নতুন বাজেটে সাধারণ মানুষের জন্য সঞ্চয়পত্র কেনা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাইছে, এখন থেকে আর আয়কর রিটার্নের প্রমাণপত্র জমা না দিয়েই সঞ্চয়পত্র কেনা যাবে। টিআইএন থাকলেই মিলবে কেনার সুযোগ—পুরনো সেই নিয়মই ফিরিয়ে আনার চিন্তাভাবনা চলছে।
এনবিআর সূত্র বলছে, পুরোপুরি পিএসআর (রিটার্নের প্রমাণ) তুলে দেওয়া হতে পারে। অথবা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় এই শর্ত শিথিল করা হতে পারে। আগামী ২ জুনের বাজেটে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই বিষয়ে ঘোষণা দিতে পারেন।
বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে হলে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হয়। এতে সীমিত আয়ের মানুষ ভোগান্তিতে পড়ছেন। অনেকে করযোগ্য নন, তবুও শুধু সঞ্চয়পত্র কেনার জন্য প্রতিবছর রিটার্ন জমা দিতে হয়। দেশের করব্যবস্থা এখনো সহজ নয়, ফলে অনেকেই রিটার্ন জমা দেওয়া থেকে বিরত থাকেন।
জাতীয় সঞ্চয় অধিদপ্তর বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র বিক্রি করে—বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে জনপ্রিয়, যা শুধুমাত্র নারীরা কিনতে পারেন।
তবে গেল এক বছরে সঞ্চয়পত্র বিক্রিতে বড় ধরনের ধস নেমেছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে অনেকে সঞ্চয়পত্র ভেঙে ফেলছেন। ফলে সরকারের নিট ঋণ এখন ঋণাত্মক। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৩৬ হাজার কোটি টাকার মতো সঞ্চয়পত্র বিক্রি হলেও, একই সময়ে ভাঙানো হয়েছে ৪৩ হাজার কোটি টাকার বেশি। ফলে নিট ঋণ দাঁড়িয়েছে ঋণাত্মক সাত হাজার কোটি টাকার বেশি।
এই পরিস্থিতিতে সরকারের সুদ পরিশোধের চাপও বাড়ছে। অর্থ মন্ত্রণালয় বলছে, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ সঞ্চয় করতে পারছে না। অনেকেই প্রয়োজন মেটাতে সঞ্চয়পত্র ভাঙাতে বাধ্য হচ্ছে।
সরকার প্রতিবছর বাজেট ঘাটতি পূরণে বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হিসেবে সঞ্চয়পত্র বড় একটি মাধ্যম। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু বাস্তবচিত্র বলছে, এ লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হয়ে পড়েছে।
তবে জানুয়ারিতে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোয় বিক্রি কিছুটা বাড়তে শুরু করেছে। আগামী অর্থবছরের জন্য সরকার প্রাথমিকভাবে ২০ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই খাত থেকে।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দিলে সাধারণ মানুষ আরও বেশি আগ্রহ নিয়ে সঞ্চয়পত্র কিনবে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিধবা নারী বা সীমিত আয়ের মানুষ—যাঁদের করযোগ্য আয় নেই, তাঁদের জন্য এটি হবে বড় স্বস্তির বিষয়।
এনবিআরের সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম বলেন, “এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। অনেকেই শুধু নিয়ম মানতে গিয়ে শূন্য রিটার্ন জমা দেন, যা অপ্রয়োজনীয় হয়রানি তৈরি করে।”
বর্তমানে ৪৫টি সরকারি-বেসরকারি সেবা নিতে পিএসআর জমা দেওয়া বাধ্যতামূলক। ফলে যাঁদের রিটার্ন দেওয়ার প্রয়োজনই নেই, তাঁরাও রিটার্ন জমা দিতে বাধ্য হচ্ছেন। ফলে কর ব্যবস্থা নিয়ে তৈরি হচ্ছে অসন্তোষ।
গত করবর্ষে ১৬ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই শূন্য রিটার্ন দিয়েছেন। অর্থাৎ শুধু নিয়ম মানতেই তাঁরা রিটার্ন জমা দিয়েছেন।
এবার বাজেট ঘোষণা হবে সংসদ ছাড়াই। আগামী ২ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট ঘোষণা করবেন টেলিভিশনের মাধ্যমে। সেই বাজেটেই আসতে পারে সাধারণ মানুষের জন্য সুখবর—রিটার্ন ছাড়াই সঞ্চয়পত্র কেনার সুযোগ ফিরছে। এতে সঞ্চয়পত্র বিক্রি বাড়ার পাশাপাশি সরকারও ঘাটতি মেটাতে বড় অঙ্কের ঋণ তুলতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
