বাংলাদেশের অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে আছে রপ্তানিনির্ভর বাণিজ্যের ওপর। এর বড় অংশ আসে তৈরি পোশাক শিল্প থেকে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে এই খাত থেকে। এটি জিডিপির ১১ শতাংশের বেশি অবদান রাখে। এখানে কাজ করছেন প্রায় ৪৪ লাখ মানুষ।
এই বিশাল রপ্তানি কার্যক্রমের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। দেশের মোট আমদানি-রপ্তানির ৯০ শতাংশ হয় এখান দিয়ে। জাতীয় উৎপাদন, রপ্তানি আয় এবং কর্মসংস্থানে এর ভূমিকা বিশাল।
তবে বাণিজ্যের গতি বাড়লেও চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা সে অনুপাতে বাড়েনি। বর্তমানে এই বন্দর অনেকটাই এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে গড় কনটেইনার ডুয়েল টাইম ১১ দিনেরও বেশি। অথচ আঞ্চলিক মানদণ্ড মাত্র ৩ দিন। জেটির সংখ্যা কম, অনেক কাজ এখনও ম্যানুয়ালি করতে হয়। এর ফলে মালামাল উঠা-নামায় দেরি হয়। অনেক সময় রপ্তানিকারকদের বাধ্য হয়ে বেশি দামে বিমানে পণ্য পাঠাতে হয়। কেউ কেউ আবার গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যাওয়ায় অর্ডারই হারান।
বিশেষ করে পোশাক রপ্তানিকারকদের জন্য এই দেরি বড় ধাক্কা। সময়মতো পণ্য না পৌঁছালে অর্ডার বাতিল হয়ে যায় বা দাম কমে যায়। এতে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হন না, বাংলাদেশও আন্তর্জাতিকভাবে নির্ভরযোগ্য রপ্তানিকারক হিসেবে তার সুনাম হারায়।
বিশ্বব্যাংক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD) বহুবার এই অব্যবস্থাপনার দিক তুলে ধরেছে। তারা বলেছে, বন্দর ব্যবস্থার আধুনিকায়ন না হলে বৈদেশিক বিনিয়োগ আসবে না। দেশের রপ্তানি খাতেও নেতিবাচক প্রভাব পড়বে।
২০২৩ সালের বিশ্বব্যাংকের ‘লজিস্টিকস পারফরম্যান্স ইনডেক্স’-এ বাংলাদেশের অবস্থান ৬৭তম। ভারত আছে ৩৮ নম্বরে। এ অবস্থানে উন্নতি করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ব্যবস্থাপনাতেও বড় পরিবর্তন দরকার।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে প্রাপ্ত ঋণের শর্তেও চট্টগ্রাম বন্দরের সংস্কার অন্তর্ভুক্ত আছে। তাই এ নিয়ে সিদ্ধান্তহীনতা দেশের অর্থনৈতিক পরিকল্পনাকে প্রভাবিত করছে।
সরকার অনেক দিন ধরেই ‘বে-টার্মিনাল’ প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু এটার অপারেটর নির্ধারণে দীর্ঘ বিলম্ব হচ্ছে। এতে একদিকে যেমন বিনিয়োগকারীদের আস্থা কমছে, অন্যদিকে বাণিজ্যেও পড়ছে নেতিবাচক প্রভাব।
বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ থেকে শেখার অনেক কিছু আছে। মরক্কোর ট্যাঙ্গার-মেদ বন্দর একটি সময় অদক্ষ ব্যবস্থাপনার জন্য বিখ্যাত ছিল। পরে বেসরকারি বিনিয়োগ আর আধুনিক ব্যবস্থাপনায় তারা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে কনটেইনার খালাস করতে পারে। ভারতে জওহরলাল নেহরু বন্দর (JNPT) একসময় ছিল সবচেয়ে ধীরগতির বন্দর। এখন সেটিই দক্ষিণ এশিয়ার সবচেয়ে কর্মক্ষম কনটেইনার বন্দর। তারা ল্যান্ডলর্ড মডেল চালু করে এবং আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরদের যুক্ত করে এই অগ্রগতি আনে।
চট্টগ্রামেও একইভাবে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ব্যবস্থাপনা এবং স্বচ্ছ ট্যারিফ কাঠামো চালু করতে হবে। শুধু অবকাঠামো নয়, বন্দর পরিচালনায় বেসরকারি অংশীদারিত্ব ও জবাবদিহিতাও জরুরি।
বর্তমানে টার্মিনাল হ্যান্ডলিং চার্জ (THC) নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু বাস্তবে এই চার্জ পুরো লজিস্টিক খরচের ৫ শতাংশেরও কম। অনেক সময় এই চার্জ কমাতে গিয়ে বিনিয়োগ কম হয়, যা দীর্ঘমেয়াদে আরো বেশি সমস্যা তৈরি করে। THC সেবা মান অনুযায়ী নির্ধারণ করলে তা ব্যবসায়ী, বন্দর এবং সরকারের জন্যই লাভজনক হবে। এর মাধ্যমে রপ্তানিকারকরা সময়মতো পণ্য পাঠাতে পারবেন, বিদেশি ক্রেতার আস্থা বাড়বে এবং সার্বিক বিনিয়োগও আসবে।
বন্দরের সংস্কার কেবল বাণিজ্যেই নয়, দেশের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচকেও ইতিবাচক প্রভাব ফেলবে। এতে বৈদেশিক বিনিয়োগ বাড়বে, পোশাকের বাইরে নতুন খাতেও রপ্তানি বাড়বে। স্থানীয় মানুষজনের জন্য তৈরি হবে নিরাপদ কর্মপরিবেশ, আধুনিক প্রশিক্ষণের সুযোগ ও দক্ষতা উন্নয়ন।
এই সম্ভাবনাগুলোর বাস্তবায়নের জন্য দরকার সরকার, বেসরকারি খাত, বিনিয়োগকারী ও ব্যবহারকারীদের যৌথ পরিকল্পনা ও সমন্বয়। বর্তমান পরিস্থিতিতে দরকার একটি স্পষ্ট, সময়োপযোগী ও ফলভিত্তিক সংস্কার পরিকল্পনা। ট্যারিফ নির্ধারণে রাজনৈতিক প্রভাব কমিয়ে, বন্দর পরিচালনায় কর্মক্ষমতা ও স্বচ্ছতা বাড়াতে হবে।
সময় এসেছে চট্টগ্রাম বন্দরের কাঠামো আর ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনার। এটা শুধু একটি বন্দর উন্নয়নের প্রশ্ন নয়। এটি বাংলাদেশকে বৈশ্বিক বাণিজ্যের একটি শক্তিশালী অংশীদার হিসেবে গড়ে তোলার সুযোগ।

