দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা সৃষ্টি হয়েছে। জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় সংঘটিত জঙ্গি হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে চালানো হয়েছে তাদের হামলা। দুই দেশের মধ্যে এ উত্তেজনাকর পরিস্থিতি ক্রমশ যুদ্ধাবস্থার দিকে ধাবিত হচ্ছে।
এই সামরিক উত্তেজনার মধ্যেই ভারতের আর্থিক বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান হ্রাস পেয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এনডিএফ (নন-ডেলিভারেবল ফরোয়ার্ড) মার্কেটে গত এক মাস ধরে ভারতীয় রুপি ৮৪ দশমিক ৬৪ থেকে ৮৪ দশমিক ৬৮ রেঞ্জে লেনদেন হচ্ছিল। কিন্তু মঙ্গলবার এই হার নেমে আসে ৮৪ দশমিক ৪৩২৫-এ।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। এতে কমপক্ষে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তারা পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। পাকিস্তানের হামলায় ভারতের তিনজন নাগরিক নিহত হওয়ার কথাও জানা গেছে।
এই যুদ্ধোন্মুখ পরিস্থিতির ফলে স্বাভাবিক জীবনযাত্রা ও যাতায়াত ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া সহ একাধিক এয়ারলাইন্স কর্তৃপক্ষ দেশি ও আন্তর্জাতিক বহু ফ্লাইট বাতিল করেছে। একই সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এমন উত্তেজনা কেবল দক্ষিণ এশিয়া নয় গোটা বিশ্বের জন্য উদ্বেগজনক। যুদ্ধের সম্ভাবনা যত বাড়ছে অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিও ততই বাড়ছে।

