বিদেশে টাকা পাচার শুধু একটি অপরাধই নয়, এটি একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তার বিরুদ্ধে বড় ধরনের হুমকি। বাংলাদেশ বর্তমানে বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতি, আমদানি ব্যয়ের চাপ ও বিনিয়োগে স্থবিরতার যে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তার পেছনে অন্যতম কারণ হলো অবৈধভাবে দেশে উপার্জিত অর্থ বিদেশে পাচার হওয়া। যখন দেশের সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে হাঁসফাঁস করছে, তখন এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি কোটি কোটি টাকা গোপনে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। ফলে দেশের অর্থনীতিতে তৈরি হচ্ছে গভীর সংকট, বেড়ে যাচ্ছে বৈষম্য ও সামাজিক অসন্তোষ।
বাংলাদেশ থেকে প্রতি বছর কত টাকা পাচার হয়?
বাংলাদেশ থেকে ঠিক কত টাকা বিদেশে পাচার হয়—তা নিয়ে বিভিন্ন উৎস থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। তবে একটি বিষয় পরিষ্কার, প্রতি বছরই বিপুল অঙ্কের অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। সম্প্রতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৪ শতাংশ অর্থ প্রতি বছর পাচার হয়। অর্থের অঙ্কে যা দাঁড়ায় প্রায় ২ লাখ কোটি টাকা।
আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটেগ্রিটি (GFI)-এর হিসাব অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৭৫৩ কোটি ডলার অর্থাৎ প্রায় ৮০ হাজার কোটি টাকা পাচার হচ্ছে। একটি জাতীয় দৈনিক “দৈনিক ইত্তেফাক”-এর তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে মোট ২৮ লাখ কোটি টাকার বেশি অর্থ পাচার হয়েছে। আবার বণিক বার্তা-এর একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, একই সময়কালে অর্থাৎ শেখ হাসিনা সরকারের ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার বা ২৩ হাজার ৪০০ কোটি ডলার পাচার হয়েছে।
প্রথম আলো-তে প্রকাশিত আরেক তথ্য অনুযায়ী, গত ১০ বছরে সাড়ে চার লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে বলে ধারণা করা হয়। আন্তর্জাতিক গবেষণা ও বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের ধনীদের বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার চিত্র।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী, দুবাইয়ে বাংলাদেশিদের নামে রয়েছে ৫৩২টি বাড়ি বা সম্পদ। যার মোট মূল্য প্রায় ৩৭ কোটি ৫০ লাখ ডলার। এই বিপুল অর্থ বৈধ পথে যায়নি বলেই ধারণা করা হয়।
এছাড়া মালয়েশিয়ার “মাই সেকেন্ড হোম” কর্মসূচির আওতায় ২০২৪ সালের মার্চ পর্যন্ত ৩ হাজার ৬০০ জন বাংলাদেশি সেখানে বাড়ি বা স্থায়ী বাসস্থান গ্রহণ করেছেন। এই কর্মসূচিকে অনেকেই অর্থ পাচারের সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা ইউ ট্যাক্স অবজারভেটরি ২০২৩ সালে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ২০২১ সালে বাংলাদেশ থেকে প্রায় ৮১৫ কোটি ডলার পাচার হয়েছে।
এই পরিসংখ্যানগুলো বলছে, দেশের অর্থনীতির রক্তক্ষরণ থেমে নেই—বরং তা নানা পথে নিরবেই বহমান। তথ্যের মধ্যে কিছু ভিন্নতা থাকলেও একটি বিষয় স্পষ্ট—প্রতি বছর বাংলাদেশ থেকে অত্যন্ত বড় অঙ্কের অর্থ অবৈধ পথে দেশের বাইরে চলে যাচ্ছে, যা জাতীয় অর্থনীতির জন্য এক গভীর উদ্বেগের বিষয়।
কাদের হাত ধরে বিদেশে যাচ্ছে দেশের টাকা?
বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের পেছনে রয়েছে একটি সুসংগঠিত ও প্রভাবশালী চক্র। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ক্ষমতাবান ব্যবসায়ী, আর্থিক খাতের কিছু কর্মকর্তা এবং উচ্চপদস্থ আমলাদের সমন্বয়ে একটি অনৈতিক গোষ্ঠী গড়ে উঠেছে। যারা নানা উপায়ে দেশে উপার্জিত কালো টাকা বিদেশে সরিয়ে নিচ্ছে।
এই অর্থ পাচার শুধু ঘুষ ও দুর্নীতির মাধ্যমেই হয় না বরং এর সঙ্গে জড়িয়ে আছে আর্থিক অপরাধ, মিথ্যা ঘোষণায় বাণিজ্য, ব্যাংক থেকে আত্মসাৎ করা টাকা, খেলাপি ঋণের অর্থ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের খরচ অযথা বাড়িয়ে তোলা, শেয়ারবাজারে কেলেঙ্কারি এবং কর ফাঁকির মতো জটিল অপরাধের জাল। এসব অপরাধ থেকে যে অর্থ গোপনে আয় হয়, তা পরে বিদেশে পাচার হয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ অর্থ পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকে রাজনীতিবিদ, প্রভাবশালী ব্যবসায়ী এবং উচ্চবিত্ত শ্রেণির কিছু প্রবাসী—বা প্রবাসীদের পরিচয়ে থাকা ধনী ব্যক্তিরা। এই চিত্র স্পষ্ট হয়ে ওঠে কানাডার টরন্টো শহরের “বেগমপাড়া” কেলেঙ্কারিতে। যেখানে বহু বাংলাদেশি রাজনীতিবিদের স্ত্রী ও সন্তানদের নামে বাড়ি ও সম্পদ কিনে স্থায়ীভাবে বসবাস করার তথ্য গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। একইভাবে মালয়েশিয়ার “মাই সেকেন্ড হোম” কর্মসূচিকে ব্যবহার করে অনেকে বিদেশে স্থায়ী বাসস্থান ও নাগরিক সুবিধা গ্রহণের মাধ্যমে পাচার করা অর্থ নিরাপদে রাখতে সক্ষম হচ্ছেন।
অর্থ পাচারের অন্যতম বড় কৌশল হলো “ওভার ইনভয়েসিং” ও “আন্ডার ইনভয়েসিং”। আমদানির ক্ষেত্রে অনেকেই পণ্যের প্রকৃত দামের চেয়ে অনেক বেশি মূল্য দেখিয়ে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেন, যার একটি বড় অংশ বিদেশেই থেকে যায়। আবার রপ্তানির ক্ষেত্রে পণ্যের প্রকৃত মূল্য কম দেখিয়ে বাকি অর্থ বিদেশে রেখে দেওয়া হয়। এই দু‘টি পদ্ধতিকে আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটেগ্রিটি (GFI – Global Financial Integrity) বাংলাদেশের অর্থ পাচারের প্রধান হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে।
এই অপরাধচক্র এতটাই প্রভাবশালী যে তারা শুধু দেশের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে না বরং বৈষম্য, আয়-বণ্টনের সংকট এবং বৈদেশিক মুদ্রার ঘাটতির মতো বড় বড় জাতীয় সমস্যার জন্ম দিচ্ছে। ফলে দেশের অর্থনৈতিক নিরাপত্তা প্রতিদিনই আরও দুর্বল হয়ে পড়ছে।
অর্থ পাচারের প্রভাব: ক্ষতির ঘূর্ণিপাকে হাবুডুবু খাচ্ছে দেশের অর্থনীতি। বাংলাদেশ থেকে প্রতিবছর যেভাবে অর্থ পাচার হচ্ছে তা শুধু রাষ্ট্রের সম্পদ হরণ নয়, বরং সামগ্রিক অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। এই পাচার হওয়া টাকা দেশের উন্নয়ন, কর্মসংস্থান, জনকল্যাণ কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যবহৃত হতে পারতো। ফলে অর্থ পাচারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রাজস্ব, বিনিয়োগ পরিবেশ এবং নাগরিকদের জীবনমান।
প্রথমতঃ অর্থ পাচারের কারণে সরকার বিপুল পরিমাণ কর রাজস্ব হারায়। ব্যবসা-বাণিজ্যে প্রকৃত আয় গোপন করে যারা টাকা বিদেশে পাচার করছে, তারা একইসঙ্গে কর ফাঁকিও দিচ্ছে। এতে বাজেট ঘাটতি বাড়ে এবং রাষ্ট্রের উন্নয়ন ব্যয় সংকুচিত হয়।
দ্বিতীয়ত: পাচার হওয়া অর্থ দেশের বাইরে চলে যাওয়ায় অভ্যন্তরীণ বিনিয়োগ হ্রাস পায়। দেশের উৎপাদন, শিল্পায়ন বা অবকাঠামো খাতে যে অর্থ লগ্নি হওয়ার কথা তা বিদেশে চলে যাওয়ায় কর্মসংস্থান সৃষ্টি ব্যাহত হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির হয়ে পড়ে।
