যুক্তরাষ্ট্রের সহায়তা কমায় বড় ধরনের সংকটে পড়েছে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়ন কমে যাওয়ায় ইতোমধ্যে প্রায় ২০ হাজার মানুষ চাকরি হারিয়েছেন।
কমে যাওয়া তহবিলের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার। এই অঙ্কটি বাংলাদেশের মোট বার্ষিক বৈদেশিক সহায়তার প্রায় ১৮ শতাংশ।
বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক গোলটেবিল আলোচনায় এ তথ্য উঠে আসে। ‘স্ট্রেনদেনিং কমিউনিটি সাপোর্ট এমিড চেঞ্জিং ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক এই আয়োজনে ছিল একশনএইড বাংলাদেশ।
আলোচনায় জানানো হয়, বাংলাদেশ প্রতিবছর বিভিন্ন উৎস থেকে গড়ে ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পায়। কিন্তু ইউএসএআইডির অর্থ কমে যাওয়ায় ইতোমধ্যে ৮ হাজার মানুষ সরাসরি এবং ১২ হাজার পরোক্ষভাবে চাকরি হারিয়েছেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ভবিষ্যতে সহায়তা আরও কমতে পারে। আন্তর্জাতিক কর্মসূচিগুলোতে তহবিল সংকট তৈরি হচ্ছে।
তিনি জানান, আগে যুক্তরাষ্ট্রে যেসব ফাউন্ডেশন বিদেশে সহায়তা দিত, সেগুলো কর অব্যাহতি পেত। কিন্তু এখন সেই কর ছাড় তুলে নেওয়ার চিন্তা চলছে। এতে করে আগের মতো সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উঠে যাবে, তখন আন্তর্জাতিক সহায়তা পাওয়া আরও সীমিত হয়ে যাবে। সিভিল সোসাইটি সংগঠনগুলোকেও প্রস্তুত থাকতে হবে এই বাস্তবতার জন্য।
চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক এম জাকির হোসাইন খান বলেন, ‘আমাদের বুঝে নিতে হবে যে হানিমুন পিরিয়ড শেষ। এখন আর আগের মতো বিদেশি সহায়তার সময় নেই।’
তিনি মনে করেন, সময় এসেছে নতুন মডেল ও কাঠামো তৈরি করার। আগের পদ্ধতি দিয়ে চলা যাবে না।
তার মতে, সামনে নবায়নযোগ্য জ্বালানি, প্রকৃতিনির্ভর সমাধান এবং ইনস্যুরেন্স খাতে সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকারকে সঙ্গে নিয়ে নদী, খাল, বিল ও বন রক্ষার উদ্যোগও নিতে হবে।
আলোচনায় অংশ নেওয়া অন্য বক্তারাও বলেন, এই পরিবর্তিত বাস্তবতায় টিকে থাকতে হলে আমাদের বিকল্প ভাবতেই হবে।
তাঁরা বলেন এখন দরকার নতুন নেতৃত্ব, নতুন চিন্তা এবং নতুন উৎস থেকে সহায়তা পাওয়ার পথ খোঁজা।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শারমিন নিলোর্মী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থা ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।

