রাশিয়ার ক্রেতা প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের ১৪টি তৈরি পোশাক কারখানার ৭৬ লাখ মার্কিন ডলার আটকে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানি করার পর এক বছরেরও বেশি সময় ধরে এই অর্থ আদায় করতে পারছেন না সংশ্লিষ্ট উদ্যোক্তারা। মূলত লেনদেন সংক্রান্ত জটিলতার কারণে এই অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে রাশিয়ার ক্রেতা প্রতিষ্ঠানগুলো।
আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকেএমইএর ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন মোহাম্মদ হাতেম। ওই অনুষ্ঠানে প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। দলটির পক্ষ থেকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাতেম জানান, প্রাথমিকভাবে চীনের একটি ব্যাংকের মাধ্যমে কিছু অর্থ দেশে আসলেও পরবর্তীতে সেটি আর সম্ভব হয়নি।
সমস্যা সমাধানে বিকল্প প্রস্তাব দিয়ে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে রাশিয়ার যে অর্থ পাওনা রয়েছে তার সঙ্গে তৈরি পোশাক রপ্তানির এই আটকে থাকা অর্থ সমন্বয় বা বিনিময় ব্যবস্থার উদ্যোগ নেওয়া যেতে পারে। এর মাধ্যমে উভয়পক্ষের স্বার্থ রক্ষা সম্ভব বলে মনে করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, জ্যেষ্ঠ সহসভাপতি মনসুর আহমেদসহ প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের অন্যান্য প্রার্থীরা। দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী শনিবার ঢাকা ও নারায়ণগঞ্জে একযোগে বিকেএমইএর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫৮২ জন ভোটার রয়েছেন এবং ৩৫টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩৮ জন। এর মধ্যে প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের প্রার্থী সংখ্যা ৩৫ জন।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হাতেম বলেন, এখনই কাঁচামাল আমদানিতে বড় ধরনের সমস্যা না হলেও সীমান্তে কড়াকড়ি বাড়তে পারে, যা সীমান্ত বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, “উভয় দেশ থেকেই আমাদের তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের কাঁচামাল আসে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে তুলা ও সুতাসহ বিভিন্ন কাঁচামালের দাম বেড়ে যেতে পারে। তখন আমাদের ক্ষতির মুখে পড়তে হবে।”
নির্বাচনী ইশতেহারে প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স ১৫ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে। তাদের ঘোষণায় আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ এবং কাস্টমস সংক্রান্ত জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে স্বচ্ছ, বাস্তবমুখী ও জবাবদিহিমূলক নীতি প্রণয়নের লক্ষ্যে দ্বিপক্ষীয় আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ ছাড়া এইচএস কোডের জটিলতা নিরসন, ভ্যাট সংক্রান্ত হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ, ব্যাংক খাতের দীর্ঘসূত্রিতা দূর করা এবং ঢাকায় বিকেএমইএর নিজস্ব ভবন নির্মাণসহ একাধিক বাস্তবসম্মত পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে তাদের ইশতেহারে।