তৃতীয়ত: বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে। পাচার হওয়া ডলার ফিরে না আসায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে যায়। যার প্রভাব পড়ে আমদানি, ঋণ পরিশোধ ও মুদ্রার মানের ওপর। এতে তৈরি হয় ডলার সংকট, যা দেশে পণ্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি ডেকে আনে।
চতুর্থতঃ বিনিয়োগের পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়ে। একটি দেশে যখন অর্থ পাচার বাড়ে, তখন তা রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার ইঙ্গিত দেয়। বিদেশি বিনিয়োগকারীরা এমন অনিশ্চয়তা থেকে দূরে থাকতে চায়। ফলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) হ্রাস পায়।
অর্থ পাচারের ফলে সম্পদের বৈষম্যও বাড়ে। যারা পাচারের সঙ্গে যুক্ত তারা বিদেশে বিলাসবহুল জীবনযাপন নিশ্চিত করে, আর দেশের সাধারণ মানুষ টিকে থাকার লড়াইয়ে দিন কাটায়। এতে সমাজে ধনী-গরিবের ব্যবধান চরমে পৌঁছে যায় এবং সমাজে সৃষ্টি হয় ক্ষোভ, হতাশা ও সম্ভাব্য অস্থিরতা।
এছাড়া পাচার হওয়া টাকার একটি বড় অংশ দুর্নীতি, ঘুষ, প্রকল্পে লুটপাট, কিংবা কর ফাঁকির মাধ্যমে আয় করা হয়। এসব অপরাধমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটে পাচারের সুবিধা থাকার কারণে। ফলে দেশে কর্পোরেট অপরাধ বাড়ে, আর্থিক শৃঙ্খলা নষ্ট হয় এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে।
সরকারের উদ্যোগ যথেষ্ট কি? বাংলাদেশ থেকে অর্থ পাচার ঠেকাতে সরকার নানা সময়ে কিছু উদ্যোগ নিয়েছে। তবে বাস্তবতা বলছে এসব উদ্যোগের কার্যকারিতা এখনও প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সংস্থা যেমন: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU), দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এবং কেন্দ্রীয় ব্যাংক যৌথভাবে এই বিষয়ে কাজ করলেও পাচার হওয়া অর্থ ফেরত আসার উদাহরণ খুবই কম।
অনেক সময় উচ্চপর্যায়ের তদন্তের ঘোষণা দেওয়া হয়, বিদেশি ব্যাংকে বাংলাদেশিদের অর্থের খোঁজে চিঠি চালাচালি চলে, এমনকি বিভিন্ন দেশে বসবাসকারী ধনীদের সম্পত্তির তালিকাও প্রকাশ পায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার পর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায় না। যেমন: কানাডার “বেগমপাড়া” বা দুবাইয়ে সম্পদ থাকা বাংলাদেশিদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়ার ঘটনা প্রায় নেই বললেই চলে।
বাংলাদেশ সরকার অর্থ পাচার রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৪ সালে গঠিত আন্তঃপ্রতিষ্ঠানীয় টাস্কফোর্স এর মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে ১১টি অগ্রাধিকারভিত্তিক মামলা চিহ্নিত করা হয়েছে ।
তবে বিশেষজ্ঞদের মতে, শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়। অর্থ পাচার রোধে সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা, আর্থিক স্বচ্ছতা এবং আইনের কঠোর প্রয়োগ জরুরি। অনেক সময় পাচারের সঙ্গে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ব্যবসায়ী বা প্রভাবশালী মহল জড়িত থাকায় তদন্ত থেমে যায় কিংবা প্রভাবশালী অভিযুক্তরা বিচারের আওতায় আসে না। ফলে জনগণের আস্থাও কমে যাচ্ছে।
তাছাড়া সরকার এই পাচারকৃত অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা নিচ্ছে। বিশ্বব্যাংকের Stolen Asset Recovery Initiative (SARI) এর সঙ্গে যৌথভাবে কাজ করছে। এছাড়া যুক্তরাজ্যের International Anti-Corruption Coordination Centre এবং যুক্তরাষ্ট্রের Treasury Department এর সহায়তা নেওয়া হচ্ছে। সার্বিকভাবে বলতে গেলে সরকার কিছু পদক্ষেপ নিলেও তা এখনও প্রতিরোধমূলক পর্যায়ে পর্যাপ্ত নয়।শতবে সুশাসন, শক্তিশালী নীতি ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
