বাংলাদেশে নিবন্ধনের বাইরে থাকা প্রায় ছয় লাখ বিদেশি নাগরিক কাজ করছেন যাদের নিবন্ধনের আওতায় আনতে পারলে বছরে অতিরিক্ত দেড় বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হতো। তবে এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সামনে রেখে সরকারের একটি গোয়েন্দা সংস্থা সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে প্রস্তাব আকারে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন দিয়েছে।
প্রতিবেদনটিতে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, বিশেষ করে অর্থপাচার, কর ফাঁকি, ঋণখেলাপি ও ব্যয় অপচয় নিয়ে নানা সুপারিশ করা হয়েছে। সংস্থাটি মনে করছে, বিদেশে অর্থ পাচারের পেছনে বিদ্যমান স্বর্ণ নীতিমালার ফাঁকফোকর অনেকাংশে দায়ী। বর্তমান নীতিমালার সুযোগ নিয়ে পর্যটকদের মাধ্যমে স্বর্ণের বার ও অলংকার দেশে আনা হচ্ছে যা অপব্যবহারের শামিল। তাই সংস্থাটি স্বর্ণ নীতিমালার সংশোধন চেয়ে বলেছে, করমুক্ত স্বর্ণ ও অলংকার আনার সীমা ১০০ গ্রাম থেকে কমিয়ে ৭৫ গ্রাম নির্ধারণ করতে হবে এবং এক যাত্রী বছরে দু’বারের বেশি ব্যাগেজ রুল সুবিধা নিতে পারবে না।
প্রতিবেদনে নগদ অর্থ লেনদেন নিয়ন্ত্রণে ব্যক্তি পর্যায়ে বছরে ৫০ লাখ টাকার বেশি উত্তোলনের ক্ষেত্রে এক শতাংশ হারে উৎসে কর আদায়ের সুপারিশ করা হয়েছে।
ব্যাংক খাতের দুর্বলতা মোকাবেলায় ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’ গঠনের মাধ্যমে খেলাপি ঋণ কমানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটি। পাশাপাশি বেনামি ঋণের জালিয়াতি বন্ধে এনবিআরে একটি জাতীয় ডাটাবেস চালুর সুপারিশ করা হয়েছে যাতে ব্যাংকগুলো ঋণ প্রদানের আগে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণীর তথ্য যাচাই করতে পারে। এতে যেমন ঋণ জালিয়াতি কমবে তেমনি রাজস্বও বাড়বে।
প্রতিবেদনে অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে মূল্যস্ফীতির বিষয়টি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মূল্যস্ফীতির ফলে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষ বিপদে পড়েছে সামাজিক নিরাপত্তাহীনতা বেড়েছে এবং জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থাটি মনে করে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে পাকিস্তানের মতো রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। ফলে মুদ্রানীতিতে মূল্যস্ফীতিকে মূল লক্ষ্য বিবেচনায় নিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি।
সরকারি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও খরচ বৃদ্ধির পেছনে দুর্নীতি, জবাবদিহিতার অভাব এবং দুর্বল পরিকল্পনাকে দায়ী করা হয়েছে। অনেক সময় প্রকল্পের বাস্তবায়নে নির্ধারিত সময় ও বাজেটের চেয়ে বেশি সময় ও ব্যয় হওয়ায় ঋণের দায় বাড়ছে। তাই সময়মতো প্রকল্প বাস্তবায়ন, কম গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত এবং বৈদেশিক ঋণ নির্ভরতা কমিয়ে পিপিপি কাঠামোতে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বৈদেশিক ঋণচুক্তি সম্পন্ন হওয়ার পরও অর্থ ছাড় না হওয়ায় বড় অঙ্কের ঋণ অব্যবহৃত থাকছে। এতে করে পাইপলাইনে থাকা অর্থের পরিমাণ বাড়ছে এবং বাংলাদেশ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছে। তাই ঋণ ব্যবহারে সঠিক খাত নির্বাচন করে বিনিয়োগ থেকে রিটার্ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে দেশের ই-কমার্স খাত এবং কুরিয়ার সার্ভিসেও নজর দেওয়া হয়েছে। বলা হয়েছে, অনিবন্ধিত কুরিয়ার সার্ভিসগুলো ফেসবুক পেজভিত্তিক ব্যবসায় পণ্য সরবরাহ করে যার ফলে অবৈধ পণ্যের লেনদেনের ঝুঁকি বাড়ছে। তাই এসব কুরিয়ারকে নিবন্ধনের আওতায় এনে ভ্যাট-ট্যাক্স আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুসারে, দেশে বর্তমানে ওয়েবসাইটভিত্তিক প্রায় ৩ হাজার এবং ফেসবুকভিত্তিক প্রায় ৩ লাখ ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র ১ হাজার ৪৭২টি প্রতিষ্ঠান নিবন্ধন পেয়েছে যাদের অনেকেই ডিবিআইডি প্ল্যাটফর্মে আবেদন করেও বাতিল হয়েছে। তাই নীতিমালা সহজ করে আরও বেশি প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় এনে কর নেটওয়ার্কে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর ব্যবস্থায় দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে। কর ব্যবস্থা সহজীকরণ, দ্বৈত কর পরিহার এবং শিল্পভিত্তিক পৃথক কর কাঠামো গঠনের মাধ্যমে উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী করা সম্ভব বলে উল্লেখ করেছে সংস্থাটি। একইসঙ্গে যেসব শিল্প খাত দীর্ঘদিন কর ছাড় সুবিধা ভোগ করেও কাঙ্ক্ষিত সুফল দিতে ব্যর্থ হয়েছে সেসব ক্ষেত্রে কর ছাড় বাতিল করে নতুন খাতে কর সুবিধার ভারসাম্য আনার পরামর্শও দেওয়া হয়েছে।
ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানো কার্যক্রম জোরদারের প্রস্তাব করা হয়েছে। ক্যাটাগরি ভিত্তিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট আদায় ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।
পুঁজিবাজার চাঙা করতে সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ আয় করমুক্ত সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া রপ্তানিমুখী খাতে গার্মেন্টস শিল্পের মতো অন্যান্য খাতেও উপকরণ আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট হিসেবে জুনের প্রথম সপ্তাহে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই বাজেট হবে বাস্তবমুখী উচ্চাভিলাষী নয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, এই বাজেটকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থার প্রস্তাবনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, কর ও ভ্যাট নেট সম্প্রসারণ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, দক্ষ জনশক্তি গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।
আইএমএফ ঋণের শর্ত পূরণ করতে গিয়ে সরকার বাড়তি রাজস্ব আদায়ের চাপে রয়েছে, যা গোয়েন্দা সংস্থার দেড় বিলিয়ন ডলার রাজস্ব বৃদ্ধির রূপরেখার মাধ্যমে মোকাবিলার পথ দেখাতে পারে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। প্রস্তাবগুলো এখন পর্যালোচনার মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে একটি ভারসাম্যপূর্ণ, বাস্তবমুখী এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিসম্পন্ন বাজেট প্রণয়ন সময়ের দাবি হয়ে উঠেছে।

