Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কর আদায়ে ঘাটতি, ব্যয় বেড়েই চলেছে: সংকটে অর্থনীতি, চাপে সাধারণ মানুষ
    অর্থনীতি

    কর আদায়ে ঘাটতি, ব্যয় বেড়েই চলেছে: সংকটে অর্থনীতি, চাপে সাধারণ মানুষ

    কাজি হেলালমে 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কর আদায়ে ঘাটতি, ব্যয় বেড়েই চলেছে: সংকটে অর্থনীতি, চাপে সাধারণ মানুষকর আদায়ে ঘাটতি, ব্যয় বেড়েই চলেছে: সংকটে অর্থনীতি, চাপে সাধারণ মানুষ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবনতিশীল বৈশ্বিক অর্থনীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব এবং বৈদেশিক মুদ্রার সংকট—এই সব কিছুর মাঝেই বাংলাদেশের অর্থনীতি আজ টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। অথচ দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থায় যেসব নীতিগত দুর্বলতা আছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কর আদায়ের অক্ষমতা ও রাষ্ট্রীয় ব্যয়ের লাগামহীন বৃদ্ধি। আয় বাড়ছে না, অথচ ব্যয় বেড়েই চলেছে। এই বৈষম্য তৈরি করেছে বাজেট ঘাটতি, বাড়িয়েছে ঋণের চাপ এবং গভীর করেছে মূল্যস্ফীতি। ফলে একদিকে সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় হিমশিম খাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ পড়ছে চরম আর্থিক চাপে।

    কর আদায়ে ঘাটতি, ব্যয় বেড়েই চলেছে: সংকটে অর্থনীতি, চাপে সাধারণ মানুষ
    ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) দেশের রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর তথ্যমতে, এই সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৩ লাখ ২২ হাজার ১৫২ কোটি টাকা। অথচ আদায় হয়েছে মাত্র ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি। ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা। যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক গুরুতর ইঙ্গিত।

    শুধু মার্চ মাসেই রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৯৩ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৩৪ হাজার ৬৬৯ কোটি। অর্থাৎ মাসিক পর্যায়েও লক্ষ্যমাত্রা পূরণে স্পষ্ট ঘাটতি রয়েছে। এখন বাকি তিন মাসে (এপ্রিল-জুন) প্রতিদিন গড়ে ২ হাজার ২৭৫ কোটি টাকা করে রাজস্ব আদায় করতে না পারলে পুরো বছরের লক্ষ্যমাত্রা পূরণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।

    বাংলাদেশে কর আদায়ের অন্যতম প্রধান সমস্যা হলো কর কাঠামোর অপ্রগতিশীলতা। উচ্চ আয়ের বহু ব্যক্তি এবং বড় প্রতিষ্ঠানের কর প্রদানের হার তুলনামূলকভাবে কম, অন্যদিকে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি ভ্যাট, বিদ্যুৎ-জ্বালানি কর ও মোবাইল রিচার্জে অতিরিক্ত চার্জে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি নিত্যপ্রয়োজনে অর্থনৈতিক চাপে পড়ে যাচ্ছে।

    এর পাশাপাশি দেশে কর-জিডিপি অনুপাত এখনো মাত্র ৭ দশমিক ৪ শতাংশ। যেখানে দক্ষিণ এশিয়ার গড় প্রায় ১১ শতাংশ এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হার ১৫ শতাংশের কাছাকাছি। এই অনুপাত বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারের উপর চাপ দিচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে এই অনুপাত ৯ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এই লক্ষ্য অর্জনের জন্য কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। কর ফাঁকি রোধ, করের আওতা বৃদ্ধি, রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা এবং করদানে জনগণকে উৎসাহিত করতে কার্যকর ও নাগরিকবান্ধব নীতিমালা গ্রহণ এখন সময়ের দাবি। না হলে রাজস্ব ঘাটতির বোঝা বাড়তে থাকবে। যা সামষ্টিক অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করবে এবং শেষমেশ এর খেসারত দিতে হবে সাধারণ জনগণকেই।

    ব্যয় বাড়ছে লাগামহীন: কোথায় কত, কেন? ২০২৪-২৫ অর্থবছরের জন্য শুরুতে জাতীয় বাজেটের আকার ধরা হয়েছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। কিন্তু বাস্তব রাজস্ব আদায় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে গিয়ে সরকার বাজেটের আকার ৪৯ হাজার কোটি টাকা কমিয়ে নতুনভাবে নির্ধারণ করেছে। এই বাজেট ছাঁটাই মূলতঃ হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাত থেকে—যা দেশের অবকাঠামো ও দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোর গতি কমিয়ে দিতে পারে। এতে অর্থনীতির গতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।

