ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সামরিক উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়ায় এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। সীমান্তে সংঘাত শুরু হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা যায়। বুধবার (৭ মে) দিনের শুরুতেই সূচকের বড় পতন ঘটেছে। তবে এই প্রভাব শুধু পুঁজিবাজারেই সীমাবদ্ধ নয় বাংলাদেশের অর্থনীতির অন্যান্য খাতেও এই উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছে।
অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই সংঘাত যদি যুদ্ধে রূপ নেয় এবং তা দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, মূল্যস্ফীতি, রেমিট্যান্স ও কূটনৈতিক ভারসাম্যে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। তাই এই মুহূর্তে সরকার ও নীতিনির্ধারকদের কৌশল নির্ধারণ এবং তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। তাদের মতে, পরিস্থিতি মোকাবিলায় পূর্ব প্রস্তুতি না থাকলে বাংলাদেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে।
ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বিশেষত ভারতের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ। ভারত বাংলাদেশের অন্যতম প্রধান আমদানিকারক দেশ হওয়ায় যুদ্ধ পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্য, ট্রানজিট এবং দক্ষিণ এশিয়ার নৌরুটে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তৈরি পোশাক, ওষুধ ও হালকা প্রকৌশল পণ্যের রফতানিতে বিলম্ব এবং বিদেশি ক্রেতাদের অর্ডার স্থগিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকলে এই অঞ্চলকে ‘হাই রিস্ক জোন’ হিসেবে চিহ্নিত করতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা। এতে সরাসরি বিদেশি বিনিয়োগ কমে যেতে পারে বিশেষ করে অবকাঠামো, টেক্সটাইল, তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক চলমান প্রকল্পগুলো থমকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ, পণ্য পরিবহন, রফতানি আদেশ ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকায় সামরিক উত্তেজনা রফতানি ও আমদানির ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি ভারত যদি যুদ্ধের কারণে সামরিক ব্যয় বাড়াতে বাধ্য হয় তবে দেশটির অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্প ও আঞ্চলিক সহযোগিতার গতি কমে যেতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিও বাধাগ্রস্ত হতে পারে।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনা সরাসরি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের জন্য বড় ধরনের হুমকি না হলেও এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি। দুই দেশের সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলবে।”
তিনি আরও বলেন, “ভারত বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। অনেক পণ্য শুল্কমুক্ত সুবিধায় ভারতে রফতানি করা হয়। কিন্তু সামরিক ব্যয় বাড়লে ভারতের অর্থনৈতিক অগ্রাধিকারে পরিবর্তন আসতে পারে যার প্রভাব পড়বে বাংলাদেশের রফতানিতেও।”
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমও। বুধবার (৭ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভায় তিনি বলেন, “যুদ্ধ পরিস্থিতি হলে আমদানি-রফতানির পথ ব্যাহত হবে। আমাদের সুতা, কাপড়সহ নানা কাঁচামাল বাইরের দেশ থেকে আনতে হয়। সরবরাহ চেইনে বিঘ্ন ঘটলে পোশাক খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধ কোনো দেশের জন্যই মঙ্গলজনক নয়। আমরা সীমান্তবর্তী দেশ হিসেবে এর নেতিবাচক প্রভাব থেকে বাদ যাব না।”
বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিকল্প বাজারের সন্ধান, বাণিজ্যের বহুমুখীকরণ এবং কূটনৈতিক প্রস্তুতি জোরদার করা। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা ও দামের ওঠানামা মনিটর করে রফতানিনির্ভর শিল্প খাতে পরিকল্পিত কৌশল নিতে হবে।
ভারত-পাকিস্তান উত্তেজনার সরাসরি প্রভাব ইতোমধ্যেই দেশের শেয়ারবাজারে পড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট বা প্রায় ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০২ পয়েন্ট যা গত পাঁচ বছরে সর্বনিম্ন। এটি ২০২৪ সালের ২৯ অক্টোবরের পর একদিনে সর্বোচ্চ দরপতন। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ব্যাপক বিক্রি শুরু হয়। ওইদিন মাত্র ৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৩৮৫টি, আর ৫টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান বলেন, “ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি বাজারে মারাত্মক অস্থিরতা তৈরি করেছে। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আতঙ্কিত করেছে। অনেকেই নিরাপদ মনে করে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।” তিনি জানান, বুধবার সকালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে একটি চিঠি এসেছে। এতে বলা হয়েছে, আগামী ১১ মে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেখানে অর্থ উপদেষ্টা, এফআইডি সচিব ও বিএসইসি চেয়ারম্যান উপস্থিত থাকবেন। বৈঠকে শেয়ারবাজার স্থিতিশীল রাখতে করণীয় নিয়ে আলোচনা হবে। তবে এই আশ্বাসও তাৎক্ষণিকভাবে বাজারে আস্থা ফিরিয়ে আনতে পারেনি।
এদিকে সম্ভাব্য যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা অপরিশোধিত তেল ও এলএনজির মূল্যবৃদ্ধি হলে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে। যার ফলে শিল্প উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিতে পারে। বিশেষ করে পরিবহন ব্যয় ও কৃষি উৎপাদনের খরচ বাড়লে খাদ্যপণ্যের দামও নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।
বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় কর্মরত। এই অঞ্চলগুলোতেও ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়তে পারে। যদি যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তবে শ্রমবাজার স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে যা রেমিট্যান্স আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য বাংলাদেশ উভয় দেশের সঙ্গেই রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে এমন কৌশল নিতে হতে পারে যাতে কোনো পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষের বিরাগভাজন না হতে হয়। এই প্রেক্ষাপটে আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি এখন সবচেয়ে জরুরি।