জনসচেতনতা ও রাজনৈতিক সদিচ্ছা: অর্থ পাচার রোধে অপরিহার্য শক্তি। বাংলাদেশে অর্থ পাচার এখন আর কোনো গোপন সমস্যা নয়; এটি প্রকাশ্য এবং ভয়াবহ এক সংকটে রূপ নিয়েছে। এই সংকট শুধু অর্থনীতির ভিত নড়বড়ে করছে না, সাধারণ মানুষের ভবিষ্যৎকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রয়োজন একটি জোরালো সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। যার দু‘টি মুখ্য ভিত্তি হলো জনসচেতনতা ও রাজনৈতিক সদিচ্ছা।
অর্থ পাচার রোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সাধারণ মানুষ বুঝলে এবং জাগলে পরিবর্তন সম্ভব। যারা কর দেয়, ঘাম ঝরিয়ে আয় করে, তারা যদি জানে তাদের কষ্টার্জিত টাকাই পাচার হয়ে যাচ্ছে, তাহলে তারা এর বিরুদ্ধে প্রশ্ন তুলবে, প্রতিবাদ করবে। তখন রাজনৈতিক দল বা সরকারও দায় নিতে বাধ্য হবে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের দায়িত্ব হলো অর্থ পাচারের মতো বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা করা, সচেতনতা তৈরি করা এবং দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলা।
তবে শুধু জনগণের সচেতনতা যথেষ্ট নয়, যদি না রাজনৈতিক নেতৃত্ব আন্তরিক হয়। দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় দেখা যায়, অর্থ পাচারের সঙ্গে ক্ষমতাবানদের যোগসাজশ থাকে। তদন্ত শুরুর পর তা থেমে যায়, বিচার হয় না, কিংবা অভিযুক্তদের রক্ষা করা হয়। তাই প্রয়োজন প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা—যেখানে দলমতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারকে দেখাতে হবে তারা সত্যিই এই অপরাধ রোধে আন্তরিক এবং তাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে একেবারে ‘জিরো টলারেন্স’।
রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রশাসনিক ব্যবস্থাগুলো শক্তিশালী করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদন্ত সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করতে পারলে অর্থ পাচার রোধ সহজ হয়। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা, বিদেশি সরকার ও ব্যাংকের সঙ্গে চুক্তি এবং তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াগুলোও সক্রিয় রাখতে হয়, যাতে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব হয়।
পরিশেষে বলা যায়, অর্থ পাচার বন্ধ করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতন নাগরিক হিসেবে আমাদের যেমন প্রশ্ন করতে হবে, তেমনি রাজনৈতিক নেতৃত্বকে দেখাতে হবে সাহস ও সততা। নয়তো আমরা শুধু অভিযোগ করেই যাব, অথচ আমাদের ঘর থেকেই লাখ লাখ ডলার চুপিসারে উড়ে যাবে অজানার পথে। আর সেই পথে হারাবে আমাদের স্বপ্ন, আমাদের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা।
অর্থ পাচার দেশের জন্য এক নীরব বিপর্যয়। এতে দেশের রাজস্ব হারায়, বিনিয়োগ কমে যায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে পড়ে, আর সাধারণ মানুষের কষ্ট বাড়ে। এই টাকার পাহাড় যদি দেশের ভেতরে থাকতো, তবে তা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো কিংবা কর্মসংস্থানে ব্যবহার হয়ে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারত। দুর্ভাগ্যজনকভাবে কিছু ক্ষমতাধর মানুষ দেশের আইনকে উপেক্ষা করে এই টাকা বিদেশে নিয়ে গেছে এবং এখনো নিয়ে যাচ্ছে। তাই এখন সময় এসেছে কঠোর আইন প্রয়োগ, জবাবদিহি নিশ্চিত করা, রাজনৈতিক সদিচ্ছা দেখানো এবং জনসচেতনতা গড়ে তোলার। না হলে দেশের অর্থনীতি দুর্বল হতে হতে এক সময় বড় সংকটে পড়ে যাবে, যার দায় শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বইতে হবে।