    তবে উন্নয়ন খাতে খরচ কমালেও ঋণের সুদ পরিশোধে ব্যয় বাড়ছে দিন দিন। চলতি বাজেটে ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। যা পুরো বাজেটের প্রায় ১৪ দশমিক ২৪ শতাংশ। এই বরাদ্দের মধ্যে ৯৩ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণের সুদ, আর ২০ হাজার ৫০০ কোটি টাকা বৈদেশিক ঋণের সুদ মেটাতে ব্যয় হবে।

    কিন্তু বাস্তবতা আরও উদ্বেগজনক। অর্থবছরের প্রথম ছয় মাসেই (জুলাই-ডিসেম্বর) সরকার সুদ পরিশোধে ব্যয় করেছে ৬২ হাজার ৭৬০ কোটি টাকা। এর মধ্যে ৫৩ হাজার ৫৩৮ কোটি টাকা গেছে অভ্যন্তরীণ ঋণের সুদে, আর ৯ হাজার ২২২ কোটি টাকা বৈদেশিক ঋণের সুদে। যদি এই ব্যয় ধারা অব্যাহত থাকে, তাহলে বছর শেষে সুদ পরিশোধের খরচ ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যা প্রাথমিক বরাদ্দের তুলনায় ১১ হাজার ৫০০ কোটি টাকা বেশি।

    এটি সরকারের জন্য একটি বড় আর্থিক চ্যালেঞ্জ। কারণ ঋণ বেড়েই চলেছে। বর্তমান হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের শেষে সরকারের মোট ঋণ দাঁড়াতে পারে ২১ লাখ ৬২ হাজার ৪০০ কোটি টাকা। এর সুদের ভার দেশের আর্থিক ব্যবস্থার উপর বড় চাপ সৃষ্টি করছে।

    বিশেষজ্ঞদের মতে, এই বিপুল ঋণ ও সুদ পরিশোধের দায় পূরণ করতে গিয়ে সরকার উন্নয়ন বাজেট কমিয়ে দিতে বাধ্য হচ্ছে, যার প্রভাব পড়ছে জনগণের উপরেও। কারণ একদিকে কর আদায়ে ঘাটতি, অন্যদিকে ব্যয় লাগামছাড়া—এই দ্বিমুখী চাপ থেকে মুক্তি পেতে হলে সরকারের দরকার একটি কার্যকর ব্যয়সংকোচন নীতি, স্বচ্ছতা ও অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় বণ্টন এবং ঋণ ব্যবস্থাপনায় শক্তিশালী কৌশল। তা না হলে দেশের সামষ্টিক অর্থনীতি দীর্ঘমেয়াদে আরও দুর্বল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

    ঘাটতি মেটাতে ঋণের বোঝা, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ: বর্তমান অর্থবছর (২০২৪-২৫) শুরু হয়েছিল বড় বাজেট দিয়ে। ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ছিল দেশের ইতিহাসে অন্যতম উচ্চাভিলাষী। কিন্তু বাস্তবতায় পড়ে সরকারকে সেই বাজেট ছাঁটতে হয়েছে ৫৩ হাজার কোটি টাকা। যার ফলে সংশোধিত বাজেটের আকার এখন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকায়। এই বাজেট ছাঁটাইয়ের প্রভাব পড়েছে মূলতঃ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর ওপর। অর্থাৎ দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পগুলোর গতি আরও ধীর হয়ে পড়ছে।

    তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে বাজেট ঘাটতি পূরণ নিয়ে। বাজেটের ঘাটতি পূরণে সরকারের নির্ভরতা ক্রমেই বাড়ছে ঋণের ওপর। শুরুতে এই ঘাটতির পরিমাণ ধরা হয়েছিল জিডিপির ৫ দশমিক ২ শতাংশ, কিন্তু সংশোধিত বাজেটে তা কমিয়ে আনা হয়েছে ৪ দশমিক ৭ শতাংশে। তবু এই ঘাটতির অর্থের জোগান দিতে সরকারকে বিপুল ঋণ নিতে হচ্ছে। যার মধ্যে রয়েছে ব্যাংক ঋণ ও বৈদেশিক ঋণ—দু‘টিই।

    প্রথমে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। তবে তারল্য সংকট ও ব্যাংকিং খাতের দুর্বল অবস্থা বিবেচনায় সেটি কমিয়ে আনা হয়েছে ৯৯ হাজার কোটি টাকায়। বিপরীতে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লাখ ৯ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৯৫ হাজার কোটি টাকা।

