দ্য আটলান্টিক
বিশ্বের অন্যতম আধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত সৌদি আরবকে ক্রমেই কোণঠাসা করে ফেলছে তুলনামূলক দরিদ্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শত শত বিলিয়ন ডলারের যুদ্ধবিমান, ট্যাংক এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনেও নিজেদের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে হিমশিম খাচ্ছে রিয়াদ। অন্যদিকে সীমিত সম্পদ ও তুলনামূলক সস্তা প্রযুক্তি ব্যবহার করে নিজেদের অস্ত্রভাণ্ডার ক্রমাগত সমৃদ্ধ করছে হুথিরা।
সৌদি আরবের হাতে রয়েছে বিশ্বের অন্যতম উন্নত সামরিক সরঞ্জাম। বিপরীতে হুথিদের প্রধান ভরসা সাধারণ কামান, ড্রোন এবং তুলনামূলক কম ব্যয়ের ক্ষেপণাস্ত্র। এসব ড্রোনের অনেকগুলোই তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অথবা আমদানি করা যন্ত্রাংশ সংযোজন করে বানানো।
কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা প্রচলিত সামরিক শক্তির হিসাবকে উল্টে দিচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে হুথিরা শুধু সৌদি আরবের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করেনি, বরং ইয়েমেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো কৌশলগত লক্ষ্য অর্জনের দিকেও এগিয়েছে।
সৌদি আরবের জন্য আরও উদ্বেগের বিষয় হলো, হুথিরা কেবল ইরানের নির্দেশে পরিচালিত কোনো প্রক্সি বাহিনী নয়। তারা নিজেদের সীমিত সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের সর্বোচ্চ ক্ষতি করার কৌশল আয়ত্ত করেছে। যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের অস্ত্রের উন্নয়ন এবং নতুন প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাও বাড়াচ্ছে।
এই সংঘাতের মধ্যে ভবিষ্যতের যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন স্পষ্ট হচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের মতোই এখানে তুলনামূলক দুর্বল সামরিক শক্তি সস্তা ও কার্যকর প্রযুক্তি ব্যবহার করে অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দিচ্ছে।
ইরানের অস্ত্র নয়, নিজেদের প্রযুক্তিতেও এগোচ্ছে হুথিরা
গত জুলাই ও আগস্টে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, হুথিরা মূলত ইরানের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করছে এবং তেহরানের স্বার্থেই লড়াই করছে।
তবে বাস্তবতা আরও জটিল। হুথিদের ব্যবহৃত কিছু গোলাবারুদ ইরান কিংবা ইরানি সরকারের সমর্থক চীন থেকে এলেও নিজেদের প্রয়োজন অনুযায়ী অস্ত্রের নকশা ও প্রযুক্তি পরিবর্তনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাদের।
উদাহরণ হিসেবে সামুদ্রিক ড্রোনের কথা বলা যায়। পাল্লা ও কার্যক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এসব ড্রোনের প্রযুক্তিগত কাঠামোয় পরিবর্তন এনেছে তারা। হাইড্রোজেনচালিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ড্রোনের সক্ষমতা বাড়ানোর চেষ্টাও করেছে।
গত মাসে সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্রের ব্যবহার পর্যবেক্ষণকারী সংস্থা ‘কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ’ জানিয়েছে, চীনা যন্ত্রাংশ ব্যবহার করে সম্পূর্ণ নতুন ধরনের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে হুথিরা।
এ ছাড়া অস্ত্রের সফটওয়্যার উন্নত করা এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের উৎস বৈচিত্র্যময় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের খবরও পাওয়া গেছে।
অর্থাৎ হুথিরা এখন শুধু বাইরে থেকে পাওয়া অস্ত্রের ওপর নির্ভর করছে না। নিজেদের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর দিকেও মনোযোগ দিচ্ছে। এ পরিবর্তনই তাদের দীর্ঘমেয়াদি সামরিক সক্ষমতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সৌদির তেল ও সামরিক অবকাঠামোতে ধারাবাহিক আঘাত
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ও পরিবর্তিত অস্ত্র ব্যবহার করে হুথিরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
গত তিন মাসে দেশটির প্রধান অপরিশোধিত তেল পরিবহন পাইপলাইন, রিয়াদের প্রধান বিমানবন্দর এবং রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তারা।
এসব হামলায় শুধু লক্ষ্যবস্তু নির্বাচনই নয়, আক্রমণের কৌশলেও পরিবর্তন এনেছে হুথিরা।
প্রথমে ড্রোন পাঠিয়ে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে বিভ্রান্ত করা হচ্ছে। এরপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, যেগুলো প্রতিহত করা তুলনামূলক কঠিন।
এই কৌশল সৌদি আরবের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। কারণ, প্রতিটি আক্রমণ ঠেকাতে ব্যয়বহুল প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। অন্যদিকে আক্রমণকারী পক্ষ তুলনামূলক কম খরচে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে।
