দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বৃদ্ধি পেয়ে ২৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ৬ মে, এই তথ্য গণমাধ্যমকে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৬ মে পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৪৪৯ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রণীত হিসাব পদ্ধতি “বিপিএম-৬” অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ কিছুটা কম যা এখন ২২,০৬১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার।
তুলনামূলকভাবে গত মাসের ৪ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৭,৩৫৪ দশমিক ৮৩ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী তা ছিল ২১,৯৭২ দশমিক ১৬ মিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে উভয় পদ্ধতিতেই রিজার্ভের কিছুটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বা প্রতিশ্রুতি বিয়োগ করে নিট রিজার্ভ নির্ণয় করা হয়। নিট রিজার্ভ একটি দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রার সক্ষমতা বোঝাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সূচক যা আন্তর্জাতিক ঋণচুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই সামান্য ঊর্ধ্বগতি বাজারে কিছুটা আস্থার সংকেত দিলেও আন্তর্জাতিক সংস্থাগুলোর মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভের অবস্থান এখনো নীতি-নির্ধারকদের জন্য গুরুত্ব সহকারে পর্যালোচনার বিষয় হয়ে আছে। ব্যাংক খাত ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে এই রিজার্ভ ব্যবস্থাপনার ওপর আরও নজরদারি প্রয়োজন বলে অর্থনীতিবিদরা মনে করছেন।