    এই অবস্থার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থপাচার ও ব্যাংক খাতে বড় ধরনের তারল্য সংকট ব্যাংকগুলোর সক্ষমতা হ্রাস করেছে। ফলে সরকার চাইলেও ব্যাংক খাত থেকে আগের মতো সহজে ঋণ পাচ্ছে না। অনেক ব্যাংক খেলাপি ঋণের চাপে মূলধন সংকটে পড়েছে, যা পুরো অর্থনীতির জন্যই উদ্বেগজনক।
    আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—সরকার এখন পুরনো ঋণ শোধ করতেও নতুন ঋণ নিচ্ছে। ফলে ঋণের বোঝা দিন দিন ভারী হয়ে উঠছে, যা ভবিষ্যতের জন্য একটি বড় ঝুঁকি তৈরি করছে।

    এদিকে উচ্চ মূল্যস্ফীতিও দেশের জনগণের জন্য নতুন করে চাপ তৈরি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের পরও মূল্যস্ফীতির হার খুব একটা কমেনি। সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে দেশে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ, যা গত মার্চে ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। আগের বছরের এপ্রিলে এই হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

    এপ্রিল মাসে কিছুটা স্বস্তি এসেছে খাদ্যপণ্যের দামে, যা কমে হয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ। কিন্তু খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি এখনো রয়েছে ৯ দশমিক ৬১ শতাংশে—যা সাধারণ মানুষের জীবনযাত্রায় অস্থিরতা তৈরি করছে।

    মূল্যস্ফীতি মানে হলো, আগের বছরের তুলনায় এই বছর একই পণ্য কিনতে বেশি টাকা খরচ করতে হচ্ছে। উদাহরণ স্বরূপ- গত বছর এপ্রিল মাসে কোনো পণ্য ১০০ টাকায় কিনতে হলে, এবছর সেই একই পণ্য কিনতে হচ্ছে ১০৯ টাকা ১৭ পয়সায়। এই অতিরিক্ত খরচ কার্যত এক ধরনের “অপ্রত্যক্ষ কর”। যা সাধারণ মানুষের পকেট থেকে নিঃশব্দে অর্থ নিয়ে যাচ্ছে। সবমিলিয়ে বাজেট ঘাটতি, ঋণের বোঝা, ব্যাংক খাতের দুর্বলতা ও মূল্যস্ফীতির চাপে দেশের অর্থনীতি এক কঠিন সময় পার করছে।

    সাধারণ মানুষের ওপর চাপ: দিন কাটে সংসারের হিসাব করে। দেশের অর্থনৈতিক বাস্তবতায় সবচেয়ে বেশি চাপে রয়েছে সাধারণ মানুষ। একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে, অন্যদিকে আয় প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে দৈনন্দিন জীবনযাত্রা চালাতে গিয়ে মানুষকে এখন প্রতিটি খরচ আগেভাগেই হিসাব করে চলতে হচ্ছে।

    বিশেষ করে বাজারে গিয়ে যাঁরা চাল, ডাল, তেল, পেঁয়াজ, ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে আনেন, তাঁদের জন্য দিন দিন যেন বোঝা আরও ভারী হয়ে উঠছে। ২০২৫ সালে চালের দাম বেড়েছে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত। এই পরিস্থিতিতে অনেক নিম্ন ও মধ্যম আয়ের মানুষকেই মাসের মাঝামাঝি থেকেই কম খেয়ে, বেছে খেয়ে দিন কাটাতে হচ্ছে।

    মূল্যস্ফীতির চাপ: সরকারি তথ্যমতে, এপ্রিলে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ। এর মানে হলো গত বছরের তুলনায় এবার একই পণ্য কিনতে গড়ে ৯ টাকা বেশি খরচ করতে হচ্ছে প্রতি ১০০ টাকায়। খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমলেও এখনও তা অনেকের নাগালের বাইরে। আর খাদ্যবহির্ভূত পণ্যের দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং অনেক ক্ষেত্রেই সেগুলোর দাম আগের তুলনায় বেশি।

    আয় বাড়েনি, ব্যয় বেড়েছে: এই ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ। পোশাক খাতের কর্মীরা, দিনমজুর, রিকশাচালক, হকার—যাঁরা প্রতিদিন আয়ের ভিত্তিতে সংসার চালান, তাঁদের জন্য মাসের শুরুটা থেকেই চাপের। আয় যেমন এক জায়গায় দাঁড়িয়ে, তেমনই খরচ বেড়ে যাওয়ায় হাতে টাকা থাকছে না মাসের শেষের দিকে। ফলে ধার করে চলার প্রবণতা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে আরও বড় আর্থিক সমস্যার জন্ম দিতে পারে।

    সাধারণ সেবা খরচেও বাড়তি চাপ: শুধু বাজার নয়, মোবাইল ফোন ব্যবহার, ব্যাংকিং, অনলাইন কেনাকাটা কিংবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস—সব খাতেই খরচ বেড়েছে। সরকারের বাড়তি ভ্যাট-কর আরোপের ফলে এসব সেবার মূল্যও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অথচ নতুন চাকরির সুযোগ বা আয় বৃদ্ধির কোনো বড় ধরনের ইতিবাচক লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

