল থাকবে।
মুদ্রানীতির এই কঠোরতা ব্যাংকগুলোতে তারল্য সংকট তৈরি করেছে। ফলে ঋণ বিতরণে সমস্যা হচ্ছে উদ্যোক্তারা চাহিদামতো ঋণ পাচ্ছেন না। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি এখনো ২ শতাংশের ঘরেই রয়ে গেছে। একইসঙ্গে ঋণের সুদের হার বাড়ায় ঋণ নেওয়ার খরচও বেড়ে গেছে। এর প্রভাবে ব্যবসায়িক খরচ বাড়ছে, বিনিয়োগ কমছে, কর্মসংস্থানেও গতি আসছে না। অন্যদিকে খরচ বৃদ্ধির এই প্রবণতা পণ্যের দাম বাড়িয়ে মূল্যস্ফীতিতে আবারও চাপ সৃষ্টি করছে।
রপ্তানি ও রেমিট্যান্স খাত কিছুটা ইতিবাচক বার্তা দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং রপ্তানি আয় বাড়ায় বৈদেশিক খাতে স্থিতিশীলতা এসেছে। চলতি হিসাব এবং আর্থিক হিসাব উভয় ভারসাম্যেই উন্নতি দেখা গেছে। তবে একই সঙ্গে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সামগ্রিক রাজস্ব ভারসাম্যে ৩৩ হাজার ৯০০ কোটি টাকার ঘাটতি হয়েছে যা রেকর্ড পরিমাণ। সরকারকে এই ঘাটতি মেটাতে ঋণ নিতে হয়েছে। রাজস্ব আয় বাড়াতে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সার্বিকভাবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে যেমন মূল্যস্ফীতি ও ব্যাংক খাতের দুর্বলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তেমনি অর্থনীতির কিছু সূচকে ইতিবাচক অগ্রগতিরও আভাস পাওয়া যাচ্ছে। তবে এসব সম্ভাবনাকে কার্যকর ফলাফলে পরিণত করতে হলে কাঠামোগত সংস্কার, কঠোর শাসনব্যবস্থা ও মুদ্রানীতির ভারসাম্যপূর্ণ প্রয়োগ জরুরি হয়ে উঠেছে।

