দেশের শেয়ারবাজার টানা দরপতনের মধ্য দিয়ে যাচ্ছে। গত পাঁচ সপ্তাহ ধরে সূচক ও বাজার মূলধনের ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ। গেল সপ্তাহজুড়ে যতটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দাম কমেছে। এর ফলে সবকয়টি মূল্যসূচকের পতন হয়েছে এবং বড় অঙ্কে কমেছে বাজার মূলধন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, পাঁচ সপ্তাহের এই টানা দরপতনে বাজার মূলধনে কমেছে ২১ হাজার ৪২২ কোটি টাকা। এর মধ্যে শুধু গত সপ্তাহেই কমেছে ৪ হাজার ১২৫ কোটি টাকার বেশি। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মতিঝিলে রাস্তায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন একদল ক্ষুব্ধ বিনিয়োগকারী। বিক্ষোভ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদের অপসারণের দাবি জানানো হয়।
গত সপ্তাহের শুরুতে বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও সপ্তাহের মাঝামাঝি বড় ধরনের দরপতনের মুখে পড়ে বাজার। বিশেষ করে ভারত-পাকিস্তান সংঘাতের আশঙ্কা ছড়িয়ে পড়ায় বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক একদিনেই ১৪৯ পয়েন্ট কমে যায়। একইদিনে বাজার মূলধন কমে প্রায় ১০ হাজার কোটি টাকা। যদিও পরদিন বৃহস্পতিবার বাজারে বড় ধরনের উত্থান ঘটে এবং সূচক বেড়ে যায় ৯৯ পয়েন্ট। তবুও সপ্তাহ শেষে দেখা গেছে, দাম কমার তালিকায় প্রতিষ্ঠান সংখ্যাই বেশি।
ডিএসইর গত সপ্তাহের লেনদেন বিশ্লেষণে দেখা যায়, মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৩০টির দাম কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত থেকেছে। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি টাকা, যেখানে আগের সপ্তাহ শেষে তা ছিল ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি টাকা। ফলে বাজার মূলধনে সপ্তাহব্যাপী পতনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১২৫ কোটি টাকা, যা শতাংশের হিসাবে শূন্য দশমিক ৬৩ শতাংশ।
মূলধনের পাশাপাশি কমেছে প্রধান সূচকগুলোও। ডিএসইএক্স সূচক এক সপ্তাহে কমেছে ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ। ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক কমেছে ১৯ দশমিক ৯১ পয়েন্ট বা এক দশমিক ৮২ শতাংশ। আর ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক কমেছে ২ দশমিক ৪৩ পয়েন্ট।
তবে সূচক ও মূল্যমান কমলেও গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি বেড়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ১২ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৩৫২ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৩০ কোটি ৫৯ লাখ টাকা বা ৩৭ দশমিক শূন্য ৪ শতাংশ।
টাকার অঙ্কে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতিদিন গড়ে ৩৮ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৭ দশমিক ৯০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিচ হ্যাচারির শেয়ারে, যেখানে প্রতিদিন গড়ে ৩১ কোটি ৮৩ লাখ টাকা লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে ২৬ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছে।
এছাড়া শীর্ষ লেনদেনকারী ১০ কোম্পানির তালিকায় রয়েছে এনআরবি ব্যাংক, সিটি ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাভেলো আইসক্রিম, কেডিএস এক্সেসরিজ, উত্তরা ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।
বিশ্লেষকদের মতে, টানা দরপতনের পেছনে বাজারে আস্থা সংকট, অর্থনীতিতে অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিরতা কাজ করছে। বিনিয়োগকারীরা সুনির্দিষ্ট নীতিগত সহায়তা না পেলে বাজারে স্থিতিশীলতা ফিরবে না বলেও মত দিয়েছেন তারা।

