দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা লিমিটেডকে বড় অঙ্কের ঋণ দিচ্ছে আইএফসি। আন্তর্জাতিক এই আর্থিক সংস্থাটির সঙ্গে বৃহস্পতিবার রেনাটার একটি চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী রেনাটা পাবে ৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০০ কোটি টাকা। এই অর্থ দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে দেওয়া হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বাংলাদেশের ওষুধশিল্প অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। রপ্তানি ও কর্মসংস্থান তৈরি করে এই খাত দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখছে।
খাতসংশ্লিষ্ট অনেকে বলছেন, এটি দেশের ওষুধ খাতে একটি বড় চুক্তি। এই ঋণের ফলে রেনাটা আরও বেশি মানসম্পন্ন ওষুধ সরবরাহ করতে পারবে। দামও থাকবে সাশ্রয়ী। ফলে দেশের মানুষ উপকৃত হবে। অর্থনীতিও আরও চাঙা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেনাটা দেশে প্রায় সব ধরনের ওষুধ তৈরি করছে। পাশাপাশি রপ্তানিও বাড়ছে। আইএফসির এই সহায়তা রেনাটাকে কাঁচামাল কিনতে সাহায্য করবে। এতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আরও ভালো হবে।
এই চুক্তি রেনাটার নতুন ওষুধ উদ্ভাবনেও সহায়তা করবে। রপ্তানির পথেও আসবে গতি। এতে প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে আরও ভালো অবস্থান নিতে পারবে।
রেনাটা ও আইএফসি মনে করছে, এই অংশীদারিত্ব বাংলাদেশের ওষুধ খাতকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে দেবে। আন্তর্জাতিক স্বাস্থ্যখাতেও বাংলাদেশের ভূমিকা আরও দৃঢ় হবে।
রেনাটার সিইও ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কাইসার কবির বলেন, বর্তমানে ডলার সংকট, টাকার মান কমে যাওয়া এবং উচ্চ সুদের হার বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে আইএফসির সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। এতে আমাদের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকবে বলে আশা করি।
আইএফসির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ইমাদ এন ফাখুরি বলেন, রেনাটার সঙ্গে এই অংশীদারিত্ব ওষুধ শিল্পে বড় অবদান রাখবে। এতে শিল্প খাত বাড়বে। তৈরি হবে নতুন কর্মসংস্থান।
তিনি আরও বলেন, রেনাটা যাতে সরবরাহব্যবস্থা ঠিক রাখতে পারে, সেদিকে আইএফসি কাজ করবে। এই চুক্তি ওষুধ শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। বিশ্ববাজারেও বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে।

