বাংলাদেশের ডেনিম শিল্পকে বৈশ্বিকভাবে তুলে ধরতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম আন্তর্জাতিক আয়োজন ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’। ১৮তম এই আসরটি আগামী ১২ ও ১৩ মে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের এক্সপোতে ১৪টি দেশের ৬২টি কোম্পানি অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত ও উৎপাদিত বস্ত্র, পোশাক, সুতা, যন্ত্রপাতি এবং উৎপাদনে ব্যবহৃত নানা সরঞ্জাম ও উপকরণ প্রদর্শন করবে। এই আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের ডেনিমপ্রেমী, ডেনিম প্রস্তুতকারক, ক্রেতা, ফ্যাশন ডিজাইনার, শিল্প-নেতা এবং সাসটেইনেবল ডেনিম শিল্পের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডারদের একত্র করার চেষ্টা করা হয়েছে।
আয়োজকেরা জানান, ডেনিম এক্সপোর মূল উদ্দেশ্য হচ্ছে ডেনিমশিল্পে টেকসই চর্চা, উদ্ভাবন, নান্দনিকতা ও সৃজনশীলতা তুলে ধরা এবং কারিগরি উৎকর্ষের বিস্তার ঘটানো। সেইসঙ্গে দায়িত্বশীল উৎপাদনে অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোও অন্যতম লক্ষ্য।
এক্সপোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ট্রেন্ড জোন’। এখানে পরিবেশবান্ধব উপকরণ এবং ভবিষ্যৎমুখী ডেনিম ডিজাইন প্রদর্শন করা হবে। যেমন পরিবেশবান্ধব ইন্ডিগো ডাই ও উদ্ভাবনী স্টাইলের ডিস্ট্রেসড বয়ফ্রেন্ড জিন্স, যা বিশ্ব ফ্যাশনের নতুন ধারা গঠনে ব্র্যান্ড ও ডিজাইনারদের অনুপ্রাণিত করবে।
এ ছাড়া এক্সপোতে থাকছে শিক্ষামূলক কর্মশালা, প্রযুক্তিনির্ভর সেমিনার ও ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, যা অংশগ্রহণকারীদের ডেনিম শিল্পের ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে গভীর ধারণা দেবে।
ডেনিম শিল্পের ভবিষ্যৎ এবং বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে অনুষ্ঠিত হবে দুটি বিশেষ প্যানেল আলোচনা। এক্সপোর প্রথম দিন বিকেলে অনুষ্ঠিত হবে ‘ওয়াশিং প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ডেনিম শিল্পের অগ্রগতি’ বিষয়ক আলোচনা এবং দ্বিতীয় দিন বিকেলে হবে ‘বাংলাদেশি ডেনিম ট্রেসেবিলিটি’ শীর্ষক প্যানেল সেশন।
এই প্যানেল আলোচনায় অংশ নেবেন ওয়েল অব ওয়াশিংয়ের পরিচালক আব্দুস সামাদ, রুহরোজ আরবিটি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর আরিফ লাড্ডু, দ্য উলমার্ক কোম্পানির প্রসেসিং ইনোভেশন ও এডুকেশন এক্সটেনশনের জিএম জুলি ডেভিস, বিটিপি গ্রুপের সিওও (ওয়াশিং) কামাল উদ্দিন মিয়া, লুসাইন টেকনোলজিস এজি’র ইউরোপ ও আফ্রিকার বিক্রয় প্রধান মারকো ভলপি, পিওর কেমিক্যালস’র স্বত্বাধিকারী মো. ফরহাদ হোসেন, এলসি ওয়াইকিকির বিজনেস ম্যানেজার রাকিব ইমতিয়াজ, ভার্টেক্স ওয়্যার লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা রেজা-ই-রাব্বি এবং ডিজাইনার ফ্যাশন ও ডিজাইনার ওয়াশ লিমিটেডের সিইও সোহেল রানা।
আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেন, “বাংলাদেশ ডেনিম এক্সপো কেবল দেশীয় প্রতিভার প্রদর্শন নয়, এটি এখন আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডগুলো এখানে এসে বাংলাদেশের এবং অন্যান্য দেশের ডেনিম উৎপাদকদের সঙ্গে কাজ করছে। এর মাধ্যমে উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রযুক্তির এক অসাধারণ সমন্বয় গড়ে উঠছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের পথ সুগম করছে।”

