ব্যাংক পরিচালকদের ঋণগ্রহণ সীমিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা ও স্বার্থসংশ্লিষ্ট অনিয়ম রোধে এই নীতিমালা কার্যকর করা হয়েছে। এর আওতায় পরিচালক ও তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান এমনকি বেনামি বা সুবিধাভোগী ঋণও নিয়ন্ত্রণে রাখা হবে।
নতুন বিধিনিষেধ অনুযায়ী, কোনো ব্যাংকের পরিচালক নিজ ব্যাংক থেকে তার পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি ঋণ নিতে পারবেন না। এক কোটি টাকার বেশি ঋণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি আবশ্যক। এ নিয়মের ফলে পরিচালকদের নামের বাইরে নেওয়া বেনামি ঋণ হিসাবের আওতায় আসবে যার মাধ্যমে এ ধরনের ঋণ কমে আসবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
আরও বলা হয়েছে, কোনো ব্যাংক তার টিয়ার-১ মূলধনের ১০ শতাংশের বেশি ঋণ এককভাবে বা সম্মিলিতভাবে কোনো পরিচালক কিংবা তাঁর সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে পারবে না। যদি এ সীমা অতিক্রম করে তাহলে তাৎক্ষণিকভাবে ব্যাংকটির পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে এবং সেই সঙ্গে একটি সংশোধনমূলক কর্মপরিকল্পনাও দাখিল করতে হবে। এ সীমা ছাড়িয়ে যাওয়া ঋণ বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এ ধরনের কোনো ঋণ পরবর্তী সময়ে নবায়ন বা পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সুস্পষ্ট অনুমতি বাধ্যতামূলক থাকবে।
পরিচালকদের প্রত্যক্ষ ঋণ ৫০ লাখ টাকার বেশি অথবা প্রত্যক্ষ ও পরোক্ষ মিলে এক কোটি টাকার বেশি হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে। এ ধরনের ঋণ নবায়ন, শর্ত পরিবর্তন বা জামানতের সমন্বয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এসব আবেদন জমা দিতে হবে বিদ্যমান ঋণ সুবিধার মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে সাত কার্যদিবস আগে। আবেদনপত্রের সঙ্গে সিআইবি রিপোর্ট, ব্যাংক পর্ষদের অনুমোদন এবং ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্য আচরণের প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সম্পর্কেও নীতিমালায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো ব্যাংক তাঁদের বা তাঁদের নিয়ন্ত্রণাধীন কিংবা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানকে জামানতবিহীন ঋণ বা অগ্রিম দিতে পারবে না। কারণ, তাঁরা চুক্তিভিত্তিক কর্মকর্তা এবং কর্মচারী ঋণ সুবিধার আওতায় পড়েন না। তবে বিদেশি ব্যাংকের স্থানীয় প্রধানেরা তাঁদের প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুসরণ করতে পারবেন।
ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত জারি করা হয়েছে। সাধারণ গ্রাহকদের শর্তে সিইও বা এমডির নামে ক্রেডিট কার্ড ইস্যু করা গেলেও, তা ইস্যুর কমপক্ষে সাত কার্যদিবস আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এছাড়া তাঁদের বা তাঁদের সহযোগীদের কোনো আসল অর্থ কিংবা স্বীকৃত আয় যেমন সুদ বা মুনাফা মওকুফ করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরিচালকদের সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা গৃহীত প্রত্যক্ষ বা পরোক্ষ ঋণের হিসাব প্রতি মাসে নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। আগামী সেপ্টেম্বর থেকে এই হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা কার্যকর হবে।
এই পদক্ষেপের ফলে স্বার্থসংশ্লিষ্ট ঋণপ্রদান ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে ব্যাংক পরিচালনায় জবাবদিহি ও নিয়ন্ত্রণ বাড়বে যা সামগ্রিকভাবে দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