এখানেই যুদ্ধের অর্থনৈতিক সমীকরণটি সৌদি আরবের বিরুদ্ধে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ওপর অতিনির্ভরতা সৌদির বড় দুর্বলতা
সৌদি আরবের সামরিক সংকটের কেন্দ্রে রয়েছে তাদের অস্ত্র সংগ্রহ ও প্রতিরক্ষাব্যবস্থার কাঠামোগত দুর্বলতা। দেশটি এমন একটি সামরিক বাহিনী গড়ে তুলেছে, যার গুরুত্বপূর্ণ অংশ যুক্তরাষ্ট্র থেকে কেনা অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র ও প্রযুক্তির ওপর নির্ভরশীল।
এতে স্বল্পমেয়াদে সামরিক শক্তি বাড়লেও দীর্ঘমেয়াদে তৈরি হয়েছে বিপজ্জনক নির্ভরশীলতা।
বিশেষ করে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা রিয়াদের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। কারণ এসব অস্ত্র সৌদি আরব নিজে তৈরি করতে পারে না। নতুন করে সংগ্রহ করতে গেলেও বিপুল অর্থের পাশাপাশি দীর্ঘ সময় প্রয়োজন।
অর্থাৎ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহে সৌদি আরবকে অন্য দেশের ওপর নির্ভর করতে হচ্ছে। সেই দেশটি যদি প্রয়োজনের সময় পর্যাপ্ত সহায়তা দিতে না পারে, তাহলে নিজেদের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
অন্যদিকে হুথিরা নিজেদের অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াচ্ছে। যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন অস্ত্র তৈরি এবং পুরোনো অস্ত্রের কার্যকারিতা বাড়ানোর সুযোগও তাদের রয়েছে।
এ কারণে তাদের অস্ত্রভাণ্ডার সাময়িকভাবে দুর্বল হয়ে পড়লেও আবার তা গড়ে তোলার সম্ভাবনা থাকে। যুদ্ধের বিভিন্ন পর্যায়ে বিরতি দিয়ে হামলা চালানোর যে কৌশল তারা অনুসরণ করেছে, সেটিও দীর্ঘমেয়াদে তাদের জন্য সুবিধাজনক হতে পারে।
৫১ বিলিয়ন ডলারের দাবি, সৌদির কৌশলগত সংকট
হুথিদের সঙ্গে সংঘাত বন্ধে সৌদি আরবের অবস্থান কতটা জটিল হয়ে উঠেছে, তার একটি ইঙ্গিত পাওয়া যায় দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হামলা বন্ধের বিষয়ে আলোচনায় বসতে হুথিদের কত অর্থ দিতে হবে, তা জানতে চেয়েছিল রিয়াদ।
জবাবে হুথিরা ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে। বিপুল এই দাবি থেকেই বোঝা যায়, সংঘাতের অবসান নিয়ে আলোচনায় তাদের অবস্থান কতটা কঠোর।
সৌদি আরবের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়ার বিষয়টিও দেশটির কৌশলগত দুরবস্থার ইঙ্গিত দেয়। সামরিক সক্ষমতায় অনেক এগিয়ে থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে আনতে না পারা এবং ক্রমাগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মুখে পড়া রিয়াদের জন্য বড় ধাক্কা।
এ পরিস্থিতিতে আগামী বছর পর্যন্ত যুদ্ধ গড়াতে পারে—এমন আশঙ্কা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।
ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দিচ্ছে হুথিরা
বড় শক্তিগুলোও উদ্বেগের সঙ্গে এই সংঘাত পর্যবেক্ষণ করছে। কারণ হুথিরা দেখিয়ে দিচ্ছে, যুদ্ধক্ষেত্রে আধুনিক ও ব্যয়বহুল অস্ত্র থাকলেই জয় নিশ্চিত হয় না। তুলনামূলক সস্তা, সহজে উৎপাদনযোগ্য এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়—এমন অস্ত্র দিয়েও শক্তিশালী প্রতিপক্ষকে দীর্ঘদিন চাপে রাখা সম্ভব।
এ থেকে অন্য দেশগুলোরও গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার রয়েছে।
ভবিষ্যতের যুদ্ধের প্রকৃত চিত্র হয়তো ইরানে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং সৌদি আরবের ওপর হুথিদের ধারাবাহিক ও তুলনামূলক কম ব্যয়ের হামলাগুলো আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক-শিল্প খাতের জন্যও এই বাস্তবতা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। কোনো দেশ যদি সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল যুদ্ধপ্রযুক্তি তৈরির পেছনে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে, অথচ কম খরচে দ্রুত কার্যকর অস্ত্র উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে তাদের বিপাকে পড়তে হতে পারে।
শুধু অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে আধুনিক যুদ্ধ জেতা ক্রমেই কঠিন হয়ে উঠছে। একই সঙ্গে প্রয়োজন হচ্ছে সস্তা ড্রোন, সহজে উৎপাদনযোগ্য ক্ষেপণাস্ত্র এবং দ্রুত প্রযুক্তিগত অভিযোজনের সক্ষমতা।
যুক্তরাষ্ট্র যদি কম জটিল ও কম ব্যয়ের অস্ত্রব্যবস্থার উৎপাদন বাড়াতে ব্যর্থ হয়, তাহলে একসময় সৌদি আরবের মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারে দেশটিও।
হুথিদের উত্থান তাই কেবল সৌদি আরবের জন্য সামরিক চ্যালেঞ্জ নয়; এটি আধুনিক যুদ্ধের প্রচলিত ধারণার প্রতিও বড় ধরনের আঘাত। আগামী দিনের যুদ্ধক্ষেত্রে কে বেশি ব্যয়বহুল অস্ত্র কিনেছে, তার চেয়ে কে কম খরচে দ্রুত অস্ত্র তৈরি, পরিবর্তন ও ব্যবহার করতে পারে—সেই সক্ষমতাই হয়তো নির্ধারণ করবে চূড়ান্ত ফলাফল।

