২০২৪ সালে অ-সার্বভৌম যৌথ অর্থায়নে রেকর্ড পরিমাণ ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। সংস্থাটির নিজস্ব বিনিয়োগ ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার থাকলেও, এই অর্থায়নের মাধ্যমে তারা মোট ১৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের যৌথ অর্থায়ন সম্পন্ন করেছে। এডিবি বলছে, এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং বেসরকারি খাতের অংশগ্রহণ আরও বাড়াতে এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, ২০২৪ সালে অ-সার্বভৌম যৌথ অর্থায়ন পদ্ধতিতে অর্থায়ন ব্যাপকহারে বেড়েছে। দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোয় যৌথ বিনিয়োগ ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে। পাশাপাশি বাণিজ্য অর্থায়ন, সরবরাহ শৃঙ্খলা ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অর্থায়ন বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। ২০২৩ সালের তুলনায় এসব খাতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা বাজারে শক্তিশালী চাহিদার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে থাইল্যান্ডে উপসাগরীয় সৌর ও ব্যাটারি শক্তি সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পে এডিবি সরাসরি ২৬০ মিলিয়ন ডলার এবং অংশীদারদের কাছ থেকে ৫২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে।
সরকারি প্রকল্প ও অবকাঠামো উন্নয়নের জন্য সার্বভৌম যৌথ অর্থায়নের মাধ্যমেও এডিবি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২০২৪ সালে এই খাতে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয় যা অবকাঠামো, জনসেবা এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকারগুলোকে সহায়তা করেছে। এই অর্থায়নের অর্ধেকই এসেছে বহুপাক্ষিক অংশীদারদের কাছ থেকে যারা ৪৩টি প্রকল্পে ৩ দশমিক ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। পাশাপাশি দ্বিপক্ষীয় অংশীদাররা ৩৫টি প্রকল্পে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার দিয়েছে।
মিলানে অনুষ্ঠিত এডিবির ৫৮তম বার্ষিক সভায় প্রকাশিত ‘অংশীদারত্ব প্রতিবেদন ২০২৪’-এ যৌথ অর্থায়নের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। এর মধ্যে ভারতের প্রাথমিক শিশু যত্ন ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন, মঙ্গোলিয়ার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও বিমা সমাধান এবং উজবেকিস্তানে বিদ্যুৎ খাত সংস্কার প্রকল্প উল্লেখযোগ্য।
এডিবির কৌশল, নীতি ও অংশীদারত্ব-বিষয়ক মহাপরিচালক জিনিং জিয়া এ প্রসঙ্গে বলেন, “সাহসী পদক্ষেপ, উদ্ভাবনী সমাধান ও শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে আমরা অগ্রগতি অব্যাহত রাখতে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যৌথভাবে আমরা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি শক্তিশালী ও স্থিতিশীল ভবিষ্যৎ নির্মাণ করছি।”
এডিবি মনে করে, দারিদ্র্য, পরিবেশগত অবক্ষয় এবং মৌলিক পরিষেবার সীমিত সুযোগের মতো জটিল সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ জরুরি। এই লক্ষ্যেই তারা বিভিন্ন ধরনের অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
২০২৪ সালে এডিবির প্রতি পাঁচটি প্রকল্পের মধ্যে দুটি যৌথভাবে অংশীদারদের সঙ্গে অর্থায়ন করা হয়েছে যা এডিবির উন্নয়ন কৌশলে অংশীদারিত্বের গুরুত্বকে স্পষ্ট করে। এ ক্ষেত্রে বিভিন্ন ট্রাস্ট তহবিলও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। জাপানের সহায়তায় পরিচালিত ‘সমৃদ্ধ ও স্থিতিশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ তহবিল ৩৩টি প্রকল্পে সহায়তা দিয়েছে। কোরিয়ার ‘ই-এশিয়া ও জ্ঞান অংশীদারত্ব তহবিল’ ১৭টি এবং ‘উচ্চ প্রযুক্তি তহবিল’ ১৪টি প্রকল্পে অবদান রেখেছে।
বেসরকারি খাতে উদ্ভাবন ও সবুজ প্রবৃদ্ধি জোরদারে এডিবি ভেঞ্চারস ইনভেস্টমেন্ট ফান্ড ১ এবং লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ২ থেকে ১৫টি প্রকল্পে প্রাথমিক ও দীর্ঘমেয়াদি অর্থায়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা উন্নয়ন তহবিলের সঙ্গে অংশীদারত্ব গড়ে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমে এডিবির সম্পৃক্ততা আরও বাড়ানো হয়েছে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫০টি দেশসহ মোট ৬৯টি দেশের সদস্য। সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনে মানসম্পন্ন অবকাঠামো নির্মাণ, জীবনমানের উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে উদ্ভাবনী আর্থিক পদ্ধতি ও অংশীদারিত্বমূলক কৌশল গ্রহণ করে আসছে।