    চ্যালেঞ্জ ও করণীয়: ঘাটতি কমাতে দরকার বাস্তবসম্মত সিদ্ধান্ত এবং কঠোর ভাবে তা বাস্তবায়ন। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখা। আয় কম, ব্যয় বেশি—এই অসমতা থেকেই ঘাটতির জন্ম। আর ঘাটতি মেটাতে সরকারকে নিতে হচ্ছে ঋণ, যা ভবিষ্যতের জন্য তৈরি করছে আরও বড় চাপ। বিশ্লেষকরা বলছেন, এখন সময় এসেছে বাস্তবভিত্তিক ও কঠোর কিছু সিদ্ধান্ত নেওয়ার।

    কর আদায় বাড়াতে হবে, তবে কৌশলীভাবে: বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (GDP) তুলনায় রাজস্ব আদায়ের হার এখনও অনেক কম। বর্তমানে এটি জিডিপির মাত্র ৮ দশমিক ৮ শতাংশের মতো, যেখানে উন্নয়নশীল দেশগুলোর গড় ১৫ শতাংশের ওপরে। তাই কর আদায় বাড়ানো জরুরি। কিন্তু তা করতে হবে নাগরিকবান্ধব পদ্ধতিতে—যাতে করদাতারা উৎসাহ পান। নতুন কর আরোপ নয় বরং কর জালের আওতা বাড়ানো, কর ফাঁকি রোধ এবং প্রগতিশীল কর নীতি অর্থাৎ যেখানে বেশি আয় করলে বেশি কর দিতে হবে, তার বাস্তবায়ন করাই মূল চাবিকাঠি। পাশাপাশি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের ওপর যেন করের বোঝা না পড়ে, সেদিকে খেয়াল রাখা দরকার।

    দুর্নীতি রোধ ছাড়া ঘাটতি কমানো অসম্ভব: বাজেট ঘাটতির একটি বড় কারণ সরকারি ব্যয়ে অনিয়ম, অপচয় ও দুর্নীতি। বিশ্লেষণ অনুযায়ী, প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতির ফাঁক দিয়ে হারিয়ে যায়, যা প্রতিরোধ করা গেলে অনেকটাই ঘাটতি কমানো সম্ভব। সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা আনা, প্রকল্প ব্যয়ের নিয়মিত অডিট এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করলে খরচ কমবে। বাজেট বাস্তবায়নে মানসম্মত অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা জরুরি—যা শুধু নতুন ভবন নয়, জনগণের মৌলিক প্রয়োজন পূরণ করে।

    রাষ্ট্রায়ত্ত খাত সংস্কার করতে হবে: অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বছরের পর বছর লোকসানে চলছে। এগুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠান যেমন: বিআরটিসি, পাটকল, রেলওয়ে ইত্যাদি সরকারের খরচ বাড়িয়ে দিচ্ছে, কিন্তু সেবা বা আয় বাড়াতে পারছে না। এমন সংস্থাগুলোর ভর্তুকি কমানো, কার্যকর পুনর্গঠন কিংবা বেসরকারিকরণ নিয়ে চিন্তা করার সময় এখনই।

    সামাজিক নিরাপত্তা ও সঠিক খাতে বিনিয়োগ: অবকাঠামোর পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। যেমন: ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চিত করতে হবে, দরিদ্র শ্রেণি খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী দামে পাবে কিনা। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ওএমএস কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে।

    ঋণ ব্যবস্থাপনায় আরও সতর্কতা দরকার: বর্তমানে বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ প্রায় ২১ লাখ কোটি টাকার কাছাকাছি। যার সুদ পরিশোধেই এই বছর বাজেটের প্রায় ১৪ শতাংশ ব্যয় হচ্ছে। এভাবে ঋণ নিয়ে ঘাটতি পূরণ করতে থাকলে তা ভবিষ্যতে অর্থনৈতিক স্বাধীনতায় বাঁধা হয়ে দাঁড়াতে পারে। তাই সরকারকে অভ্যন্তরীণ রাজস্ব বাড়িয়ে, ব্যয় নিয়ন্ত্রণ করে এবং সুপরিকল্পিত অর্থনীতি পরিচালনার মাধ্যমে বাজেট ঘাটতি কমানোর দিকে মনোযোগ দিতে হবে।

    বিশ্লেষকরা মনে করেন রাজস্ব ঘাটতি কমাতে হলে কর জালের বিস্তার নিশ্চিত করতে হবে। কর ফাঁকি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং করদানে উৎসাহ দিতে নাগরিকবান্ধব নীতি গ্রহণ করতে হবে। উচ্চ আয়ের ব্যক্তিদের কাছ থেকে অধিক হারে কর আদায় এবং দরিদ্র শ্রেণির ওপর চাপ কমানো অপরিহার্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.