বাংলাদেশ ও কানাডার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি ঢাকায় হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই চুক্তির বিষয়ে আলোচনা হয়। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর নতুন দিক উন্মোচিত হতে পারে।
সোমবার ঢাকায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিল। বৈঠকে উঠে আসে এফটিএ, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে নানা দিক।
এই আলোচনায় অংশ নেয় কানাডার একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল। নেতৃত্ব দেন পল থপিল। সঙ্গে ছিলেন গিলডান, ব্ল্যাকবেরি, অ্যাডভানটেক, বেল হেলিকপ্টার, জেসিএম পাওয়ার এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
বৈঠকে পররাষ্ট্রসচিব বলেন, কানাডায় বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিচ্ছে। এই সুবিধার প্রশংসাও করেন তিনি। একই সঙ্গে তিনি ‘বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি’ (এফআইপিএ) দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ওষুধ, প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ বাড়াতে আহ্বান জানান পররাষ্ট্রসচিব। তিনি বলেন, এসব খাতে রয়েছে ব্যাপক সম্ভাবনা।
এই আলোচনা ভবিষ্যতে বাংলাদেশ-কানাডা বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খুব শিগগিরই শুরু হতে পারে আনুষ্ঠানিক সংলাপ।

