দেশের শিল্প খাতে গ্যাস সংকট দূর করতে সরকার গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে চারটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগের ফলে শিল্প কারখানাগুলোতে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়বে।
বুধবার (৭ মে) সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ১২০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। এখন সেখান থেকে ১৫ কোটি ঘনফুট গ্যাস শিল্প খাতে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি আগামী চার মাসে চারটি এলএনজি কার্গো দেশে আসবে, যার প্রতিটির মাধ্যমে অতিরিক্ত ১০ কোটি ঘনফুট গ্যাস যোগ হবে জাতীয় গ্রিডে। সব মিলিয়ে শিল্প খাতের জন্য দিনে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপদেষ্টা জানান, তিতাস গ্যাস একটি হটলাইন চালু করবে, যেখানে শিল্প উদ্যোক্তারা সরাসরি সমস্যার কথা জানাতে পারবেন। তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। অন্যদিকে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে ওঠায় চাহিদা বাড়ছে। তাই আমদানি নির্ভরতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।
উপদেষ্টা জানান, স্বল্প সময়ের জন্য দায়িত্বে থাকলেও সরকার দ্রুত সমস্যার সমাধান চায়। সে কারণে নতুন অনুসন্ধান কূপ খননের ওপর জোর দেওয়া হচ্ছে। ২০২৫ সালের মধ্যে ১৫০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে এ বছর খনন করা হবে ৫০টি এবং আগামী বছর ১০০টি। ইতোমধ্যে ভোলা অঞ্চলে নতুন গ্যাস কূপ অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। পাশাপাশি তিনটি পুরনো গ্যাসক্ষেত্রের কূপ সংস্কারের মাধ্যমে গ্যাস উৎপাদন ২৭ মিলিয়ন ঘনফুট বাড়ানো সম্ভব হয়েছে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।
সরকারের এসব পদক্ষেপ শিল্প খাতে উৎপাদন ব্যয় ও সময় কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। উদ্যোক্তারা মনে করছেন, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত হলে রপ্তানি খাতেও গতি ফিরবে।

