বহুদিনের দেনা আর অব্যবস্থাপনায় জর্জরিত দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এখন ঘুরে দাঁড়ানোর পথে। অন্তর্বর্তী সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে এ খাতে ফিরছে স্থিতি। ইতোমধ্যেই সব মেয়াদোত্তীর্ণ ঋণ পরিশোধ করেছে পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটি জানায়, এখন থেকে নির্ধারিত সময়েই সব বিল পরিশোধ করা হবে।
পেছনে তাকালে দেখা যায়, গত সরকারের আমলে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে পেট্রোবাংলাসহ পুরো জ্বালানি খাত গভীর ঋণে জড়িয়ে পড়ে। আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি ও এলএনজি সরবরাহকারীদের কাছে বাংলাদেশের দেনা বাড়তে বাড়তে একসময় তা দেশের ক্রেডিট রেটিং ও বৈশ্বিক অবস্থানেও নেতিবাচক প্রভাব ফেলে।
তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই চিত্র বদলাতে শুরু করে। শুরু হয় দুর্বলতা কাটিয়ে ওঠার লড়াই। অগ্রাধিকার দেওয়া হয় জ্বালানি খাতকে। নেওয়া হয় একাধিক জরুরি পদক্ষেপ। এর ফলেই সম্ভব হয়েছে বড় অঙ্কের দেনা পরিশোধ।
পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে তাদের মোট দেনার পরিমাণ ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন ডলার। টাকায় তা ৮ হাজার ৭০২ কোটিরও বেশি। কিন্তু গত ৯ মাসে এই খাত থেকে পরিশোধ করা হয়েছে ৩ হাজার ৭৩৯.৯৫ মিলিয়ন ডলার। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক তেল কোম্পানির বকেয়া, দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি এবং স্পট মার্কেট থেকে কেনা এলএনজির বিল। পরিশোধ করা হয়েছে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল, এফএসআরইউ ও আইটিএফসি-র সুদসহ বকেয়াও।
অর্থ মন্ত্রণালয়ও এ খাতে দিয়েছে বাড়তি মনোযোগ। বিদ্যুৎ ও গ্যাস বিতরণ খাতে ভর্তুকি বাড়ানো হয়েছে। ফলে বিতরণ কোম্পানিগুলো এখন উৎপাদনকারীদের বিল দিতে পারছে সময়মতো। গ্রাহকরাও নিয়মিত বিল দিচ্ছে। ব্যাংক খাতে গ্রাহকদের গ্রহণযোগ্যতাও বেড়েছে। সব মিলে তৈরি হয়েছে একটি নতুন স্থিতিশীল কাঠামো।
পেট্রোবাংলা জানিয়েছে, এখন থেকে যেদিন যে প্রতিষ্ঠানের বিল ডিউ হবে, সেদিনই তা এক লেনদেনে পরিশোধ করা হবে। এলএনজি আমদানির জন্য স্ট্যান্ডবাই এলসি চালু রাখা হয়েছে। একইসঙ্গে লং টার্ম ও স্পট মার্কেট আমদানির ক্ষেত্রে ভালো রেটিং সম্পন্ন ব্যাংকের সংখ্যাও বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্টদের বিশ্বাস, এসব উদ্যোগ শুধু অর্থনৈতিক ভারসাম্যই আনবে না, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রেডিট রেটিং উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক সময় যে খাতটি ঋণের জালে আটকে ছিল, এখন তা আবারও স্থিতি ও সম্ভাবনার পথে হাঁটছে।

