ভারতের পেট্রাপোল বন্দরে অনলাইন সিস্টেমে সমস্যার কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই সমস্যার কারণে দুই দেশের বন্দর এলাকায় দেখা দিয়েছে তীব্র পণ্যজট। বর্তমানে পেট্রাপোল বন্দরে প্রায় দেড় হাজার ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত ২৮ এপ্রিল সোমবার দুপুরে ভারতে ঝড়ের পর পেট্রাপোল কাস্টমস ও বন্দরের অনলাইন লিংক সার্ভিসে সমস্যা দেখা দেয়। এই লিংক সেবা সরবরাহ করে টাটা কোম্পানি যারা কলকাতা অফিস থেকে সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হওয়ায় বর্তমানে বিষয়টি দিল্লির ডিজি সিস্টেম মনিটর করছে। অনলাইন সিস্টেমের বিকল্প হিসেবে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ কিছু পণ্য ছাড় করতে বাধ্য হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে।
বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, যেখানে সাধারণত প্রতিদিন ৩০০-এর বেশি ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসতো সেখানে বর্তমানে এই সংখ্যা কমে ৫০-এ দাঁড়িয়েছে। তিনি বলেন, পেট্রাপোল কাস্টমস এখন অনলাইন কার্যক্রম সামান্য আকারে চালাতে ট্যাবের মাধ্যমে ওয়াইফাই সংযোগ ব্যবহার করছে কিন্তু তা পর্যাপ্ত নয়।
সূত্রে জানা গেছে, গত ১৯ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ৯ দিনে বেনাপোল বন্দরে ২৯৯০ ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং রপ্তানি হয়েছে ১৬১২ ট্রাক। প্রতিদিন গড়ে ৩৩০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু অনলাইন সমস্যা শুরু হওয়ার পর ২৯ এপ্রিল থেকে ৪ মে (যেখানে ২ দিন ছুটি ছিল) পর্যন্ত মাত্র ২৩২ ট্রাক পণ্য এসেছে যার গড় দাঁড়ায় মাত্র ৫৮টি। রপ্তানি হয়েছে ৭৫১ ট্রাক পণ্য।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন বন্দরের কার্যক্রম ছিল সম্পূর্ণ বন্ধ। শনিবার ভারত থেকে ১৫০ ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং ২১৩টি ট্রাক রপ্তানি পণ্য নিয়ে ভারত গেছে। রোববার বেনাপোলে এসেছে মাত্র ৩৪টি ট্রাক আর ভারত গেছে ১১১টি। ৫ মে এসেছে ৪০টি ট্রাক, আর ৬ ও ৭ মে মিলিয়ে এসেছে মাত্র ১০০টি। অথচ স্বাভাবিক সময় হলে প্রতিদিন ৩৫০ থেকে ৫০০ ট্রাক পণ্য ভারত থেকে আসে এবং বাংলাদেশ থেকে ২০০ থেকে ২৫০ ট্রাক রপ্তানি পণ্য যায়।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্র্যাফিক) মামুন কবির তরফদার জানান, এক সপ্তাহ ধরে পেট্রাপোল বন্দরের অনলাইন লিংক সিস্টেম সম্পূর্ণরূপে অকার্যকর থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অতি জরুরি এবং পচনশীল পণ্য বিশেষ ব্যবস্থায় ছাড় করা হচ্ছে। বিষয়টি নিয়ে ভারতের বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে তবে কখন থেকে স্বাভাবিক কার্যক্রম আবার চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এই পরিস্থিতিতে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং ট্রাকচালকদের মধ্যে চরম ভোগান্তি ও উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্টরা দ্রুত এই প্রযুক্তিগত সমস্যার সমাধান ও স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম শুরুর দাবি জানাচ্ছেন।

