জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নয়টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে। বুধবার (৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন পায়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় হবে ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা। বাকি অর্থের মধ্যে প্রকল্প ঋণ হিসেবে থাকবে ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ১৪৫ কোটি ৬ লাখ টাকা।
এসময় তিনি আরও বলেন, সম্প্রতি দেশে বিভিন্ন জেলায় নতুন সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলেও এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মকৌশল বা কার্যক্রম নিয়ে সরকার নিজেই অনিশ্চয়তায় রয়েছে। ফলে জেলা পর্যায়ের নতুন বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন বা সম্প্রসারণে নতুন করে আর কোনো প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা আপাতত নেই।
সরকারি বিনিয়োগ কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ ব্যয়কে যৌক্তিক ও টেকসই করে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। তাঁর মতে, শিক্ষা খাতে বিনিয়োগ যেমন জরুরি, তেমনি তা হতে হবে সুপরিকল্পিত ও বাস্তবমুখী। অন্যথায় স্থাপিত অবকাঠামোগুলো অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা থাকে, যা জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অবকাঠামো খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাস্তবায়িত হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।

