এপ্রিল মাসে দেশের অর্থনৈতিক সম্প্রসারণের গতি আগের চেয়ে কমে এসেছে। অর্থনীতির প্রধান চারটি খাতের ভিত্তিতে তৈরি পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সূচকের মান এ মাসে উল্লেখযোগ্যভাবে কমে ৫২ দশমিক ৯ পয়েন্টে দাঁড়িয়েছে যা মার্চ মাসে ছিল ৬১ দশমিক ৯ পয়েন্ট। অর্থাৎ এক মাসেই সূচকের মান ৮ পয়েন্টের বেশি কমেছে।
পিএমআই সূচক বিশ্লেষণ করে দেখা গেছে, গত মাসে কৃষি, উৎপাদন, নির্মাণ ও পরিষেবা—এই চারটি খাতই সম্প্রসারিত হয়েছে। কৃষি খাতে টানা সপ্তম মাসে প্রবৃদ্ধি অব্যাহত ছিল, উৎপাদন খাতে টানা আট মাস, নির্মাণ খাতে পাঁচ মাস এবং পরিষেবা খাতে সাত মাস ধরে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
তবে এ প্রসঙ্গে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, যদিও সম্প্রসারণ অব্যাহত রয়েছে, তবে সম্প্রসারণের গতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে। তিনি জানান, অক্টোবর মাসে সম্প্রসারণ ধারা শুরু হওয়ার পর এপ্রিল মাসের সূচক ছিল সর্বনিম্ন। এই ধীরগতির পেছনে তিনি কয়েকটি কারণ তুলে ধরেন দীর্ঘ ছুটি চলায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সাময়িক বন্ধ থাকা, পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রাথমিক প্রভাব এবং জ্বালানি সরবরাহে সমস্যা এ গতি কমার পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন তিনি।
পিএমআই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সূচক যা শূন্য থেকে ১০০ স্কেলে পরিমাপ করা হয়। এতে ৫০-এর ওপরে মান থাকলে সংশ্লিষ্ট খাতে সম্প্রসারণ বোঝায়, ৫০-এর নিচে মান সংকোচনের ইঙ্গিত দেয়, আর ৫০ হলে বুঝতে হয় খাতে কোনো পরিবর্তন ঘটেনি। ২০২৩ সালের জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতা ও কোটা সংস্কার আন্দোলনের সময় সূচকের মান নেমে গিয়েছিল ৩৬ দশমিক ৯ পয়েন্টে, যা ছিল সংকটজনক অবস্থা। পরের মাস আগস্টে তা কিছুটা বেড়ে ৪৯ দশমিক ৭ পয়েন্টে উন্নীত হয় এবং অক্টোবর মাসে ৫৫ দশমিক ৭ পয়েন্টে পৌঁছে অর্থনৈতিক সম্প্রসারণের ধারায় প্রবেশ করে। এরপর থেকে সূচক মোটামুটি স্থিতিশীল থাকলেও এবার এপ্রিল মাসে বড় ধাক্কা খেল।
এম মাসরুর রিয়াজ ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে বলেন, কৃষি খাতে সম্প্রসারণ ধীর গতির হলেও উৎপাদন ও নির্মাণ খাতের প্রবৃদ্ধি তুলনামূলকভাবে জোরালো থাকতে পারে বলে আশা করা যায়। তবে এর ওপর প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা এবং রাজনৈতিক স্থিতিশীলতা।
উল্লেখ্য দেশের শতবর্ষের পুরোনো ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ গত এক বছর ধরে যৌথভাবে পিএমআই সূচক প্রণয়ন করে আসছে। এই সূচক দেশের অর্থনীতির গতিধারা বোঝার জন্য একটি কার্যকর নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।

